স্বাধীনতা উৎসব শুরু
‘মুক্তিযুদ্ধ অনিঃশেষ, চল্লিশে বাংলাদেশ’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব। বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের চিত্রগ্রাহক, শব্দগ্রহণকারী ও সংরক্ষক গোলাম মোরশেদ, এম এ খায়ের, এম এ মুবিন ও আমজাদ আলী খন্দকার। উৎসবের শুরুতে শহীদ মিনারের বেদিতে মুক্তিযুদ্ধ ও ভাষাশহীদদের স্মৃতির উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বাংলাদেশের বিভিন্ন লড়াই-সংগ্রামের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ছায়ানটের শিল্পীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন।উদ্বোধনী আলোচনায় অংশ নেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, মান্নান হীরা, ঝুনা চৌধুরী প্রমুখ। জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ। পরে তিমির নন্দী গেয়ে শোনান ‘একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠধ্বনি’। ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ গানটি গেয়ে শোনান ফকির আলমগীর। দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ ও বহ্নিশিখা। অনন্যা লাবণী পাঠ করেন শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি। স্বাধীনতার চরমপত্র-এর অংশবিশেষ পাঠ করে শোনান সৈয়দ শহিদুল ইসলাম, দেবব্রত সরকার ও তামান্না সারোয়ার। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসকুরে সাত্তার। স্বাধীনতা উৎসব চলবে ২৬ মার্চ পর্যন্ত। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ শুক্রবার ২৫ মার্চের গণহত্যার কালরাত স্মরণে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিস্তম্ভ (উপাচার্যের বাড়ির সামনে), রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধ ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান । স্বাধীনতা সংগীত উৎসব শুরু ঢোলের বোল আর দেশের গানের সুরে মুখরিত শিল্পকলা একাডেমীর পুরো প্রাঙ্গণ। এখানে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে তিন দিনের স্বাধীনতা সংগীত উৎসব। উৎসবের স্লোগান—‘দেশপ্রেম দিল স্বাধীনতা, দেশপ্রেম দিল মুক্তি’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী অজিত রায় ৪০টি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। এ ছাড়া বক্তব্য দেন ঝুনা চৌধুরী, লায়লা হাসান প্রমুখ।সম্মেলক কণ্ঠে ‘ও আমার দেশের মাটি তোমার ‘পরে ঠেকাই মাথা’ পরিবেশনার মধ্য দিয়ে গানের পালা শুরু করে সুরের ধারা। পাপিয়া সারোয়ার ‘বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও’, রোকাইয়া হাসিনা ‘আমরা মিলেছি আজ মায়ের ডাকে’, সুবাহ্ আকবর ‘এখন আর দেরি নয়’ গেয়ে শোনান। আরও সংগীত পরিবেশন করেন সালমা আকবর, জলি রহমান, সুমাইয়া ইমাম, রাইয়ান খালিদ, স্বাতী সরকার, আঞ্জুমান ফেরদৌসী প্রমুখ। তাঁদের গানগুলোর মধ্যে ছিল: ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘যে তোরে ছাড়ে ছাড়ুক’, ‘যে তোমায় পাগল বলে’, ‘তোর খোলা হাওয়া লাগে পালে’ প্রভৃতি।দলীয় সংগীত পরিবেশন করে রবিরাগ, গীতাঞ্জলি, গীতসুধা, ধর্মরাজিক ললিতকলা একাডেমী, ঋষিভ সংগীতাঙ্গন, গীতিসত্র প্রভৃতি সংগীতসংগঠন।জাতীয় নাট্যশালায় নৃত্য, গীত ও আবৃত্তি ‘ধন্য আমি ধন্য তুমি ধন্য সোনার বাংলাদেশ’ পরিবেশনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন আরজ আলী বয়াতি ও তাঁর দল। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমী আয়োজিত এই অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন সাহিত্যিক রিজিয়া রহমান। জাতীয় নাট্যশালায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শিবু রায়, তামান্না নিগার, সাধনা মিত্র প্রমুখ। শিল্পীরা ‘বঙ্গবন্ধুকে ভালোবাসি বলে’, ‘ওরে হাইলা জাইলা তাঁতির বন্ধু বঙ্গবন্ধু মুজিবুর রহমান’, ‘আর কোথা নয় মা বারে বারে আমি আসি যেন এই বাংলার তীরে’—এসব গান গেয়ে শোনান। এ ছাড়া দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা। কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সুলতানা হায়দারের নির্দেশনায় ‘আমাদের এ দেশ স্বাধীন হয়েছে কারণ মুক্তিযুদ্ধ’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করে সুকন্যা নৃত্যাঙ্গন। সত্যেন সেন গণসংগীত উৎসব ‘এসো, গণসংগীতের আয়নায় দেখি স্বদেশের মুখ’ স্লোগান নিয়ে আগামী রোববার শুরু হবে দুই দিনব্যাপী সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী তৃতীয়বারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন করেছে এ উৎসব। গতকাল বৃহস্পতিবার বিকেলে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত জানানো হয়। উৎসবের উদ্বোধন করবেন কামাল লোহানী এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌসুমী ভৌমিক। ২৮ মার্চ সোমবার সকাল থেকে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে হবে চূড়ান্ত গণসংগীত প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, নিরঞ্জন অধিকারী, হাবিবুল আলম প্রমুখ।