স্বাধীন ধারার চলচ্চিত্রের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন ধারার চলচ্চিত্র নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ১১তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘরে বিকেল চারটায় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ, ইরান, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, ভারত, সুইডেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, শ্রীলঙ্কাসহ এবারের উৎসবে অংশ নিচ্ছে ৩০টি দেশ। নয় দিনের এই উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। উদ্বোধনী অনুষ্ঠানে তারেক মাসুদের নরসুন্দর, ইয়াসমিন কবিরের শেষকৃত্য, পোল্যান্ডের টমাস জুরকিউইজের গ্র্যান্ডমা হ্যাজ গন ও আর্জেন্টিনার প্যাট্রিশিও প্লাজার দি এমপ্লয়মেন্ট ছবি দেখানো হবে।এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে বক্তব্য দেন উৎসব কমিটির সভাপতি হাসনাত আবদুল হাই, উৎসব পরিচালক এন রাশেদ চৌধুরী, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন। আরও উপস্থিত ছিলেন সৈয়দ ইমরান হোসেন কিরমানি। এখানে জানানো হয়, উৎসবে যোগ দিতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার চলচ্চিত্র নির্মাতা ধর্মসেনা পাতিরাজা, ভারতের চিত্রগ্রাহক শাজি এন কারুন ও প্রামাণ্য চিত্র নির্মাতা সৌরভ সারেঙ্গি, ইরানের চলচ্চিত্র সংগঠক মোহসেন বার্মাহানি ও নাসেরালি বাকিদেহ।উৎসবের ছবিগুলো দেখানো হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, ধানমন্ডির জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, শাহবাগ আজিজ মার্কেটের বাংলাদেশ ফিল্ম সেন্টার মিলনায়তনে।এবার আলমগীর কবির স্মারক বক্তব্য দেবেন শাজি এন কারুন। উৎসবের পঞ্চম দিন একটি সমন্বিত জাতীয় চলচ্চিত্র নীতিমালা প্রণয়নের জন্য গোলটেবিল আলোচনা হবে। উৎসবে শ্রেষ্ঠ কাহিনি চিত্র ও শ্রেষ্ঠ প্রামাণ্য চিত্রের ওপর পুরস্কার দেওয়া হবে। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য এক হাজার ডলার। এ ছাড়া অনূর্ধ্ব ১০ মিনিট দৈর্ঘ্যের একটি ছবিকে দেওয়া হবে তারেক শাহরিয়ার স্মৃতি পুরস্কার। এটির অর্থমূল্য ২৫ হাজার টাকা। দুই বছর পরপর এই উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি এনটিভিতে সরাসরি দেখানো হবে।