স্বাগতার দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকে অভিনয় তো নয়, এ যেন রীতিমতো ভাষার পরীক্ষা। ‘এলেবেলে’ নাটকে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে গিয়ে স্বাগতার এমন দশাই হয়েছে।‘অনেক বছর ধরেই টিভি নাটকে অভিনয় করছি। নাটকের চরিত্রের প্রয়োজনে অনেক অঞ্চলের ভাষা আয়ত্ত করতে হয়েছে। কিন্তু ময়মনসিংহের আঞ্চলিক ভাষার নাটকে অভিনয় করতে যেয়ে এতটা কষ্ট এর আগে কখনো করেছি কি না, আমার জানা নেই। যা করতে হচ্ছে বদরুল আনাম সৌদের রচনা ও পরিচালনায় “এলেবেলে” নাটকে। তবে নাটকটিতে অভিনয় করে নিজে কিন্তু অনেক কিছুই শিখতে পারছি।’ কথাগুলো বলছিলেন অভিনয়শিল্পী স্বাগতা।ঢাকার অদূরে পাখিরটেক এলাকায় বর্তমানে ‘এলেবেলে’ নাটকের শুটিং চলছে। এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘ইদানীং নাটকে অভিনয়ের ক্ষেত্রে ব্যতিক্রমী গল্প খুব একটা পাচ্ছি না, বলতে পারেন বিষয়গুলোতে নিজেও একরকম হতাশ। তবে অনেক দিন পর “এলেবেলে” ধারাবাহিকের মতো নাটকে অভিনয় করতে পেরে সত্যিই অনেক বেশি আনন্দিত।’‘এলেবেলে’ ধারাবাহিকটি ছাড়া সাম্প্রতিক সময়ে স্বাগতা বেশ কয়েকটি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে নজরুল ইসলাম রাজুর ‘চুপকথা’, আশুতোষ সুজনের ‘জিরো পয়েন্ট’, সৈয়দ শাকিলের ‘স্ক্যান্ডাল’, সাজ্জাদ সুমনের ‘অপরাজিতা’, গোলাম হাবিব লিটুর ‘মনচোরা গলি’ এবং এম আর মিজানের ‘নায়িকা সংবাদ’ উল্লেখযোগ্য।এদিকে, নাটকে অভিনয় ছাড়া স্বাগতা গানেও সময় দিচ্ছেন। অভিনয়ের ফাঁকে সময় পেলে ব্যান্ড মহাকাল নিয়ে মহড়ায় অংশ নেন। জানালেন, ১৭ মে গুলশানে মহাকাল ব্যান্ড একটি ঘরোয়া কনসার্টে অংশ নেবে। পাশাপাশি চলছে ব্যান্ডের নতুন অ্যালবাম তৈরির কাজও। এরই মধ্যে পাঁচটি গান বাছাই করা হয়েছে বলে জানান স্বাগতা।