স্বস্তিকা বনাম স্বস্তিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষের কবিতার ‘কেতকী’ স্বস্তিকা,অনুব্রত ছবিতে ‘জয়া’ স্বস্তিকা
শেষের কবিতার ‘কেতকী’ স্বস্তিকা,অনুব্রত ছবিতে ‘জয়া’ স্বস্তিকা

কাল ৭ আগস্ট স্বস্তিকার জন্য বিশেষ দিন। ভারতের কলকাতায় কাল মুক্তি পাচ্ছে দুটি ছবি। প্রথমটা অনুব্রত আর দ্বিতীয়টি শেষের কবিতা। এই দুটি ছবিতেই অভিনয় করেছেন তিনি। তাই বক্স অফিসে কাকে ফেলে কার জয় চাইবেন তিনি, এ নিয়ে শুরু থেকেই বেশ দ্বিধায় ছিলেন এই অভিনেত্রী। পরে তাঁর বাবা নাকি মাথায় হাত বুলিয়ে দিয়ে তাঁকে বলেছেন, ‘এত চিন্তা কিসের। ৭ আগস্ট সব হলে তোমার ছবিটাই তো ঝুলবে। সেটা অনুব্রত হোক কিংবা শেষের কবিতা, জয়টা তো তোমারই হবে।’
এরপর থেকেই নাকি স্বস্তিকার সব চিন্তা একেবারে ছুমন্তর হয়ে গেছে। এখন শুধু রাত পোহানোর অপেক্ষা। তারপর সবার সামনে আসছে অনুব্রতর বুড়িয়ে যাওয়া ‘জয়া’ আর শেষের কবিতার চোখ-ধাঁধানো ‘কেতকী’।
এরই মধ্যে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অনুষ্ঠিত ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে স্বস্তিকা জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার, অনুব্রত ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য। ছবিটির বিশেষ প্রদর্শনী হয় এই উৎসবে। তা ছাড়া আরও কয়েকটি আন্তর্জাতিক উৎসবেও প্রশংসিত হয় এই ছবি। তাই স্বস্তিকার প্রত্যাশার পারদ এই ছবিটি নিয়ে অনেক ওপরে উঠে গেছে। নিজেকে এই ছবির জন্য তিনি যেমন ঢেলে সাজিয়েছেন, তা দেখে নিজেই নাকি নিজেকে চিনে নিতে পারছিলেন না। ছবিতে স্বস্তিকা অভিনয় করেছেন পঞ্চাশোর্ধ্ব এক বিবাহিত বাঙালি নারীর চরিত্রে। যাঁর স্বামী ক্যানসারের কারণে শয্যাশায়ী। তাঁকে নিয়ে ঘর-হাসপাতাল দৌড়াতে দৌড়াতে যেন বয়সের চেয়েও বেশি বুড়িয়ে গেছেন জয়া। অন্যদিকে তাঁরই মতো ‘অনুব্রত’ (ঋত্বিক) নামের আরেক ব্যক্তিও তাঁর ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে বাঁচানোর শেষ চেষ্টায় ব্যস্ত। কিন্তু একসময় জয়া আর অনুব্রত জড়িয়ে পড়েন অন্য রকম সম্পর্কে। এভাবেই গল্পটিকে বর্ণনা করেন স্বস্তিকা।
তিনি বলেন, ‘বেশ সংবেদনশীল গল্প। একে পর্দায় ফুটিয়ে তোলাও ছিল কঠিন। তাই আমার আর ঋত্বিকের নির্ভরতার জায়গা তৈরি হওয়াটা যেন অবিশ্বাস্য না দেখায়, সে জন্য অনেক খেয়াল করে এ ছবির কাজ করতে হয়েছে।’

স্বস্তিকা
স্বস্তিকা

স্বস্তিকার ভাষাতেই বোঝা যায়, অনুব্রতর পরতে পরতে জড়িয়ে আছে তাঁর ও ঋত্বিকের পরিশ্রমের গল্প। তাহলে এই স্বস্তিকা বনাম স্বস্তিকার লড়াইয়ে এগিয়ে আছে অনুব্রত?
বিষয়টা এত সহজ হলে তো ভাবনাগুলো আগেই মিটে যেত। স্বস্তিকার কাছে শেষের কবিতাও কিন্তু কম নয়। এই ছবির কাজ শুরু করেছিলেন সেই ২০১৩ সালে। কালজয়ী চরিত্র ‘কেতকী’। এটা ঠিক যে ‘অমিত’ আর ‘লাবণ্য’র গল্পের মাঝে ‘কেতকী’ শুধু এক টুকরো নাটকীয়তার, কিন্তু তাই বলে চরিত্রটিকে এত সহজ ভাবা ঠিক নয়।
স্বস্তিকার ভাষায়, ‘ছবিতে কেতকীর স্পেস কম, তবে চ্যালেঞ্জ বেশি। আমি জানতাম, ছোট জায়গায় কেতকীকে বের করে আনতে হবে। আপাতদৃষ্টিতে কেতকীকে যতটা স্বার্থপর মনে হয়, আসলে বিষয়টা তেমন নয়। ওর অস্থিরতার মধ্যে কেউ প্রেমটা দেখতে পায় না। লাবণ্যর পাশে কেতকীকে নেতিবাচক মনে হয়। কিন্তু কেতকীর ভালোবাসাটা সত্যি। তাই বলা যায়, এখানে সবচেয়ে হ্যাপেনিং চরিত্রটা কিন্তু কেটিই!’
হ্যাপেনিং তো হতেই হবে, না হলেও পরিচালক সুমন মুখোপাধ্যায় একে হ্যাপেনিং বানিয়ে ছাড়বেন। ছবির প্রচারে স্বস্তিকা আর সুমনের যেই তোড়জোড় দেখা যাচ্ছে, তাতে সত্যি ‘অমিত’ রাহুল বোস আর ‘লাবণ্য’ কঙ্কনা সেন শর্মা যেন ঢাকা পড়ে যাচ্ছেন। বরং অমিত-লাবণ্যর প্রেমকে ছাপিয়ে যাচ্ছে সুমন-স্বস্তিকার গল্পটা। তাই তো স্বস্তিকার কাছে যখন জানতে চাওয়া হলো ‘সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে হ্যাপেনিং সম্পর্কের শুরুটা কি শেষের কবিতা থেকেই?’ সংকোচ ছাড়াই লাজুক হাসিতে জবাব দিলেন স্বস্তিকা, ‘তখন লালকে (সুমনের ডাক নাম) শুধু পরিচালক হিসেবেই চিনতাম। পরে বুঝতে পারি বিষয়টা...।’
আদর রহমান
কলকাতার পত্রিকা অবলম্বনে