স্বাধীনতা সংগীত উৎসব
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্বাধীনতা সংগীত উৎসব। উৎসবের স্লোগান ‘দেশপ্রেম দিল স্বাধীনতা, দেশপ্রেম দেবে মুক্তি’। শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্চে বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী অজিত রায়। প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাফা নূর-উল ইসলাম।গতকাল শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়। এ সময় জানানো হয়, উৎসব প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। এ ছাড়া ২৬ মার্চ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকালের আয়োজন থাকবে। আজ প্রথম দিন রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান পরিবেশিত হবে। এরপর প্রতিটি পর্বে দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধের গান ও গণসংগীত পরিবেশিত হবে।সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, এবারের উৎসবে পরিষদের সদস্য ৫০টি সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পরিষদের সভাপতি তপন মাহমুদ, মাহমুদ সেলিম প্রমুখ।