স্বেচ্ছানির্বাসনে সারিকা!
বছর দুয়েক আগেও এক মুহূর্তের অবসরের জন্য হাপিত্যেশ করতেন মডেল-অভিনয়শিল্পী সারিকা। একটানা কাজ করে নানামাত্রিক উপস্থাপনায় নিজেকে একজন অপরিহার্য মিডিয়াকর্মী হিসেবে তুলে ধরেছিলেন তিনি। রাতারাতি পেয়েছিলেন তারকাখ্যাতিও। কিন্তু কাজের প্রতি খামখেয়ালিপনা ও উদাসীনতার কারণে তাঁর সেই ব্যস্ততা আগের মতো আর চোখে পড়ে না। এখন তাঁর অখণ্ড অবসর। উল্লেখযোগ্য কোনো নির্মাতার নাটক কিংবা বিজ্ঞাপনচিত্রের কাজ নেই হাতে। আর তাই বাধ্য হয়েই মা-বাবার সঙ্গে বাসায়ই দিন কাটাচ্ছেন এই সময়ের ব্যস্ত মডেল ও অভিনয়শিল্পী সারিকা।২০০৬ সালে গাজী শুভ্রর পরিচালনায় গ্রামীণফোনের ডিজুস প্যাকেজের বিজ্ঞাপনে মডেল হয়ে মিডিয়ায় অভিষেক হয়েছিল সারিকার। মৌ ও মোনালিসার পর সারিকার আবির্ভাব কিছুটা হলে মডেলিংয়ে শূন্যতাপূরণে সক্ষম হয়। একটানা তিন বছর শুধু বিভিন্ন বিজ্ঞাপনচিত্রের মডেলিংয়েই ব্যস্ত ছিলেন সারিকা। এরপর অমিতাভ রেজার নির্দেশনায় অ্যারোমেটিক বিউটি সোপের মডেল হয়েছিলেন। এ বিজ্ঞাপনে গ্ল্যামারাস উপস্থিতি তাঁকে নিয়ে আসে আলোচনায়। তারপর একে একে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে কাজ করেন সারিকা। তবে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক সিরিজের বিজ্ঞাপন সারিকাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রগুলো প্রচারের পর সারিকাকে নিয়ে টিভি ও চলচ্চিত্রনির্মাতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়। তিন বছর মডেলিং করার পর ২০০৯ সালে টিভি নাটকে অভিনয় শুরু করেন সারিকা। আশুতোষ সুজনের পরিচালনায় রবীন্দ্র জয়ন্তীর বিশেষ নাটক ‘ক্যামেলিয়া’তে অভিনয় করেন তিনি। সমসাময়িক অন্য অভিনয়শিল্পীদের তুলনায় খুব অল্প সময়ে টিভি নাটকে নিজের আলাদা একটা অবস্থান তৈরি করে নিতে সক্ষম হন সারিকা। টিভি নাটকের পর একটা পর্যায়ে প্রস্তাব আসে চলচ্চিত্রে অভিনয়েরও। সোহানুর রহমান সোহান, এস এ হক অলীক, স্বপন আহমেদ, মোহাম্মদ মোস্তফা কামালসহ কয়েকজন নামী পরিচালক সারিকাকে নিয়ে বেশ কবার ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। ছবিতে সারিকার পছন্দ অনুযায়ী নায়ককেই নেওয়া হবে এমন প্রস্তাব দেওয়া সত্ত্বেও সবাইকে নিরাশ হতে হয়েছিল। সারিকা তখন সবাইকে বলেছিলেন, ‘বাংলা চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা কম। কয়েক দিন মডেলিংয়ের মধ্য দিয়ে সময় কাটিয়ে, টুকটাক নাটকে অভিনয়ের পরই সব ছেড়ে দেব এবং তারপর বিয়ে করে সংসারী হব। আর তাই চলচ্চিত্রে অভিনয়ের তেমন কোনো ইচ্ছে নেই।’কিন্তু কয়েক মাস আগে সারিকার সুর পাল্টায়। একাধিক সাক্ষাত্কারে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছার কথা জানান দেন। কিন্তু বাংলালিংকের বিজ্ঞাপনের মধ্য দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া সারিকা এরই মধ্যে বাদ পড়েছেন সেখান থেকে। তাঁর বদলে নেওয়া হয়েছে মেহজাবিনকে। তত দিনে টিভি নাটকেও সারিকাকে নিয়ে নির্মাতাদের আগ্রহ কিছুটা কমে যায়। বিজ্ঞাপনচিত্রের মধ্য দিয়ে যে সারিকার এত তারকাখ্যাতি, গত আট মাসে সেই সারিকাকে নতুন কোনো বিজ্ঞাপনচিত্রে দেখা যায়নি। বেশ কয়েকবার চলচ্চিত্রে অভিনয়ের ঘোষণা দিয়েও শুরু করতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে নাটকে অভিনয় থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন।সারিকার সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘আপাতত কাজকর্ম থেকে কিছুটা দূরে আছি। বাসায় মা-বাবার সঙ্গে সময় কাটাচ্ছি। ভালো থাকার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়, ভালো থাকাটাই খুব গুরুত্বপূর্ণ। মাঝে আমার জীবনে বেশ কিছু চড়াই-উতরাইয়ের মুখোমুখি হতে হয়েছে। আমি এখন নিজেকে গোছানোর চেষ্টা করছি। আশা করছি, খুব শিগগির সবকিছু কাটিয়ে উঠতে পারব।’যে সারিকা একসময় শুটিংয়ের কারণে এক মুহূর্তও অবসর পেতেন না, সেই সারিকাই এখন সারা দিন বাসায় কাটাচ্ছেন! এটা কি সারিকার স্বেচ্ছা নির্বাসন নাকি—এমন প্রশ্নের জবাবে সারিকা বলেন, ‘ আমি এসব ব্যাপার নিয়ে আপাতত কিছুই বলতে চাই না।’