
তাঁদের চেনেন আপনি। আপনি তারকাদের সম্পর্কে জানেনও, কিন্তু ঠিক কতটা জানেন? আপনার প্রিয় তারকা সম্পর্কে জেনে নিন কিছু অজানা তথ্য
স্বাগতা একজন গায়িকা-অভিনেত্রী হলেও তাঁর বাবা ছিলেন একজন নামকরা সংগীত শিক্ষক ও সংগীত পরিচালক। খোদাবক্স সানু হিসেবেই সবার কাছে পরিচিত ছিলেন তিনি।
মাত্র সাড়ে তিন বছর বয়সেই স্বাগতা স্কুলে ভর্তি হন। মজার কথা হলো, স্কুলের খাতায় নাম ওঠানোর আগেই স্বাগতা বিটিভিতে প্রচারিত ‘কিশলয়’ অনুষ্ঠানে গান গেয়ে স্কুলের পক্ষে পুরস্কার জিতে নেন।
অভিনেতা জাহিদ হোসেন শোভন একদিন নৌকায় করে এক বিয়ের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন। নৌকায় খুব হাসিখুশি আর আমুদে একজন মানুষ তাঁর ছয় মাস বয়সী মেয়েকে কোলে করে গান গাইলেন অনেকক্ষণ ধরে। সবাই যখন তাঁর গানে মুগ্ধ, তখন তিনি সবাইকে জিজ্ঞেস করলেন, আপনারা কি এখন আমার মেয়ের গান শুনবেন? ছয় মাস বয়সী বাচ্চার মুখে গান শোনার বিষয়টিকে সবাই ঠাট্টা হিসেবে ধরে নিল। কিন্তু জাহিদ হোসেন শোভনসহ সবাইকে অবাক করে মেয়ে গেয়ে উঠল...আআআআআআআ। স্বাগতা বড় হয়ে শোভনের কাছে গল্পের ছলে একদিন জানতে পারলেন, গান গাওয়া সে লোকটি ছিলেন তাঁরই বাবা খোদাবক্স সানু, আর কোলের মেয়েটি স্বয়ং স্বাগতা।
অভিনেত্রী মিথিলার সঙ্গে স্বাগতার পরিচয়টা ছিল খুব মজার। ছোটবেলায় কোনো এক গানের অনুষ্ঠানে স্বাগতা গান গাইতে গিয়েছিলেন। হঠাৎ খেয়াল করলেন, একটি মেয়ে গিটার বাজাচ্ছে বসে বসে। আশ্চর্য হয়ে লক্ষ করলেন, মেয়েটি হাতের তিন আঙুলে সবগুলো কর্ডই বাজাচ্ছে। নিয়ে কথা বলতে গিয়েই মিথিলার সঙ্গে স্বাগতার পরিচয়, তারপর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব এখনো অবিচ্ছেদ্য।
খুব অল্প বয়সেই স্বাগতা ব্যান্ড সংগীতের সঙ্গে জড়িয়ে পড়েন। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর পরই ছোট ভাই সন্ধিকে নিয়ে গড়লেন নিজেদের ব্যান্ড ‘মহাকাল’। পিঠাপিঠি বড় হওয়া ছোট ভাই সন্ধিই ছিল স্বাগতার সব সময়ের খেলার সাথি। গিটারকে ক্রিকেট ব্যাট বানিয়ে দুজনে যেমন ক্রিকেট খেলেছেন অনায়াসে, তেমনি বাসায় জ্বালানো আগরবাতিকে মাইক বানিয়ে দুই ভাইবোন মিলে গেয়েছেন গান।
সংগীতশিল্পী কনার সঙ্গে স্বাগতার পরিচয় ছোটবেলা থেকেই। কনা স্বাগতার বাবার কাছে গান শিখতেন নিয়মিত। মাঝে বেশ কটি বছর দুজনের যোগাযোগ না থাকলেও বড় হয়ে দুজন মিলেছেন আবার এক বিন্দুতে। স্বাগতার ‘ইউ গট দ্য লুক ২০০৫’ হওয়ার পেছনে কনাই রেখেছিলেন সবচেয়ে বড় ভূমিকা। অনেকটা তাঁর ইচ্ছের বিরুদ্ধেই কনা বাসা থেকে ছবি নিয়ে ওই প্রতিযোগিতায় স্বাগতার নাম তালিকাভুক্ত করিয়েছিলেন।