স্বাধীনতা দিবসে রোমানা-ইমনের ‘হূদয়ে ৭১’
স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে রোমানা ও ইমন অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘হূদয়ে ৭১’। তবে বড়পর্দায় নয়, ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এটিএন বাংলায়। ‘হূদয়ে ৭১’ ছবিটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী।জানা গেছে, তরুণ প্রজন্মের কাছে ১৯৭১ সালের যুদ্ধের বাস্তবতা তুলে ধরার লক্ষ্য নিয়েই ছবিটি নির্মাণ করা হয়েছে। ইমন বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করছি বেশ কয়েক বছর হলো। কখনো মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়নি। আমরা যারা এই প্রজন্মের, তারা কিন্তু মুক্তিযুদ্ধ দেখিনি। শুধু বইপত্র পড়ে, বিভিন্ন তথ্যচিত্র ও চলচ্চিত্র দেখে মুক্তিযুদ্ধের সময়টা উপলব্ধি করার চেষ্টা করেছি। যে আয়োজনে “হূদয়ে ৭১” ছবিটি নির্মাণ করা হয়েছে, তাতে মুক্তিযুদ্ধের সময়কার অবস্থা কিছুটা হলেও অনুধাবন করছি।’ ইমন আরও বলেন, ‘দর্শক এত দিন আমাকে ছবিতে যেভাবে দেখেছেন, “হূদয়ে ৭১” ছবিতে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। আমাকে উপস্থাপনও করা হয়েছে অনেকটা ভিন্নভাবে।’ ‘হূদয়ে ৭১’ ছবিতে ইমন জুটি হয়ে অভিনয় করছেন রোমানার বিপরীতে। এর আগে তাঁরা দুজন জুটি হয়ে অভিনয় করেন পি এ কাজলের ‘গরিবের ভাই’ চলচ্চিত্রে। উল্লেখ্য, ঢাকার অদূরে দোহারের কার্তিকপুর এলাকায় এ বছরের ২০ জানুয়ারি ছবিটির শুটিং শুরু হয়। ‘হূদয়ে ৭১’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন সাগর, সাইফ খান, রাখী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।