‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’ এই স্লোগানে মুগ্ধ কয়েকজন তরুণের উদ্যোগে দুই যুগ আগে শুরু হয়েছিল আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। সেই তরুণদের সবারই বয়স বেড়েছে, আবার তারেক মাসুদের মতো কেউ কেউ চলেও গেছেন এই পৃথিবী ছেড়ে। তবে গতকাল বৃহস্পতিবার উৎসবের দ্বাদশতম আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বোঝা গেল ‘বিশ্ববীণারবে বিশ্বজন’কে মোহিত করার যে প্রত্যয় নিয়ে উৎসব শুরু হয়েছিল, তা ব্যর্থ হয়নি। কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে আনন্দধ্বনি পরিবেশিত জাতীয় সংগীতের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমপর্বের সূচনা করেন। এরপর পরিবেশন করা হয় উৎসব সংগীত ‘বিশ্ববীণারবে বিশ্বজন মোহিছে’। এ সময় উৎসবের বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চেয়ারম্যান হাসনাত আবদুল হাই, ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ, শর্ট ফিল্ম ফোরামের সভাপতি মোরশেদুল ইসলাম, উৎসব পরিচালক এন রাশেদ চৌধুরীসহ দেশ-বিদেশের অতিথিরা মিলে উৎসবের প্রতীক (লোগো) ও বেলুন উড়িয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটান।কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২৪ বছরে ১২ বার উৎসব আয়োজন করে তাঁরা তাঁদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে প্রতিবারই তাঁদের উৎসবের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সংকটে পড়তে হয়। তিনি এরপর আয়োজকেরা যেন নিজেদের অর্থেই উৎসব আয়োজন করতে পারে, এ ব্যাপারে সরকার সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে তিনি গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন সংস্কারের ব্যাপারেও অঙ্গীকার করেন।হাসনাত আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় হাসানুল হক ইনু, মোরশেদুল ইসলাম ও এন রাশেদ চৌধুরী বক্তব্য দেন। এবারের উৎসব চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। এবারের উৎসবে ১০০-এর বেশি বাংলাদেশি ছবিসহ প্রায় ৩০০ ছবি প্রদর্শিত হবে। এবারই উৎসবে রয়েছে একটি বিশেষ কর্মশালা, যাতে নিবন্ধিত হয়ে অংশগ্রহণের মাধ্যমে আমাদের চলচ্চিত্রনির্মাতারা জানতে পারবেন কীভাবে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান সংগ্রহের আবেদন করা যাবে। বরাবরের মতো এবারও রয়েছে আলমগীর কবীর স্মারক বক্তৃতা এবং এবার এ বক্তৃতায় ফিলিপিনো চলচ্চিত্রে নবজাগরণের জনক বলে পরিচিত নেস্টর জার্ডিন ‘এশীয় মুক্ত চলচ্চিত্রের সাম্প্রতিক প্রবণতা’ নিয়ে আলোচনা করবেন।উৎসবের দ্বিতীয় দিন আজ গণগ্রন্থাগারে বেলা ১১টা, বেলা তিনটা ও বিকেল পাঁচটায় এবং জাতীয় জাদুঘরে বেলা ১১টা ও বেলা তিনটায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় সংগঠনের বিজয় উৎসব‘রক্তে রাঙা বিজয় আমার-২০১২’ শীর্ষক তিন দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক নয়টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলো হলো: স্লোগান ৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, প্রভাতফেরি, বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি, সাংস্কৃতিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি ও ব্যাকবেঞ্চারস। আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি চত্বরে (ভিসি চত্বর) অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ১৫ ও ১৬ ডিসেম্বরও দিনব্যাপী অনুষ্ঠানমালা চলবে।শিল্পকলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানশহীদ বুদ্ধিজীবী দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।আলোচনা শেষে পরিবেশিত হবে নৃত্যনাট্য ‘যত দিন রবে পদ্মা-মেঘনা’।ঢাকা আর্ট সেন্টারে ‘জার্নি অব আলী আকবর’ঢাকা আর্ট সেন্টারের গ্যালারিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশের চিত্রশিল্পী আলী আকবরের সাম্প্রতিক চিত্রকর্ম নিয়ে ‘জার্নি অব আলী আকবর’ শিরোনামে একক চিত্র প্রদর্শনী হতে যাচ্ছে। আজ বিকেলে শিল্পীর এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রামেন্দু মজুমদার। স্থপতি ও শিল্পসমালোচক সামসুল ওয়ারেস এবং শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ শিল্পীর চিত্রকর্ম নিয়ে আলোচনা করবেন।