স্বাধীন বাংলা বেতারের ৫০টি গান নিয়ে অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত ৫০টি গান নিয়ে অ্যালবাম প্রকাশ করছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার ও এনটিভি। নাম চেতনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্রুত আর বিস্মৃত কিছু গান। পাঁচটি সিডির এই অ্যালবামে মূল গানের শিল্পীদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার গত তিন আসরের শীর্ষ প্রতিযোগীরা। জানা গেছে, এ উপলক্ষে কাল ২৬ মার্চ বিকেল সোয়া পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই অ্যালবামের মোড়ক খোলার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ইন্টারনেটে একটি ওয়েবসাইটও চালু করা হবে। দুই ঘণ্টার এই অনুষ্ঠানে শিল্পীরা অ্যালবামের গানগুলো পরিবেশন করবেন। আর পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি। এদিকে অ্যালবামটি সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য প্রচারণার কার্যক্রম শুরু হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিল্পীরা বিভিন্ন জেলায় আয়োজিত কনসার্টে গান করবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এসব অনুষ্ঠান হবে। এ ছাড়া ওয়েবসাইটেও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গানগুলো থাকবে। গত মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞাপনী প্রতিষ্ঠান এশিয়াটিক কার্যালয়ে আয়োজিত প্রীতি সম্মিলনীতে এসব তথ্য জানানো হয়। প্রাথমিকভাবে নির্বাচিত ৮৩টি গান থেকে অ্যালবামের জন্য ৫০টি গান চূড়ান্ত করা হয়। আয়োজকদের মতে, এসব গানের কথা ও সুরের ব্যাপারে কোনো বিতর্ক নেই। অ্যালবামের ১৭টি গানে কণ্ঠ দিয়েছেন মূল শিল্পীরা। বাকি ৩৩টি গান গেয়েছেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার শিল্পীরা। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক সুজেয় শ্যাম এবং সমন্বয় করেছেন পার্থ বড়ুয়া।২০০৮ সালে আয়োজিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়।