স্বামী জেমিকে নিয়ে লিন্ডসের সঙ্গে কেট মসের তর্কযুদ্ধ

তিন বছর ধরে সংসার করছেন ব্রিটিশ মডেল কেট মস এবং ব্রিটিশ গিটারিস্ট ও গায়ক জেমি হিন্স। গত বছর হলিউডের বিতর্কিত অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের সঙ্গে গানের কাজ করতে গিয়ে সখ্য গড়ে উঠেছিল জেমির। সম্প্রতি যুক্তরাজ্যে গিয়ে জেমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে। এ জন্য লিন্ডসের ওপর প্রচণ্ড বিরক্ত হন কেট। তিনি ক্ষোভ চেপে রাখতে না পেরে সবার সামনেই লিন্ডসের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। সম্প্রতি যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁয় তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের খবর জানিয়েছে ফিমেলফার্স্টডটকম।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে লিন্ডসের আগমনের বিষয়টিকে একদমই সহজভাবে নিতে পারেননি কেট। তার ওপর তিনি জানতে পারেন, জেমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন লিন্ডসে। এতে তেলে-বেগুনে জ্বলে ওঠেন কেট।
সূত্রটি আরও জানিয়েছে, সম্প্রতি স্থানীয় একটি রেস্তোরাঁয় মুখোমুখি হন কেট ও লিন্ডসে। সেখানে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। দীর্ঘ সময় ধরে চলে এই বাগযুদ্ধ। রেস্তোরাঁয় উপস্থিত সবাই বিষয়টি লক্ষ্য করেছেন।