কথোপকথন: আরটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক অলসপুর। নাটকটিতে অভিনয় করছেন আলভি। কথা হলো তাঁর সঙ্গে
স্বামীর নাটকে অভিনয় করেছি
সম্প্রতি আপনি বিয়ে করেছেন। নতুন সংসারের খবর কী?আমরা বলি উড়ন্ত সংসার। এক দিন আমার বাসায় থাকি, আরেক দিন ওর (আমির) ভাইয়ের বাসায়। এভাবেই চলে যাচ্ছে। রান্নার ঝামেলা নেই। নিজের ফ্ল্যাটে থাকলে ফুফুর বাসায় গিয়ে খেয়ে আসি। আমি রান্না বলতে জানি শুধু চা বানানো আর রাইস কুকারে ভাত তৈরি।এভাবে কদিন চলবে?মনে হচ্ছে, অনেক দিন চালাতে হবে। রান্না শেখার জন্য তো সময় দিতে হবে। সেই সময় কোথায়? আমিরও এখন নাটক নিয়ে খুব ব্যস্ত।আপনার স্বামী এখন কী করছেন?সম্প্রতি ও একটি নাটক তৈরি করেছে। নাম অ্যাকসিডেন্ট। নাটকটি লেখা ও পরিচালনার পাশাপাশি তাতে অভিনয় করেছে আমির। ওর নাটকে আমিও অভিনয় করেছি। সঙ্গে ছিলেন চৈতি। সম্পাদনা শেষে দেখে ভালোই লেগেছে। এখনো কোনো চ্যানেলে জমা দেওয়া হয়নি।বিয়ের পর কোথায় বেড়াতে গেলেন?পূজার সময় কুষ্টিয়ায় চলে যাই, আমাদের বাসায়। এরপর ঈদ করে ১৫ দিন পর ঢাকায় এসেছি। কুষ্টিয়া শহরে আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি একেবারেই কাছাকাছি। মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ। এবার অনেক ঘুরেছি। এবারের পূজা আর ঈদ আমার কাছে স্মৃতি হয়ে থাকবে।‘অলসপুর’ ধারাবাহিকটি অনেক দিন ধরে প্রচারিত হচ্ছে?তা বছর তিনেক তো হবেই। বড় ধারাবাহিক হলে যা হয়; যে ভাবনা নিয়ে নাটকটি শুরু হয়েছিল, মাঝে তা থেকে অনেকটাই সরে গিয়েছিল। এখন অবশ্য ঠিক আছে।এখন আপনার অভিনীত কোন কোন ধারাবাহিক প্রচারিত হচ্ছে?অনেক; অলসপুর, মন রঙিলা, মায়াজাল, গৃহদাহ, ঝুলন্ত বাবুরা, লেডিস ফার্স্ট, টাট্টু ঘোড়া, উত্তরাধিকার ও ভীমরতি।