স্বাস্থ্য পরীক্ষায় সিঙ্গাপুর যাচ্ছেন ববিতা-চম্পা
স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনে ১৭ মে বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ববিতা ও চম্পা। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হেলথ চেকআপ বা স্বাস্থ্য পরীক্ষার কাজটি করবেন বলেই জানিয়েছেন ববিতা। সিঙ্গাপুরে তাঁরা দুজন এক সপ্তাহের মতো অবস্থান করবেন। এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ববিতা বলেন, ‘গত কয়েক বছর ধরে বছরের ঠিক মাঝামাঝি সময়টাতে চিকিত্সকের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যাওয়া হচ্ছে। এবারেও এরই অংশ হিসেবে সিঙ্গাপুর যেতে হচ্ছে।’ দেশের ফিরেই অবশ্য হাতে থাকা ছবিগুলোর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন ববিতা। তিনি বলেন, দেশে ফিরে মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনতো প্রেম হয়’ এবং শাহীন-সুমনের ‘খোদার পরে মা’ ছবির শুটিং করতে হবে। এ ছাড়া নার্গিস আকতারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবির ডাবিংয়েও অংশ নিতে হবে।ছবির কাজ ছাড়াও ববিতা বর্তমানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক শিশু অধিকার সংগঠন ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইন্টারন্যাশনাল বা ডিসিআইআইয়ের শুভেচ্ছা দূত হিসেবে সম্প্রতি তিনি রাজধানীর কল্যাণপুরে একটি ডে-কেয়ার সেন্টার এবং নারায়ণগঞ্জে একটি চক্ষুশিবির উদ্বোধন করেন ববিতা। দুটিই নির্মিত হয়েছে ডিসিআইআইয়ের অর্থায়নে। প্রতিষ্ঠানটি তৃতীয় বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের তহবিল গড়তে ববিতাকে শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচন করেছে।অন্যদিকে দেশে ফিরেই চম্পা আবার যাবেন ভারতের আগ্রায়। সেখানকার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে। চম্পা বর্তমানে কাজ করছেন হাবিবুর রহমানের পরিচালনায় রূপগাওয়াল চলচ্চিত্রের। এ ছাড়া সম্প্রতি অনুদানের একটি ছবির জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।