স্বামীর লেখা গানে সুর দিলেন রন্টি

নয় বছর আগে কোনো এক রাতে হারমোনিয়ামে রেওয়াজ করতে করতে নতুন সুরের সন্ধান পান গায়িকা রন্টি দাশ। সে সময় সৃষ্ট সুর রন্টিকে এতটাই আচ্ছন্ন করে যে সেটিকে মস্তিষ্কে গেঁথে ফেলেন। কিন্তু জুতসই লিরিকস না পাওয়ায় সেই সুর গানে ব্যবহার করা সম্ভব হয়নি। অবশেষে রন্টির সেই সুরের ওপর চমত্কার কথার মেলবন্ধন তৈরির কাজে এগিয়ে আসেন স্বামী গোলাম মোহাম্মদ আবেদ। হারিয়ে তোরই মাঝে, ভাবি সারাক্ষণ/তখন খুঁজে পাই,তোরই দর্পণ—সুরের ওপর স্বামীর লেখা এমন চমত্কার কথায় মুগ্ধ রন্টি দাশ।
রন্টি বলেন, ‘আমার প্রথম অ্যালবামেও একটি গানের সুর করেছিলাম। কিন্তু নয় বছর ধরে ওই সুরটির জন্য জুতসই লিরিকস পাচ্ছিলাম না। অনেক সংগীত পরিচালকও চেষ্টা করেছেন। শেষ মুহূর্তে কিছুদিন আগে এক কথা দুই কথা বলতে বলতে আমার স্বামী একটা সময় পুরো গানটাই লিখে দেয়। মনের মতো লিরিকস পেয়ে আমি নিজে অনেক বেশি খুশি। সত্যি প্রতীক্ষার আনন্দটা অন্য রকম ছিল।’
রন্টির সুর করা ও স্বামী আবেদের লেখা এ গানের সংগীতায়োজন করেছেন অদিত। আর গানটিতে পিয়ানো বাজিয়েছেন মাইলস ব্যান্ডের মানাম আহমেদ আর গিটার বাজিয়েছেন চিরকুট ব্যান্ডের ইমন। গানটি রন্টির নতুন একক অ্যালবামের টাইটেল গান হিসেবে রাখা হয়েছে। ‘দর্পণ’ নামের অ্যালবামটি বাজারে আনছে সংগীতা। এটি রন্টির দ্বিতীয় একক গানের অ্যালবাম। এতে মোট নয়টি গান রয়েছে বলে জানান রন্টি। এর মধ্যে রয়েছে একটি দ্বৈতকণ্ঠের গান। এতে সহশিল্পী হিসেবে রন্টি পেয়েছেন গুণী সংগীতশিল্পী বাপ্পা মজুমদারকে।
‘দর্পণ’ অ্যালবামে বেশ কয়েকজন সুরকার ও সংগীত পরিচালক কাজ করেছেন। এরা হলেন শওকত আলী ইমন, হূদয়, সাব্বির, কিশোর, অদিত ও রাফি।
ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের সেরা দশে ছিলেন রন্টি। তাঁর প্রথম একক গানের অ্যালবাম আনমনা মন প্রকাশিত হয় ২০০৯ সালে।