
১৯৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন—অবশেষে ’৭১-এর মুক্তিযুদ্ধ। এ সময়গুলোতে এই মানুষগুলো যুক্ত ছিলেন বাংলার মুক্তির আন্দোলনে। ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের আগের দিন রাতে মিরপুরের এই জায়গায় নির্মমভাবে হত্যা করা হয় এই স্বাধীনতাকামীদের। সেই থেকে জায়গাটির নাম জল্লাদখানা। দেশের জন্য প্রাণ বিসর্জনকারী এই শহীদদের আত্মা যেন আজও ঘুরে ঘুরে আসে এই জল্লাদখানায়। তাঁরা বলতে চান দেশের কথা, তাঁদের অপূরণীয় স্বপ্নের গল্প। এই পটভূমিতেই রচিত হয়েছে নাটক যুদ্ধপুরাণ। নাট্যভাবনা ও প্রয়োগ আনিসুল হকের। স্বাধীনতা দিবসের উৎসবে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে গতকাল বুধবার নাটকটি পাঁচবার মঞ্চস্থ হয়।
যুদ্ধকালীন সময়ে মিরপুর জল্লাদখানার বিভীষিকাময় নানা তথ্য তুলে ধরে বিশেষ ধরনের প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। এ ছাড়া জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি সাংসদ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। আলোচক ছিলেন শহীদতনয়া নুজহাত চৌধুরী।
বাংলা একাডেমিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গতকাল বিকেলে একাডেমির নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুসলিম বিশ্ব’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক গিয়াসউদ্দিন মোল্যা। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী পরিবেশন করে গীতিআলেখ্য ইতিহাস কথা কও।

কচি-কাঁচার মেলার স্বাধীনতা দিবস
স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা গতকাল সকালে কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ভাইবোনসহ উপস্থিত সবাই ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’ পরিবেশনায় একাত্মতা ঘোষণা করে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ সংগীতে সম্মিলিতভাবে কণ্ঠ মেলায়। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। তিনি মুক্তিযুদ্ধকালীন ঘটনাবহুল অভিজ্ঞতা বর্ণনা করেন। আরও বক্তব্য দেন মেলার উপদেষ্টা মুক্তিযোদ্ধা শিরিন বানু, মেলার সম্পাদক আলপনা চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ।