ডিসেম্বরে ঢাকায় শুরু হচ্ছে আট দিনের আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সব। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে উত্সবের ১৪তম এ আসরে ১০৮টি দেশ থেকে জমা পড়েছিল ২ হাজার ৫৬৭টি চলচ্চিত্র। সেসব থেকে বাছাই করা পাঁচ শতাধিক চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হবে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উত্সব কমিটির চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ। তিনি বলেন, ‘গত ২৮ বছরে সব থেকে বেশি ছবি জমা পড়েছে। উৎসব চলাকালীন প্রচুর লোকসমাগম হয়। দেশের এই পরিস্থিতির জন্য এটা জরুরি।’ বক্তব্য দেন শর্টফিল্ম ফোরামের সভাপতি জাকির হোসেন রাজু, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন অটন, উত্সব পরিচালক সৈয়দ ইমরান হোসেন প্রমুখ। তাঁরা জানান, উৎসবের ছবিগুলো রাজশাহী ও পরে খুলনায় প্রদর্শনীর চেষ্টা চলছে।
অস্কার, কান, সানড্যান্স, টিফ, ওবারহাওজেন, বার্লিন, লোকারনো, বুসানসহ আন্তর্জাতিকভাবে সমাদৃত সব উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দেখানো হবে ঢাকার এ উৎসবে। আলমগীর কবির মেমোরিয়াল লেকচার দেবেন চীনের চলচ্চিত্রকার শি ফি, ছবি বানানোর কলাকৌশলের ওপর ক্লাস নেবেন ভেনেজুয়েলার আতায়ুয়ালপা লিসি ও ইন্দোনেশিয়ার গারিন নুগ্রহের। সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন জাকির হোসেন রাজু। রেট্রোস্পেকটিভে দেখানো হবে গারিন নুগ্রহের পাঁচটি ছবি।