স্বাপ্নিক সামিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিয়া ছবি: আনন্দ
সামিয়া ছবি: আনন্দ

‘“লাক্স-চ্যানেল আই সুপারস্টার” টেলিভিশনে দেখে অনেক ভালো লাগত। মনে হতো, যদি এমন একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে বিনোদন ভুবনে অভিষেক হতো আমার! এর মধ্যে হঠাৎ পত্রিকায় বিজ্ঞাপন দেখে ঢাকা থেকে অনলাইনে এ প্রতিযোগিতায় অংশ নিই। এরপর নানা ধাপ পেরিয়ে যখন প্রতিযোগিতার সেরা দশে ঢুকে পড়ি, তখন একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করলাম। সেরার মুকুট পরার পরও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমি সেরা! মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি।’—কথাগুলো বলছিলেন ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার সামিয়া সাঈদ। একসময় মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখা মেয়েটির এখন বেশির ভাগ সময় কাটে শুটিংয়ে, অ্যাকশন-কাটের শব্দে শব্দে।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর আলভী আহমেদের ইনক্রিমেন্ট নাটকের মধ্য দিয়ে নাটকে অভিষেক সামিয়ার। এরপর একটানা অনেক নির্মাতার নাটকে অভিনয় করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অনিমেষ আইচ, মাসুদ হাসান উজ্জ্বল, মেহের আফরোজ শাওন, রায়হান খান, সতীর্থ রহমান, তাহের শিপন, আকরাম খান, বেলাল উদ্দিন ও মাতিয়া বানু শুকু।
সামিয়া বলেন, ‘আমি এখন কয়েকটি ধারাবাহিক নাটকের শুটিং করছি। এসব নাটকে কাজ করে অনেক জ্যেষ্ঠ অভিনয়শিল্পীর সঙ্গে মেশার সুযোগ হচ্ছে। তাঁদের কাছ থেকে শিখছি অনেক কিছু এবং নিজের অভিনয়ের ক্ষেত্রে সেসব কাজে লাগানোরও চেষ্টা করছি।’
অভিনয়ের বাইরে সম্প্রতি এ তারকার অভিষেক ঘটেছে মিউজিক ভিডিওতে। ইমরান ও নওমীর গাওয়া গানের ভিডিওটি সম্প্রতি ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে ধারণ করা হয়েছে। সামিয়া বলেন, ‘এবারই প্রথম কোনো গানের ভিডিওতে মডেল হলাম। একটানা কাজ করেছি। সত্যি কথা হলো, দর্শকদের কাছাকাছি থাকার জন্যই মিউজিক ভিডিওটিতে কাজ করেছি।’
সামিয়ার বাবা সাইদুল ইসলাম জাহাজের ক্যাপ্টেন। মা গৃহিণী। বাবার চাকরি সূত্রে ঘুরেছেন অনেক দেশ। তবে সামিয়ার জন্মের নয় মাসের মাথায় তাঁরা চলে এলেন ঢাকায় এলিফ্যান্ট রোডে। এখন সেখানেই দুই ভাই আর মায়ের সঙ্গে অবসরে নানা রকম দুষ্টুমিতে মেতে থাকেন নর্থ সাউর্থ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক-পড়ুয়া এই অভিনয়শিল্পী। এখন তাঁর ধ্যানজ্ঞান কেবল অভিনয়কে ঘিরে। অভিনয় নিয়ে যেতে চান বহু দূর। সুযোগ পেলে অভিনয়ের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন দেখেন।
‘চলচ্চিত্র অনেক বড় মাধ্যম। এর মাধ্যমে দর্শকদের অনেক কাছাকাছি যাওয়া সম্ভব। তাই স্বপ্ন দেখি বড় মাধ্যমেও নিজেকে উপস্থাপনের।’—সামিয়ার এ কথাগুলো কি স্বাপ্নিক মানুষের কথা বলে মনে হচ্ছে না আপনার?