স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আসছেন ১০ জন অতিথি
‘মুক্ত চলচ্চিত্র মুক্ত প্রকাশ’ স্লোগান নিয়ে শুরু হলো ১২তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। উৎসবের পরিচালক এন রাশেদ চৌধুরী জানান, এ উৎসবে যোগ দিতে ঢাকায় আসছেন ফিলিপাইনের নেস্টর জার্ডিন; ফ্রান্সের আরনন্ড মান্দাগ্যারেন; নেপালের কনকমণি দীক্ষিত ও রাজেশ গঙ্গাজু; যুক্তরাজ্যের আফারিন ইকবাল; রাশিয়ার আইনুর আশকারভ; ভারতের সোহিনী ঘোষ, অম্লান দত্ত, দীক্ষা শর্মা ও সুপ্রিয় সেন।সপ্তাহব্যাপী এ উৎসবে ৩০টি দেশের দুই শতাধিক নির্মাতার ছবি প্রদর্শন করা হচ্ছে। ছবিগুলোর প্রদর্শনী হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন বেলা ১১টা, তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।এন রাশেদ চৌধুরী বলেন, ‘বিশ্বের স্বাধীন ধারার চলচ্চিত্র এবং এই চলচ্চিত্রের ব্যাপারে নির্মাতা ও দর্শকদের ধারণা দেওয়ার জন্য বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম ২৪ বছর ধরে এই উৎসবের আয়োজন করছে।’ তিনি আরও জানান, এবার উৎসবে থাকছে আলমগীর কবির স্মারক বক্তৃতা, জাতীয় সেমিনার, কর্মশালা, তারেক মাসুদ শ্রদ্ধাঞ্জলি ও চলচ্চিত্র প্রদর্শনী, বুরুন্ডির ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ‘ফোকাস অন আফ্রিকা’, ফরাসি চলচ্চিত্রনির্মাতা ক্রিস মার্কারের চলচ্চিত্র নিয়ে রেট্রোস্পেকটিভসহ নানা কিছু।