স্বীকৃতি মিলল ইমরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান-ডাব্বু
ইমরান-ডাব্বু

‘মেন্টাল’ ছবির ‘বলতে বাকি কত কি’ গানের সুরের স্বত্ব নিয়ে সপ্তাহ খানেক ধরে বিতর্ক চলছিল। কলকাতার সংগীত পরিচালক ডাব্বু দাবি করছিলেন গানটির সুরকার তিনি। অন্যদিকে, বাংলাদেশের ইমরানের দাবি ছিল তিনিই প্রথম গানটির সুর করেছিলেন। অবশেষে গতকাল রোববার রাতে ছবিটির প্রযোজক-পরিচালক ও গানটির সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যস্থতায় বিষয়টির নিষ্পত্তি হয়। গানটির মূল সুরকার হিসেবে ইমরানকে স্বীকৃতি দিয়েছেন ছবির প্রযোজক ও পরিচালক।

পরিচালক শামীম আহমেদ রনি প্রথম আলোকে বলেন, ‘ছবির “বলতে বাকি কত কি” গানটি নিয়ে শুরু থেকে আমি জড়িত ছিলাম না। পুরো ব্যাপারটি প্রযোজক দেখভাল করেছেন। শেষ পর্যন্ত গানটি নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হয়েছে। নিঃসন্দেহে বিষয়টি অনেক আনন্দের। আমরা সবাই এক। কোনো রকম ভুল বোঝাবুঝি নয়, আমরা এক হয়ে কাজ করে যেতে চাই।’

এদিকে ছবিটির প্রযোজক পারভেজ চৌধুরী বলেন, ‘আমি “বলতে বাকি কত কি” গানটি নিয়ে সৃষ্ট বিতর্কের জন্য দুঃখ প্রকাশ করছি। বিষয়টি নিয়ে আপাতত আর কোনো কথা বলতে চাই না।’

এদিকে ইমরান বলেন, ‘“মেন্টাল” ছবির প্রযোজক ও পরিচালক নিজেদের ভুল বুঝতে পেরেছেন এবং আমার গানের স্বীকৃতি দিয়েছেন। এটিই আমার প্রাপ্তি। তাই বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করতে চাই না। আমরা সবাই একই সেক্টরে কাজ করি। সবাই যার যার কাজের প্রতি সম্মান রেখে সামনে আরও কাজ করে যেতে চাই।’
‘মেন্টাল’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তিশা, আঁচল, পড়শীসহ আরও অনেকে।