স্বাধীন বাংলা বেতারকর্মীদের রাষ্ট্রীয় পদক দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন প্রজন্মের শিশুদের হাতে স্বাধীন বাংলা বেতারের সিডি তুলে দেওয়া হয়
নতুন প্রজন্মের শিশুদের হাতে স্বাধীন বাংলা বেতারের সিডি তুলে দেওয়া হয়

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের ১০ জন কর্মীকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক দেওয়ার দাবি জানিয়েছেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্র পরিষদের সদস্যরা। আজ মঙ্গলবার বিকেলে পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈকালিক এ আয়োজনের শুরুতেই পরিবেশিত হয় জাতীয় সংগীত।
অনেকগুলো কণ্ঠ এক সুরে গেয়ে শোনায় বাঙালির প্রাণের স্পন্দন জাগানো জাতীয় সংগীত। এরপর স্বাধীন বাংলা বেতারের প্রয়াত শব্দসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় এক মিনিট নীরবতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথির আসনে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। স্বাগত বক্তব্য দেন কর্মী পরিষদের সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। অনুষ্ঠানে অতিথিরা নবীন প্রজন্মের কাছে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের বিভিন্ন উদ্দীপনামূলক অনুষ্ঠানের সিডি তুলে দেন।
বক্তাদের আলোচনায় স্বাধীন বাংলা বেতারকেন্দ্র পরিচালনার নানা প্রতিকূলতাও স্মৃতিচারণায় উঠে এসেছে। অতিথিদের হাতে তুলে দেওয়া হয় স্বাধীন বাংলা বেতারের মুক্তির গানের মূল কপির সিডি ও গানের সংকলন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এত দিন আমার ধারণা ছিল, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আমি হয়তো ২০ শতাংশ সফল হয়েছি। কিন্তু আজ মনে হচ্ছে, আমি ৫ শতাংশেরও কম সফল হয়েছি। শুধু সশস্ত্র যোদ্ধারাই নন, মুজিবনগর সরকারের সকল কর্মকর্তা-কর্মচারীকে আমি মুক্তিযোদ্ধা হিসেবে সংজ্ঞায়িত করি। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সবাই মুক্তিযোদ্ধা।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম, আমরা প্রেরণা পেতাম স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে। মুক্তিযোদ্ধাদের অনেকের শিক্ষা না থাকলেও তাঁদের দীক্ষা ছিল। বঙ্গবন্ধুর কথায় দীক্ষা নিয়ে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছেন। মুক্তিযোদ্ধাদের সাহসের উৎস ছিল স্বাধীন বাংলা বেতারকেন্দ্র। বেতারে প্রচারিত বজ্রকণ্ঠ শুনে তাঁরা যুদ্ধের অনুপ্রেরণা পেতেন।’
‘পাক হানাদার পশুরা বাংলাদেশে মানুষ হত্যা করছে, আসুন আমরা পশু হত্যা করি’ মুক্তিযুদ্ধের এমনই নানা স্লোগান শোনান বিশিষ্ট উপস্থাপক ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মাজহারুল ইসলাম। এ ছাড়া ছিল আবু নওশেরের কণ্ঠে ২৬ মার্চের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে প্রচারিত খবরের পাঠ। বেলাল মুহম্মদ রচিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে প্রচারিত প্রথম কথিকাটি পড়ে শোনান শব্দসৈনিক আশফাকুর রহমান খান।
সাংস্কৃতিক পর্বে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা ছাড়াও স্বাধীনতার গান শুনিয়েছে ঐতিহ্য সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী শিল্পী গোষ্ঠী, পূর্বিতা সংস্কৃতি মঞ্চ। ঐতিহ্য সাংস্কৃতিক কেন্দ্র পরিবেশন করেছে ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে’ ও ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’। উদীচীর শিল্পীরা শোনান ‘বিচারপতি তোমার বিচার’ ও ‘আমার প্রতিবাদের ভাষা’। পূর্বিতা সংস্কৃতি মঞ্চের শিল্পীরা পরিবেশন করেন ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ ও ‘তোরা সব জয়ধ্বনি কর’।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনুষ্ঠানটি চলছিল।
বাংলাদেশের জন্মের সঙ্গে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত। উইকিপিডিয়া থেকে জানা যায়, ১৯৭১ এর ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের মাধ্যমে ঢাকা শহরের কয়েক হাজার নিরস্ত্র বাঙালি নিধন করে এবং একই সঙ্গে শেখ মুজিবকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পূর্বে তিনি স্বাধীনতার ঘোষণা এবং একটি সংক্ষিপ্ত বার্তা প্রদান করে যান। বার্তাটি ঢাকা ইপিআর ওয়্যারলেস স্টেশান থেকে সিলিমপুর ওয়্যারলেস স্টেশানের ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী ডাকুয়ার হাত দিয়ে চট্টগ্রামে পৌঁছে ২৫ মার্চ মধ্যরাতেই। তারপরই পাকিস্তানিরা ইপিআর ওয়্যারলেস ধ্বংস করে দেয়।
বেলাল মোহাম্মদ ও আবুল কাশেম সন্দীপসহ তৎকালীন চট্টগ্রাম বেতারকেন্দ্রের কয়েকজন বেতারকর্মী সিদ্ধান্ত নেন যে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে তাঁরা বেতারের মাধ্যমে কিছু প্রচার করবেন। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাঁরা চট্টগ্রাম বেতারকেন্দ্রকে কাজে লাগানোর চিন্তা করেন এবং তার নতুন নাম দেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতারকেন্দ্র। তবে তাঁরাও নিরাপত্তার কারণে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় অবস্থিত চট্টগ্রাম বেতারকেন্দ্রকে কাজে না লাগিয়ে শহর থেকে কিছু দূরে কালুরঘাট বেতারকেন্দ্রে চলে যান এবং ২৬ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রথম প্রচার করেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের অনুষ্ঠান।