স্বামী আমার শত্রু: মনীষা
নিজের চেয়ে বয়সে সাত বছরের ছোট নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করে মোটেও সুখে নেই বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। বিয়ের ছয় মাসের মাথায় সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক ফেসবুকে তিনি লিখেছিলেন, দাহালের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ভাবছেন তিনি। মনে হয় তাঁর (মনীষা) বাবা-মা তাঁর ওপর খেপবেন। কিছুক্ষণ পরই পোস্টটি মুছে ফেলেন মনীষা, আর বলেন, রাগের মাথায় লিখেছিলেন কথাটা। আসলে তলে তলে পানি যে বহুদূর অবধি গড়িয়েছে, সেটা জানা গেল সম্প্রতি মনীষার নতুন আরেকটি পোস্ট থেকে। গত বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া ওই পোস্টে মনীষা লিখেছেন, ‘আমার স্বামী আমার শত্রু হয়ে উঠছে...একটা নারীর জন্য সেটা কতটা ভয়ানক ব্যাপার?’ এই পোস্টটাও নাকি আগের মতো কোনো ছুতায় মুছে ফেলেন মনীষা! এ ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গত বছরের জুনে বেশ ঢাকঢোল পিটিয়ে বিয়ে হয় এই জুটির। টিএনএন।