স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরির জন্য অনুদান পাচ্ছেন পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচজন নির্মাতাকে স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরির জন্য অনুদান দিচ্ছে তথ্য মন্ত্রণালয়। অনুদান হিসেবে প্রত্যেককে দেওয়া হচ্ছে নগদ ১০ লাখ টাকা করে এবং এফডিসি থেকে দুই লাখ টাকা মূল্যের সুবিধা। এরই মধ্যে পাঁচজন নির্মাতাকে চূড়ান্ত করা হয়েছে। তাঁরা হলেন—সারোয়ার তমিজউদ্দিন (আজো চিঠি আসে), বাহারউদ্দিন (ফ্ল্যাশব্যাক ’৭১), সারোয়ার জাহান (অপেক্ষা), তথ্যচিত্রে ফরিদ আহমদ (ধনধান্য পুষ্পভরা) এবং শিশুতোষ চলচ্চিত্রে আশরাফ শিশির (গাড়িওয়ালা)। তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন অর রশীদ জানান, এবার স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণের ক্ষেত্রে অনেক নিয়ম শিথিল করা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য ছবির জন্য ৩৫ থেকে ৫৫ মিনিট সময় বলা হলেও নির্মাতারা নিজেদের পছন্দমতো তা কম বা বেশি করতে পারবেন। ছবি নির্মাণের জন্য যেকোনো প্রযুক্তি ব্যবহার করা যাবে। হারুন অর রশীদ বলেন, ‘আমরা ৪৭টি প্রস্তাব পেয়েছি। সেখান থেকে পাঁচজন নির্মাতাকে চূড়ান্ত করা হয়েছে। তরুণ নির্মাতাদের উৎসাহ দেওয়ার দিকটি এবার আমরা বিশেষভাবে বিবেচনা করেছি।’