স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধাপরাধীদের বিচারের এখনই সময়। আমাদের বারবার শহীদ মিনারের পাদদেশে আসতে হবে। শহীদ মিনার থেকে আমাদের শক্তি নিতে হবে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।’—১ ফেব্রুয়ারি পথনাট্যোত্সবের উদ্বোধনী বক্তব্যে বলছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ৭ ফেরুয়ারি শেষ হওয়া সপ্তাহব্যাপী এ উত্সবের মধ্য দিয়ে আবার স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবি উঠেছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও পথনাট্যোত্সবের আয়োজক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘পথনাট্যোত্সব একটি প্রতিবাদের নাম। আমরা এই উত্সবের মধ্য দিয়ে ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবি জানাই।’ তিনি বলেন, শিল্পীদের মাধ্যমে পরিচালিত হোক সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আয়োজক হাসান আরিফ বলেন, ‘বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে পথনাটক আজকের এই অবস্থানে। যুগে যুগে পথনাটক সুবিধাবঞ্চিত মানুষের কথা বলে। এবারের উৎসবে আমরা স্বাধীনতাবিরোধী শত্রুদের বিচারের দাবি জানাব সরকারের কাছে।’প্রতিদিন ব্যাপক দর্শকসমাগমের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের পথনাট্যোৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে ১ ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হয় জাতীয় পথনাট্যোৎসব-২০১০। ‘নির্মূল করো প্রতিক্রিয়া, প্রগতিরে করো নিঃশঙ্ক’ স্লোগান নিয়ে এবারের পথনাট্যোৎসবে ৩৫টি নাট্যদলসহ সারা দেশের প্রায় ১২০টি নাট্যদল তাদের পথনাটক পরিবেশন করে। মহাকাল নাট্য সম্প্রদায়ের জনৈক মুক্তিযোদ্ধার সচিত্র প্রতিবেদন পথনাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শুরু হয় এবারের পথনাট্যোৎসব।শেষ হয় বাংলাদেশ থিয়েটারের চৈতন্য পথনাটক দিয়ে। আয়োজকেরা জানান, এবারের উৎসবে মঞ্চস্থ প্রায় প্রতিটি নাটকই দর্শক উপভোগ করেছে। প্রতিটি প্রদর্শনীতে ছিল চোখে পড়ার মতো দর্শকদের উপস্থিতি। শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ছয়টি বিভাগেও ফেব্রুয়ারি মাসজুড়ে পথনাট্যোৎসবের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের ডিসি হিলে আয়োজিত হয় বিভাগীয় শহরের পথনাট্যোৎসব। আজ থেকে ময়মনসিংহ টাউন হল শহীদ মিনারের চত্বরে শুরু হচ্ছে ঢাকা বিভাগীয় উৎসব। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এ ছাড়া বরিশাল বিভাগের বরিশাল শহীদ মিনার চত্বরে উৎসব শুরু হবে ১৪ ফেব্রুয়ারি, চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি, সিলেট বিভাগের হবিগঞ্জে ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গার দর্শনায় ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পথনাট্যোৎসব অনুষ্ঠিত হবে।