স্বীকৃতির পাশে সাবিনা ইয়াসমিন

দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে আক্রান্ত সংগীতশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতিকে দেখতে আজ দুপুরে ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। হাসপাতালে বেশ কিছুক্ষণ স্বীকৃতির পাশে সময় কাটান দেশের এই বরেণ্য সংগীতশিল্পী। এ সময় সাবিনা ইয়াসমিন স্বীকৃতিকে বলেন, ‘তুমি সাহস রাখ, ধৈর্য ধর, ইনশা আল্লাহ তুমি ভালো হয়ে উঠবে।’
সাবিনা ইয়াসমিন স্বীকৃতিকে সাহস জোগাতে জানান, একই রোগে তিনিও আক্রান্ত হয়েছিলেন। দেশের বাইরে দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন। এর পর স্বীকৃতির পরিবারের হাতে এক লক্ষ টাকার একটি চেক তুলে দেন তিনি। এ সময় সাবিনা ইয়াসমিনের সঙ্গে সংগীতশিল্পী জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।
উন্নত চিকিৎসার জন্য স্বীকৃতিকে আগামী মঙ্গলবার ভারতের একটি হাসপাতালে নেওয়ার সমস্ত প্রক্রিয়া এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে। ব্যয়বহুল এই চিকিৎসার জন্য দেশের সংগীত পরিবারের অনেকেই এগিয়ে এসেছেন।
গত মাসের ২৪ আগস্ট শারীরিক অসুস্থতা নিয়ে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্বীকৃতি। সেখানে রক্তের বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকেরা স্বীকৃতির ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানান। চিকিৎসকেরা মনে করছেন একমাত্র উন্নত চিকিৎসাসেবা পেলেই এ রোগ থেকে হয়তো বেঁচে উঠতে পারেন তিনি।