স্বাগতার হ্যাটট্রিক
হ্যাটট্রিক করেছেন অভিনয়শিল্পী ও গায়িকা স্বাগতা। স্বাগতার এ হ্যাটট্রিক বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘ইত্যাদি’তে কাজ করছেন স্বাগতা। প্রথম আলো ডটকমকে স্বাগতা বলেন, ‘ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্যে “ইত্যাদি” আমার অনেক পছন্দের একটি অনুষ্ঠান। অনেক গোছানো একটি অনুষ্ঠান এটি। সমাজের নানা অসংগতি সুন্দরভাবে উপস্থাপন করা হয় এ অনুষ্ঠানে। এসব কারণে সবকিছু মিলিয়ে “ইত্যাদি”তে কাজ করতে স্বভাবতই ভালো লাগাটা বেশি কাজ করে।’স্বাগতা আরও বলেন, ‘বছর তিনেক আগে প্রথমবারের মতো “ইত্যাদি” অনুষ্ঠানে কাজ করি। এরপর গত বছরও একটি স্কিডে অংশ নিয়েছিলাম। তবে দুটি অনুষ্ঠানই ছিল মূল মঞ্চের বাইরে। এবারই প্রথম “ইত্যাদি”র মূল মঞ্চে কাজ করলাম। আমরা কয়েকজন মিলে একটি নাটিকায় অংশ নিয়েছি। একেবারে অন্য রকম অভিজ্ঞতা। “ইত্যাদি”র মতো জনপ্রিয় অনুষ্ঠানে হ্যাটট্রিক হওয়াতে আনন্দটা আরও বেশি।’ ‘ইত্যাদি’র এ নাটিকায় স্বাগতা ছাড়া আরও অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, মুনমুন প্রমুখ। এদিকে, ঈদের বেশ কয়েকটি নাটকের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন স্বাগতা।