স্বাধীনতা উৎসবে স্বদেশবন্দনা

মেঘে ঢাকা আকাশ। মাঝেমধ্যে দু-এক ফোঁটা বৃষ্টি পড়ছে। গতকাল বেলাশেষে কেন্দ্রীয় শহীদ মিনারে লোকসমাগম প্রচুর। শুরু হলো সম্মিলিত কণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানো গান ‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে’। দর্শকদেরও কেউ কেউ গানের সঙ্গে কণ্ঠ মেলান।
‘জয় জয় জননী বাংলা’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল সোমবার থেকে এখানে শুরু হয়েছে তিন দিনের স্বাধীনতা উৎসব। শেষ হবে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে। এবারের উৎসবের মূল সুর স্বদেশবন্দনা।
শুরুতে শহীদ মিনারে বাঙালির সব আন্দোলনের শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত সব কণ্ঠ এক হয়ে গীত হয় ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। এরপর গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা পরিবেশন করেন স্বাধীনতার গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল...’।
গানের পর স্বাধীনতার ৪৩ বছর উপলক্ষে ৪৩টি লাল-সবুজ বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বীর আদিবাসী মুক্তিযোদ্ধা কাকন দেবী।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, শিল্পী ফকির আলমগীর ও পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক হাসান আরিফ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন আফজাল হোসেন।
আলোচনা পর্বের শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই গণসংগীত পরিবেশন করেন গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। তাঁদের কণ্ঠে গীত হয় ‘তীর হারা এ ঢেউয়ের সাগর’ ও ‘ভয় কি মরনের’ গানটি। এরপর অনীক বসুর পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করেন স্পন্দনের নৃত্যশিল্পীরা। তাঁরা ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে’ ও ‘মুক্তির মন্দিরে সোপান তলে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। মৈত্রী শিশু দল পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা ‘সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার’। সবশেষে কাব্যনাটক পায়ের আওয়াজ পাওয়া যায় মঞ্চস্থ করে কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। সৈয়দ শামসুল হক রচিত এ কাব্যনাট্যটি নির্দেশনা দেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
শহীদ মিনার ছাড়াও রবীন্দ্র সরোবরে চলছে জোটের স্বাধীনতা উৎসব। আজ ২৫ মার্চ কালরাত স্মরণে সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভে ও রাত নয়টায় রাজারবাগ পুলিশ লাইনে প্রদীপ প্রজ্বালনের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।