স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে মৌসুমী হামিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় লিঙ্গ ছবির দৃশ্যে মৌসুমী হামিদ
দ্বিতীয় লিঙ্গ ছবির দৃশ্যে মৌসুমী হামিদ

যৌনকর্মীর পেশা কেন গ্রহণ করা হচ্ছে আর এরপর কী ঘটছে—এমন বিষয় নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্বিতীয় লিঙ্গ। এতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘নাবিলা’। পরিচালক অনিরুদ্ধ রাসেলের ভাষায়, পরিস্থিতির শিকার হয়ে অন্ধকার জগতে পা বাড়ায় নাবিলা।
বাণিজ্যিক ছবিতে এখন নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ। এবার তিনি অভিনয় করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। দ্বিতীয় লিঙ্গ ছবি নিয়ে তিনি বললেন, ‘চরিত্রটি চ্যালেঞ্জিং। এই চরিত্রের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার একটা ব্যাপার আছে।’
আর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়? মৌসুমী হামিদ বলেন, ‘কাজ তো কাজই। আমি অভিনয় করি। যেকোনো ভালো গল্পের কাজ পেলে অবশ্যই করব। আর দ্বিতীয় লিঙ্গ চলচ্চিত্রের গল্প শোনার পর কাজটি করার জন্য রাজি হয়ে যাই।’
১৯ জানুয়ারি থেকে উত্তরায় ছবিটির শুটিং শুরু হয়েছে। অনিরুদ্ধ রাসেল জানান, ছবির কাজ এই সপ্তাহেও চলবে।
এই পরিচালক জানান, ছবিটি কোনো প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে না। গ্রামের মানুষের মাঝে সচেতনতা তৈরির জন্য প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে।
দ্বিতীয় লিঙ্গ ছবিতে আরও অভিনয় করছেন আবদুল্লাহ আল-মামুন, নাজনীন চুমকি, রুমানা স্বর্ণা প্রমুখ।