স্বর্ণপামের খেলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেবীর সোনালি ডানায় ঝিলিক দিচ্ছে রোদ। তাঁর হাতে স্বর্ণপাম। পামের পাতা তিনি ধরে রেখেছেন উঁচু করে। মনে হবে যেন কারও হাতে তুলে দেওয়ার ভঙ্গি। স্বর্ণপাম সমর্পণ করেই ডানা ঝাপটে দেবী বুঝি আবার উড়াল দেবেন স্বর্গের পথে।
প্রতিদিন যাওয়া-আসার পথে কার্লটন হোটেলের সামনের এই সোনালি দেবীমূর্তি দেখি। স্বর্ণপাম বিজয়ীর নাম ঘোষণার দিন যতই ঘনিয়ে আসছে, এই দেবীমূর্তির দিকে ততই চোখ যাচ্ছে বেশি বেশি।

.
.

দক্ষিণ ফরাসি সমুদ্র উপকূলের কান শহরে বিশ্বচলচ্চিত্রের মহা মিলনমেলায় জমে উঠেছে শ্রেষ্ঠত্বের লড়াই। সে লড়াইয়ের সবচেয়ে বড় পুরস্কার পাম দ’র বা সোজা বাংলায় স্বর্ণপাম। কার হাতে সেটি উঠবে, তা ফয়সালার দিন ঘনিয়ে এল বলে।
মার্কিন মুলুকের বড় পুরস্কার অস্কারে বা গোল্ডেন গ্লোবে আগেভাগেই বেশ খানিকটা অনুমান করা চলে। কিন্তু ইউরোপে বিশ্ব-সিনেমার বৃহত্তম আসরে স্বর্ণপাম বিজয়ীর নাম অনুমান করা বেশ শক্ত। তাই বলে স্বর্ণপাম যাচ্ছে কার হাতে, সেটি নিয়ে আলোচনার ঝড় থেমে থাকবে কেন?
রহস্যময় লবস্টার
গ্রিক পরিচালক ইয়রগোস লানথিমোসের দ্য লবস্টার ছবিটিকে মনে করা হচ্ছে এবারের প্রতিযোগিতা বিভাগে থাকা ছবিগুলোর মধ্যে সবচেয়ে ‘রহস্যময়’। অদূর ভবিষ্যতের এক রহস্যময় পটভূমিতে তৈরি তারকাবহুল এই ছবি। এখানে একাকী মানুষদের গ্রেপ্তার করে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। তাদের বাধ্য করা হয় সঙ্গী খুঁজে নিতে। ব্যর্থ হলে তাদের পরিণত করা হয় বন্য পশুতে। কলিন ফেরেল, লিয়া সেদু, র্যা চেল ভাইস, জন সি রেইলি অভিনীত এই ছবি তারকাগুণেও গুণান্বিত।

প্রথম সপ্তাহের শেষে দর্শক-সমালোচকদের মুখে মূলত এই ছবিগুলোই ছিল আলোচিত ও প্রশংসিত। গাস ভ্যান সান্টের সি অব ট্রিজ হতাশ করেছে সমালোচকদের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবগুণ্ঠন খোলার অপেক্ষায় আছে মারিয়োঁ কোতিয়ার ও মাইকেল ফাসবিন্ডার অভিনীত ম্যাকবেথ। প্রদর্শিত হতে বাকি আছে জাক অদিয়ারের ছবি ধিপান ও। এক তামিল গেরিলাকে নিয়ে ফরাসি নির্মাতার এই ছবির গল্প। পাম দ’রের দৌড়ে শামিল হয়েছেন ইতালীয় ‘গ্রেট’ নান্নি মোরেত্তিও। তাঁর ছবি মিয়া মাদরে (মাই মাদার ) প্রদর্শিত হয়েছে প্রতিযোগিতা বিভাগে। পাওলো সররেন্তিনোর ইয়ুথ ছবিটিও ছিনিয়ে নিতে পারে স্বর্ণপাম।
সবকিছুর অবসান ঘটবে শুধু তখনই, যখন বিচারকের আসনে বসে মুখ খুলবেন ইথান ও জোয়েল কোয়েন। বাইরে থেকে যতই ঝড়ঝাপটা আসুক, এই দুই ভাই এবং তাঁদের সঙ্গী বিচারকেরা যে মোটেই টলবেন না, সেটা বেশ আন্দাজ করা যাচ্ছে।

আশ্চর্য এক রূপকথা

টেল অব টেলস
টেল অব টেলস

রূপকথা মানেই আশ্চর্য ও অবিশ্বাস্য সব ব্যাপার। কিন্তু রূপকথা আবার আলাদা করে আশ্চর্যজনক হওয়ারই বা কী আছে? কিন্তু ইতালির চিত্র পরিচালক মাত্তেও গাররোনের ইল রাক্কন্তো দেই রাক্কন্তি (টেল অব টেলস) সত্যি সত্যি এক আশ্চর্য রূপকথার নাম। গোমরাহ ছবিটি করে খ্যাতিমান এই পরিচালক টেল অব টেলস-এ তৈরি করেছেন বিচিত্র এক রূপকথার দুনিয়া। যে দুনিয়ায় সাগর-দানবের হৃৎপিণ্ড ভক্ষণ করে রানি (সালমা হায়েক) গর্ভবতী হন, রূপবতী তরুণী চোখের নিমেষে হয়ে যান লোলচর্ম বৃদ্ধা, পাহাড়ি এক দৈত্য এসে বিয়ে করে নিয়ে যায় রাজকুমারীকে কিংবা ঘুমন্ত সাগর-দানবকে খুন করতে গিয়ে তার লেজের আঘাতে রাজা হন নিহত। মাত্তেও গাররোনের এই রূপকথা একই সঙ্গে রাজসিক ও ভীতিকর। একাধারে রক্ত ঠান্ডা করে দেওয়ার মতো ভয়ংকর ও বিচিত্র।
উৎসবের শুরুর দিনেই সালে দিবুসি হলে ছবিটির প্রথম প্রদর্শনী দেখতে হাজির হয়েছি। সবার আগে এই ছবিটি দেখতে যাওয়ায় এমনকি সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখাও প্রায় ফসকে গেছে। তাতে দুঃখ নেই একরত্তি।
স্বাভাবিকভাবেই স্বর্ণপামের দৌড়ে এগিয়ে আছে সালমা হায়েক ও জন সি রেইলি অভিনীত এই ছবি।

সাউলের পুত্র

সাউল ফিয়া
সাউল ফিয়া

সাউল ফিয়া (সন অব সাউল) ১৯৪৪ সালের নাৎসিদের এক নির্যাতন-শিবিরের গল্প। সেখানে সাউল আছে ইহুদি বন্দীদের মধ্যে। সাউলের সামনেই একদিন গলাটিপে হত্যা করা হয় এক নিরীহ বালককে। এরপর থেকে সাউলের মনে হতে থাকে ওই বালকটি ছিল আসলে তারই ছেলে। ময়নাতদন্তের কাটাছেঁড়ার হাত থেকে বাঁচিয়ে ‘ছেলে’কে দাফন করার এক কঠিন সংগ্রামে নামে সাউল।
হাঙ্গেরির নির্মাতা লাসলো নেমেসের এই ছবি এরই মধ্যে সাড়া ফেলেছে ব্যতিক্রমী চিত্রায়ণ ও শক্তিশালী গল্পের জোরে।

বিতর্কিত রোমাঞ্চ

ক্যারল
ক্যারল

এলিজাবেথ থেকে সিন্ডারেলা পর্যন্ত কেট ব্ল্যানচেটকে এর আগে যাঁরা নানা রূপে দেখেছেন, তাঁদের জন্য ক্যারল এক নতুন অভিজ্ঞতা। প্রথমবারের মতো বিতর্কিত রোমাঞ্চ নিয়ে কান উৎসবের মঞ্চে দেখা দিলেন দুবারের অস্কারজয়ী এই অভিনেত্রী। এর আগে তিনি নোটস অন আ স্ক্যান্ডাল ছবির সমপ্রেমের জটিল কাহিনিতে অভিনয় করেছিলেন। কিন্তু এ ছবির তীব্রতা সেটিকে অনেক দূর ছাড়িয়ে গেছে। ১৯৫০-এর দশকের পটভূমিতে তৈরি এই ছবিতে কেটের চরিত্রটি সম্ভ্রান্ত এক নারীর। নারীটি তাঁর চেয়ে কম বয়সী এক মেয়ের সঙ্গে জটিল সম্পর্কে জড়িয়ে পড়েন।
টড হেনেসের ছবি ক্যারল প্রথম প্রদর্শনীতেই তুমুল সাড়া ফেলেছে। গার্ডিয়ান থেকে ভ্যারাইটি—সব পত্রিকাতেই প্রশংসা এই ছবির। এমনকি শুরু হয়ে গেছে কেট ব্ল্যানচেটের আরেকটি অস্কারের হিসাব-নিকাশও। দেখা যাক বিচারকেরা কী বলেন।