স্বল্পদৈর্ঘ্যে সম্পর্কের টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেমানুষী স্বল্পদৈর্ঘ্যের একটি চরিত্রে নন্দিতা বৈষ্ণব
ছেলেমানুষী স্বল্পদৈর্ঘ্যের একটি চরিত্রে নন্দিতা বৈষ্ণব

গুজব থেকে গৃহদাহ শুধুই এখনকার ঘটনা? এই উপমহাদেশে সনাতন ধর্মাবলম্বী ও মুসলমানের সম্পর্কের টানাপোড়েন সেই গত শতকের ১৯৪৬ থেকে। এ নিয়ে লেখা হয়েছে বহু গল্প-উপন্যাস। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সে রকম এক ছোটগল্প ‘ছেলেমানুষী’র ছায়ায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ছেলেমানুষী।

সংকটপূর্ণ একটি বিষয়কে উপজীব্য করে জীবনের প্রথম ছবিটি পরিচালনা করেছেন নবীন চলচ্চিত্রকার সাকী ফারজানা। জানালেন, এরই মধ্যে বেশ কবার ঘটেছে সংখ্যালঘুর ঘরে আগুন দেওয়ার ঘটনা। সম্প্রতি রংপুরে এমন ঘটনা ঘটেছে। হিন্দু-মুসলমানের সম্পর্কের টানাপোড়েন যেন কাটছেই না। কেন তিনি বেছে নিলেন এমন গল্প?
‘বছরের পর বছর একসঙ্গে বাস করলেও সম্পর্কের মধ্যকার সীমানা অতিক্রম করতে পারছে না দুটি সম্প্রদায়। এ সংকট এখনো প্রাসঙ্গিক। বিষয়টি যেকোনো সচেতন মানুষকে ভাবাবে। সেই ভাবনা থেকে বানিয়েছি চিত্রনাট্য।’ চলতি মাসেই রাজশাহীর কয়েকটি জায়গায় ছবির শুটিং করেছেন তাঁরা। চলছে সম্পাদনার কাজ। তাঁদের পরিকল্পনা জানুয়ারিতে উদ্বোধনী প্রদর্শনী করা। পরে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছবিটি দেখানো, ভাবনাটি ছড়িয়ে দেওয়া। তরুণেরা যেন সংকট নিরসনে নতুন করে ভাবতে পারেন। ফেব্রুয়ারি থেকে কয়েকটি চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য এই ছবি পাঠানোর ইচ্ছা তাঁদের।
ভ্যানগগ ক্রিয়েশনের ব্যানারে স্বল্পদৈর্ঘ্য ছবিটি প্রযোজনা করেছেন মো. আমজাদ হোসেন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে দুই শিশু অরিত্র ও তপস্যা। এ ছাড়া অভিনয় করেছেন নন্দিতা বৈষ্ণব, সুবর্ণা ধর, মাহবুবা ছায়া, রোকন হোসেন প্রমুখ। প্রায় ৭০টি চরিত্র দেখা যাবে ২০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য ছবিতে।