স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও ক্লোজআপ তারকারা গাইলেন মুক্তিযুদ্ধের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার প্রশ্নে কোনো আপস নেই, হানাদারদের হাতে মারার সঙ্গে সঙ্গে ভাতেও মারেন, পাকিস্তানি পণ্য বর্জন করুন—এ ধরনের উদ্দীপনামূলক কথা দিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা শপথ নিতেন।গতকাল শুক্রবার স্বাধীনতার ৩৯তম বার্ষিকীর অনুষ্ঠানে স্মৃতিচারণায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা আবার ফিরে গেলেন সেই ১৯৭১ সালে, মুক্তিযুদ্ধের সময়ে। তখন যে গানগুলো সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের সাহস জোগাত, শিল্পীরা সেই গানগুলোই গেয়ে শোনালেন আরেকবার।জাতীয় সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজায় যখন এই শিল্পীরা গাইছিলেন ‘জয় বাংলা বাংলার জয়’ বা ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ গানগুলো, তখন সংসদ ভবনের মাঠে উপস্থিত দর্শকেরাও যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে চলে যান।স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন এনটিভি ও ক্লোজআপ। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১৪ জন শিল্পীর পাশাপাশি বর্তমান প্রজন্মের ক্লোজআপ তারকারাও গেয়ে শোনান মুক্তিযুদ্ধের গান।অনুষ্ঠানের উপস্থাপক বেতার কেন্দ্রের শব্দসৈনিক মাজহারুল ইসলাম অনুষ্ঠান পরিচালনার এক ফাঁকে প্রথম আলোকে বলেন, ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের বয়স হয়েছে। সরকার তাঁদের জন্য কিছুই করেনি। এই শিল্পীদের কথা মনে করে কেউ কিছু করলে ভালোই লাগে।’স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলোর পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের শিল্পীরা নাচ পরিবেশন করেন।স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এবং ক্লোজআপ তারকাদের গাওয়া ৪৬টি গানের পাঁচটি সিডির একটি অ্যালবাম প্রকাশ করেছে ইউনিলিভার বাংলাদেশ ও এনটিভি। গতকাল ২৬ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে এই অ্যালবামের মোড়ক খোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত অ্যালবামের এ গানগুলো টেকনাফ থেকে তেঁতুলিয়ার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে রোড শোর। এতে দুই প্রজন্মের শিল্পীরা অংশ নেবেন।