
‘দ্রুম’ করে একটা শব্দ হলো কাছেপিঠে কোথাও। শেষবেলায় খারাপ কিছু নয় তো? আকাশের দিকে তাকাতেই ধাঁধিয়ে গেল চোখ। রঙিন আলোর ফুলঝুরিতে ঝলমলিয়ে উঠেছে কানের রাতের আকাশ। একের পর এক আলোকরশ্মি সশব্দে উঠে যাচ্ছে ওপরের দিকে। তারপর ভেঙে পড়ছে আলোর কণা হয়ে। বোমা নয়, আতশবাজি! উপলক্ষ—৭০তম কান উৎসবের সমাপনী। সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলান্ড তখনো আছেন প্যালে দো ফ্যাস্তিভালেই। এই আতশবাজির শোভা তিনিও নিশ্চয়ই তাকিয়ে দেখছেন! তাঁর মনের ভেতরে যে এখন কেবলই খুশি আর আলোর ফুলঝুরি।
২৮ মে কান সময় রাত প্রায় ১১টা। ঘণ্টা দুই আগে ইতিহাসের অংশ হয়ে গেছেন সুইডেনের এই নির্মাতা। মাইকেল হানেকের (হ্যাপি এন্ড) মতো কিংবদন্তি নির্মাতাকে টপকে, রবিন কামপিলো (ওয়ান টোয়েন্টি বিটস পার মিনিট) আর আন্দ্রে জ্ভুয়াগিনৎসেভ (লাভলেস) মতো কঠিন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে স্বর্ণপাম জিতেছে তাঁর ছবি দ্য স্কয়ার।

বিজয়ীর নাম রুবেন
‘মাইকেল হানেকে আমার অনেক পছন্দের ও শ্রদ্ধার নির্মাতা। কিন্তু তার মানে এই নয় যে হানেকের সঙ্গে পুরস্কার ভাগাভাগি করতে চাইব আমি। না, না, এটা শুধুই আমার।’ বলেই রুবেন ওস্টলান্ড ঝট করে পাশে রাখা স্বর্ণপাম পুরস্কারটা ধরলেন আরেকবার। যেন ওটা ছিনিয়ে নিয়ে যাবে কেউ। খানিক দূরে বসে চুপচাপ রুবেনকে দেখছি। একটু আগে শেষ হয়েছে ৭০তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠান। পাম দ’র হাতে করেই নিয়মমাফিক রুবেন এসেছেন সাংবাদিকদের মুখোমুখি হতে। আধুনিক চিত্রকলাবিষয়ক জাদুঘরের একজন কিউরেটরকে নিয়ে দ্য স্কয়ার ছবির গল্প। গভীর ভাবনা, তীব্র ব্যঙ্গ আর অভাবনীয় ঠাট্টা-রসিকতা মিলিয়ে রুবেন ঠিক যেন তাঁর ছবির মতোই একজন।
ফোর্সে মাজুর (স্নো থেরাপি) ছবি দিয়ে সবে বছর তিনেক হলো তাঁর খানিক নামধাম হয়েছে আন্তর্জাতিক ছবির দুনিয়ায়। স্নো থেরাপি ২০১৪ সালে জুরি পুরস্কার জিতেছিল কান চলচ্চিত্র উৎসবের আন সারতেন রিগার্দ বিভাগে। এবার সম্ভাব্য পাম দ’র বিজয়ী হিসেবে তাঁর ছবির নাম ভেবেছেন—এ রকম মানুষের সংখ্যা হাতে গোনা। ওয়ান টোয়েন্টি বিটস পার মিনিট, লাভলেস, হ্যাপি এন্ড, দ্য কিলিং অব অা সেকরেড ডিয়ার-এর মতো ছবিগুলো ঘিরেই ছিল সম্ভাব্য স্বর্ণপাম বিজয়ীদের নাম। শেষ দিনে তাই বড় ধরনের চমকই অপেক্ষা করছিল সিনেমা দুনিয়ার জন্য। জুরি প্রেসিডেন্ট পেদ্রো আলমোদোভার আর তাঁর সঙ্গীরা আবারও প্রমাণ করলেন পাম দ’র বা স্বর্ণপাম নিয়ে আগেভাগে ভবিষ্যদ্বাণী না করাই শ্রেয়।