স্মরণসভায় শিল্পগুরুর প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পচর্চা থেকে ব্যক্তিজীবন, শিক্ষকতা; সেই সূত্রে দেশের শিল্পান্দোলনের অতীত-বর্তমান উঠে এসেছিল শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের স্মরণসভায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চারুকলা অনুষদে একেবারেই সাদামাটাভাবে আয়োজন করা হয়েছিল এই সভা। রীতিমাফিক কোনো সভাপতি বা প্রধান অতিথি ছিলেন না। নির্ধারিত বক্তার পাশাপাশি শ্রোতা হিসেবে আসা অনেকেই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বক্তাদের অধিকাংশই ছিলেন তাঁর ছাত্র বা সহকর্মী। ফলে প্রয়াত শিক্ষকের শিক্ষাদান-পদ্ধতি, পাঠদানে তাঁর নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা—এসবই বেশি আলোচিত হয়েছে সশ্রদ্ধ ভাষায়। পাশাপাশি তাঁর শিল্পের মূল্যায়ন, ছাপচিত্রকলায় তাঁর অবদানও উঠে আসে স্মৃতিমেদুর নানা ঘটনার অনুষঙ্গে। আলোচনা শুরু করেছিলেন চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক রফিকুন নবী। শিক্ষক ও পরবর্তীকালে সহকর্মী হিসেবে শিল্পগুরুর দীর্ঘদিনের সাহচর্যের নানা ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘আঁকার করণকৌশল ছাড়াও তাঁর কাছ থেকে আমরা সুরুচির শিক্ষা পেয়েছিলাম। সেটা পেয়েছিলাম বলেই আজ যা-কিছু করতে পেরেছি, তা সম্ভব হয়েছে। আজকের এই চারুকলা অনুষদ যে জায়গায় এসে পৌঁছেছে, তার নেপথ্যের খুঁটিটি তাঁরাই পুঁতে দিয়ে গেছেন। সেই শক্ত ভিতের ওপর ভিত্তি করেই আমাদের শিল্পকলা দেশ-বিদেশে খ্যাতি অর্জন করছে।’অধ্যাপক নজরুল ইসলাম বর্তমানের শিক্ষকতার মানের প্রসঙ্গ তুলে বলেন, ‘এখন শিক্ষকেরা শ্রেণীকক্ষে থাকার চেয়ে অন্যত্র বেশি ব্যস্ত থাকেন। তাঁরা পড়ান না, অন্য কিছু করেন। কিন্তু সফিউদ্দীনের মতো শিক্ষকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। এ ক্ষেত্রে নিষ্ঠাবান থাকার যে মানদণ্ড তৈরি করে গেছেন, তা আজকের দিনে বিরল।’অধ্যাপক বুলবন ওসমান তাঁর কাজের মূল্যায়ন করে বলেন, ‘আলোকিত মনের প্রতিচ্ছবিই শিল্পকর্ম। তাঁর ছিল সেই আলোকিত অন্তর। সেই আলোতে তিনি আমাদের আলোকিত করে গেছেন।’চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আবদুল মতিন সরকার দীর্ঘ স্মৃতিচারণার মধ্য দিয়ে শিল্পগুরুর কাজের মূল্যায়ন করে বলেন, ‘কাজের ক্ষেত্রে তিনি কোনো আরোপিত চমক সৃষ্টি করেননি। তবে একধরনের স্বতঃস্ফূর্ত আভিজাত্য ও শুদ্ধতা ছিল তাঁর কাজে, যেমন ছিল তাঁর ব্যক্তিজীবনেও। শিল্পের ক্ষেত্রে কোনো বিচ্যুতি তাঁর কাছে গ্রহণযোগ্য ছিল না। তাঁর মুক্তিযুদ্ধবিষয়ক কাজগুলো নানা দিক থেকেই স্বতন্ত্র মহিমায় ভাস্বর। এই কাজগুলো আমাদের শিল্পকলা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে অমূল্য সম্পদ হয়ে থাকবে।’সফিউদ্দীন আহমেদের ব্যক্তিগত জীবনাচরণের প্রসঙ্গ তুলে ধরে শিল্প মনিরুল ইসলাম বলেন, ‘অনেকেরই ধারণা, শিল্পীরা একটু এলোমেলো উদাসীন ধরনের জীবন যাপন করে থাকেন। কিন্তু সফিউদ্দীন আহমেদের সঙ্গে এই ধারণা একেবারেই যায় না। জীবনের কোনো ক্ষেত্রেই তিনি কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেননি। অত্যন্ত পরিপাটি পোশাক-আশাক পরতেন। পরিশীলিত জীবন যাপন করতেন। সেই পরিশীলিত রুচির প্রকাশ ঘটেছে তাঁর শিল্পে।’শিল্পগুরুর পুত্র শিল্পী আহমেদ নাজির, পুত্রবধূ নাহিদা শারমিন বাষ্পরুদ্ধ কণ্ঠে তাঁদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। এ সময় আলোচনার পরিবেশ বড়ই বেদন-বিষাদে ভারাক্রান্ত হয়ে আসে। এ পর্যায়ে তরুণ প্রজন্মের শিল্পী ও শিল্পগুরুর শেষ দিকের ছাত্র আবদুস সালাম তাঁর শ্রদ্ধা নিবেদন করেন।চারুকলা অনুষদের ডিন আ হ ম মতলুব আলী প্রয়াত শিল্পগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘এই মহান শিল্পী আমাদের মাথার ওপরে ছায়াদানকারী তরুর মতো ছিলেন। আজ তিনি না থাকলেও তাঁর কাজ, তাঁর জীবনদর্শন পরবর্তীকালের শিল্পী ও শিল্পকলার শিক্ষার্থীদের জন্য পাথেয় হয়ে থাকবে।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাপচিত্র বিভাগের শিক্ষক জয়া শাহরিন হক।শিল্পগুরুর আত্মার শান্তি কামনা করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে স্মরণসভা শেষ হয়।প্রসঙ্গত, গত শনিবার ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। আজ শুক্রবার বাদ আসর তাঁর ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২১ নম্বর বাড়িতে (পুরোনো গ্যালারি চিত্রক) কুলখানি অনুষ্ঠিত হবে।কায়ায় হামিদুজ্জামান খানের প্রদর্শনীশিল্পের দুই ভুবনের বাসিন্দা শিল্পী হামিদুজ্জামান খান—একটি ভাস্কর্যের, অন্যটি জলরঙের। উত্তরার গ্যালারি কায়ায় গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ‘জলরং ও ভাস্কর্য’ শিরোনামে তাঁর শিল্পকর্মের একক প্রদর্শনী।প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন গ্যালারির পরিচালক গৌতম চক্রবর্তী। প্রদর্শনী চলবে আগামী ৬ জুন পর্যন্ত।