স্বাধীন বাংলা ফুটবল দলকে চ্যানেল আইয়ের সম্মাননা
১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন ও শত্রুমুক্ত করতে অন্য সেক্টরগুলোর মতো বাংলাদেশের ফুটবলাররাও রেখেছিলেন বিশেষ অবদান। এ দলের সদস্যরা সেই সময়ে মাঠে-প্রান্তরে প্রীতি খেলা দেখিয়ে অর্থ সংগ্রহ করেছিলেন। যা ব্যয় করা হতো মুক্তিযোদ্ধা ও দুস্থ শরণার্থীদের জন্য। সেই বীর মুক্তিযোদ্ধাদের পাশে এবার দাঁড়িয়েছে চ্যানেল আই। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ তাঁদের হাতে তুলে দিলেন নগদ পাঁচ লাখ টাকা সম্মাননা। এ সময় ফুটবলাররাও স্বাধীন বাংলা দলের পক্ষ থেকে চ্যানেল আই সদস্যদের দলের মনোগ্রাম খচিত ক্রেস্ট ও ব্লেজার পরিয়ে দেন। স্বাধীন বাংলা ফুটবল দলের পক্ষ থেকে বলা হয়, চ্যানেল আই সব সময় তাঁদের খবরাখবর রাখছে এবং বিপদে পাশে দাঁড়িয়েছে। সে জন্য চ্যানেল আইকে তাদের দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এদিকে ফরিদুর রেজা সাগর প্রসঙ্গে বলেন, ‘আজ কিছু বলার নেই, অহংকারের দিন। অহংকারকে সবার মাঝে ভাগাভাগি করার দিন। আর এ সুযোগটুকু করে দেওয়ার জন্য স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের কাছে আমরা কৃতজ্ঞ।’ শাইখ সিরাজ সেই সময়কার ফুটবলের কিছু স্মৃতি তুলে ধরেন। এ অর্থ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন পুরো অনুষ্ঠানের না থাকতে পারলেও কিছু সময় ছিলেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।