
বিশ্বাস না হলে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে গিয়েই দেখুন। বাংলাদেশে আসছেন জস স্টোন। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি ভুটান, ২৮ ফেব্রুয়ারি মালদ্বীপ। সারা পৃথিবীতে গান গেয়ে বেড়ানোই তাঁর স্বপ্ন। স্বপ্নটা ঠিকমতো দেখতে পারলে সেটা বাস্তব হয়নি, তেমনটা খুব কমই ঘটে মানুষের। জসের ক্ষেত্রেও তা-ই।
গান গেয়ে পৃথিবীর মানুষের মন কাড়তে চেয়েছেন জস স্টোন। সেটা তিনি পেরেছেন; সঙ্গে এসেছে নাম, যশ, খ্যাতি, সম্মান আর কাঁড়ি কাঁড়ি সম্মানী। ৩০ বছরের নিচে যে কজন ধনী ব্রিটিশ শিল্পী আছেন, জস তাঁদের পাঁচজনের একজন। এই খ্যাতি আর সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে যাচ্ছিল তাঁর। আর একটু হলেই খুন হতে যাচ্ছিলেন। তাঁদের বাড়ির কাছ থেকে আটক হওয়া দুই ডাকাত তেমনটাই স্বীকার করেছিল।
ছেলেবেলায় ছাত্রী হিসেবে জস ছিলেন ভীষণ খারাপ। শিক্ষকেরা ধরেই নিয়েছিলেন, ‘একে দিয়ে হবে না।’ কিন্তু মেধাটা ব্যবহার করেছেন কণ্ঠে। ১৬ বছর বয়সে প্রথম গানের অ্যালবাম দ্য সোল সেশনস বের হয় তাঁর। প্রথম অ্যালবাম হিট না হলে কি আর তাঁকে নিয়ে এত কথা বলা? তাঁর মাইন্ড বডি অ্যান্ড সোল অ্যালবামটি বিক্রি হয় রেকর্ড পরিমাণ। এই অ্যালবাম তাঁকে এনে দেয় বিপুল পরিচিতি। এ অ্যালবামের জন্য হংকংয়ে সর্বোচ্চ বিক্রীত অ্যালবামের আইএফপিআই পুরস্কারও জিতে নেন তিনি। অনেক পুরস্কার আর সম্মাননার পাশাপাশি গ্র্যামির জন্য মনোনয়ন পান বেশ কবার। ২০০৭ সালে রিদম অ্যান্ড ব্লুজ বিভাগে ৪৯তম গ্র্যামি অ্যাওয়ার্ড পান জস।
২০১৫ সালে ‘ম্যানডি’ নামে একটি চরিত্রে অভিনয় করেন টুমোরো ছবিতে। এরাগন ছবির মধ্য দিয়ে ২০০৬ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। টেলিভিশন আর চলচ্চিত্রে অভিনয় ছাড়াও কণ্ঠ দিয়েছেন কয়েকটি ভিডিও গেমসে। সব মিলিয়ে বেরিয়েছে সাতটি গানের অ্যালবাম। ‘ফেল ইন লাভ উইথ আ বয়’, ‘ইউ হ্যাড মি’, ‘রাইট টু বি রং’, ‘আই পুট আ স্পেল অন ইউ’সহ আরও গান আছে, যেগুলো বিশ্বব্যাপী ব্যাপকভাবে শোনা হয়।
মঞ্চে জস স্টোনের পরিবেশনার একটা মজা আছে। হঠাৎই নাকি খালি পায়ে মঞ্চে উঠে পড়েন তিনি। তাঁকে ওভাবে দেখলে নাকি দারুণ আনন্দ পান দর্শক-শ্রোতারা। বলা যায় এটা তাঁর সিগনেচার ভঙ্গিমা। জস স্টোনকে স্বাগতম। প্রথমবার বাংলাদেশে আসছেন তিনি। দেখা যাক, ঢাকার মঞ্চে কী কী চমক দিতে পারেন। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রি হলে তাঁর জন্য অপেক্ষা করবেন ঢাকার শ্রোতারা।
রাসেল মাহ্মুদ: এনসাইক্লোপিডিয়া ও বায়োগ্রাফি অবলম্বনে