স্বাধীনতা পদক পাওয়ায় বন্যাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা পদক প্রাপ্তিতে গতকাল রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দেওয়া হয় l প্রথম আলো
স্বাধীনতা পদক প্রাপ্তিতে গতকাল রেজওয়ানা চৌধুরী বন্যাকে সংবর্ধনা দেওয়া হয় l প্রথম আলো

এ বছরের স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তাঁর এই অনন্য প্রাপ্তি উপলক্ষে সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। গতকাল শুক্রবার সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনারকক্ষে গানের সুরে, ফুলেল ভালোবাসায় ও বক্তাদের নিবেদিত কথায় শুভেচ্ছা জানানো হয় নন্দিত এই শিল্পীকে।
বন্যা মিলনায়তনে প্রবেশের মুহূর্তেই সবার হাতে হাতে জ্বলে ওঠে মোমবাতি। সম্মেলক কণ্ঠে গাওয়া হয় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। সুরের রেশ ধরেই মঞ্চে আসন গ্রহণ করেন শিল্পী। এরপর সম্মেলক কণ্ঠে পরিবেশিত হয়, ‘তুমি কেমন করে গান করো হে গুণী’।
সংবর্ধনা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে বন্যা বলেন, ‘আমার জীবনের একটি বিশেষ অধ্যায় হচ্ছে স্বাধীনতা পদক প্রাপ্তি। এটি হয়ে থাকবে আমার জীবনের প্রেরণার উৎস।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। সম্মাননাপত্র পাঠ করে সংস্থার সভাপতি তপন মাহমুদ বন্যার হাতে তুলে দেন সম্মাননা স্মারক। শিল্পীর হাতে উপহারসামগ্রী তুলে দেন সংস্থার সহসভাপতি বুলা মাহমুদ ও যুগ্ম সম্পাদক সালমা আকবর। বন্যাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, সংগীতশিল্পী অনুপ ভট্টাচার্য, সাদি মহম্মদ, সংস্থার উপদেষ্টা আমিনা আহমেদ প্রমুখ।