
ভাঙল কান চলচ্চিত্র উৎসব নামের মিলনমেলা। তার আগে দিয়ে গেল চমক। গড়ে গেল ইতিহাস। স্বর্ণপাম জিতে নিয়েছে দ্য স্কয়ার। বার্ষিকী পুরস্কার জিতে নিয়েছেন নিকোল কিডম্যান। ৫৬ বছর পর প্রথম নারী হিসেবে সেরা নির্মাতার পুরস্কার পেয়েছন যুক্তরাষ্ট্রের সোফিয়া কপোলা।
ফ্রান্সের কান শহরে প্রতিবারের মতো এবারও বসেছিল সিনেমার মিলনমেলা। কান চলচ্চিত্র উৎসবের ৭০তম আসর। শুরু হয় ১৭ মে। শেষ হয় ২৮ মে।
বহু আশা জাগিয়েও শেষ পর্যন্ত স্বর্ণপাম (পাম’দ) অধরা থেকে গেল রাশিয়ার নির্মাতা আন্দ্রেই জিগনাতসিয়েভের কাছে। শেষ বেলায় সবাইকে টপকে স্বর্ণপাম ঘরে তুললেন সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলান্ড। তাঁর ছবি দ্য স্কয়ার জিতেছে কান উৎসবের সবচেয়ে বড় এই পুরস্কার।
দ্বিতীয় সেরা হিসেবে বিবেচিত গ্রাঁ প্রি নিয়েই খুশি থাকতে হয়েছে আরেক প্রশংসিত ছবি বিপিএম (বিটস পার মিনিট) এর নির্মাতা রবিন কাম্পিলোকে। স্বর্ণপামের অন্যতম দাবিদার ছিলেন রাশিয়ার আন্দ্রেই জিগনাতসিয়েভ। তাঁর ছবি লাভলেস জিতেছে জুরি পুরস্কার।
দ্য বিগাইল্ড ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কপোলা। এর আগে ১৯৬১ সালে সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন রাশিয়ার ইউলিয়া সলনৎসভা। তাঁর ছবির নাম দ্য স্টোরি অব দ্য ফ্লেমিং ইয়ারস । এবং তিনিই ছিলেন কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া প্রথম নারী পরিচালক।
এবারের উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডায়ান ক্রুগার। ফাতিহ আকিনের ইন দ্য ফেড ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে এই পুরস্কার। ইউ অয়্যার রিয়েলি নেভার হিয়ার ছবিতে অভিনয়ের জন্য্ সেরা অভিনেতা হয়েছেন জোয়াকিম ফিনিক্স। আর আসরের বিশেষ জুরি পুরস্কার জিতেছেন নিকোল কিডম্যান।
সেরা চিত্রনাট্যের পুরস্কার ভাগাভাগি করেছন ইয়োরগোস লানথিমোস (আ কিলিং অব আ সেকরেড ডিয়ার) ও লিন রামসের (ইউ অয়্যার রিয়েলি নেভার হিয়ার)।
স্বল্পদৈর্ঘ্য ছবির বিভাগে স্বর্ণ পাম জিতেছে কিউ ইয়েং পরিচালিত চীনা ছবি আ জেন্টল নাইট। এই সিনেমার গল্প রচিত হয়েছে হারানো মেয়ের খোঁজে নামা এক মাকে নিয়ে।
কান উৎসবের প্রতিযোগিতা বিভাগের পর সম্মানজনক বিভাগ হচ্ছে আঁ সার্তেন রিগার্দ (অন্য দৃষ্টিকোণ)। এবারের উৎসবে এ বিভাগ থেকে সেরা ছবির পুরস্কার পেয়েছে আ ম্যান অব ইন্টেগ্রিটি। ছবিটির পরিচালক ইরানি নির্মাতা মোহাম্মদ রাসৌলফ। হলিউড অভিনেত্রী উমা থারম্যান এ বিভাগের প্রধান বিচারক ছিলেন। তিনি বলেন, আ ম্যান অব ইন্টেগ্রিটি ছবিটিকে পুরস্কার দিতে পেরে জুরিবোর্ড গর্বিত। রাসৌলফের এই ছবি নান্দনিকভাবে ব্যতিক্রম।
এক নজরে বিজয়ীরা
পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগ—
পাম দ’র: দ্য স্কয়ার (রুবেন ওস্টলান্ড, সুইডেন)
৭০তম বার্ষিকী পুরস্কার: নিকোল কিডম্যান
গ্রাঁ প্রি: ওয়ান টোয়েন্টি বিটস পার মিনিট (রবিন কামপিলো, ফ্রান্স)
সেরা নির্মাতা: সোফিয়া কপোলা (দ্য বিগাইল্ড, যুক্তরাষ্ট্র)
সেরা অভিনেত্রী: ডায়ান ক্রুগার (ইন দ্য ফেড, জার্মানি)
সেরা অভিনেতা: জোয়াকিম ফিনিক্স (ইউ অয়্যার রিয়েলি নেভার
হিয়ার, যুক্তরাষ্ট্র)
জুরি পুরস্কার: লাভলেস (আন্দ্রেই জ্ভুয়াগিনৎসেভ, রাশিয়া)
সেরা চিত্রনাট্য: ইয়োরগোস লানথিমোস ও এফথিমস ফিলিপো
(দ্য কিলিং অব আ সেকরেড ডিয়ার, গ্রিস) এবং লিন রামস (ইউ অয়্যার রিয়েলি নেভার হিয়ার, যুক্তরাষ্ট্র)
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ—
পাম দ’র: আ জেনটেল নাইট (চিউ ইয়া, চীন)
সম্মানসূচক পুরস্কার: দ্য সিলিং (তেপ্পো আইরাকসিনেন, ফিনল্যান্ড)
ক্যামেরা দ’র: জুন ফেমে (লেওনর সেররেল, ফ্রান্স, আঁ সার্তেন রিগার্দ বিভাগ থেকে)