স্মরণীয় চরিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত নাটকের চরিত্রেই রূপদান করতে হয় অভিনয়শিল্পীদের। একটি ভালো চরিত্র ফুটিয়ে তুলতে হলে এর পেছনে দিতে হয় কত মেধা, কত পরিশ্রম। নিজের কাছে ভালো লাগে—এমন কয়েকটি চলচ্চিত্র বা নাটকের চরিত্র নিয়েই বলেছেন শিল্পীরাহুমায়ুন ফরীদিসংশপ্তক-এর রমজানসংশপ্তক উপন্যাসে রমজান চরিত্রটিকে শহীদুল্লা কায়সার এমনভাবেই তুলে ধরেছেন যে আমাকে এই চরিত্রে অভিনয় করতে খুব বেশি বেগ পেতে হয়নি বা এ জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়নি। আসলে রমজান চরিত্রটি এমনিতেই ছিল নাটকীয়, কখনো কখনো অতিনাটকীয়। ফলে স্বাভাবিকভাবেই অভিনয়টা করে গেছি। বরং অন্য অনেক নাটক আছে, যেগুলোর কাজ করার আগে আমি অনেকবার ভেবেছি সেসব নাটকের চরিত্র নিয়ে।নাটকের নির্মাতা আবদুল্লাহ আল-মামুন একদিন আমাকে বললেন, ‘সংশপ্তক পড়েছ।’ বললাম, হ্যাঁ। তিনি বললেন, ‘তোমাকে রমজান চরিত্রটি করতে হবে।’ আমি আবার উপন্যাসটি পড়লাম। এরপর কাজ শুরু হওয়ার সময় চুলের ঝুঁটি বেঁধে ফেললাম। এর কারণ ছিল, যখন আমার কানটা কাটা হবে, তখন যেন আমি চুলের ঝুঁটি ছেড়ে দিতে পারি। তাহলে কাটা কানটি আর দেখা যাবে না।নাটকটি প্রচারের পর দেখা গেল, রমজান চরিত্রটি বেশ জনপ্রিয়তা পেল। আমার এখনো মনে আছে, এই নাটকের আউটডোর ক্যামেরাম্যান ছিল আমার বন্ধু আনোয়ার হোসেন বুলু। জয়দেবপুর চৌরাস্তার পাশে একটি গ্রাম ছিল, সেখানেই আমরা শুটিং করতাম। বুলুর একটি মোটরসাইকেল ছিল। সেই মোটরসাইকেলে চড়ে আমি আর বুলু দুপুরবেলা চলে যেতাম একটা হোটেলে। গিয়েই বলতাম, ‘যা যা আছে সব এক প্লেটে করে নিয়া আসো।’ হোটেলওয়ালা সেভাবেই কাজ করতেন। ভেজালমুক্ত খাবার। মন শান্তি করে খেয়ে আবার শুটিংয়ে চলে যেতাম।রমজান চরিত্রটি সত্যিই এতটা জনপ্রিয়তা পেল যে চারদিক থেকেই বেশ সাড়া পাচ্ছিলাম। এমন একটি চরিত্রের কথা কি সহজে ভোলা যায়?মৌসুমী কেয়ামত থেকে কেয়ামত-এর রেশমিপ্রথম ছবি। কেয়ামত থেকে কেয়ামত। দারুণ উৎসাহ। বড় পর্দায় নিজেকে দেখা যাবে। প্রথম দিন শুটিং। উফ্, সে যে কী উত্তেজনা আমার মধ্যে! আমার চরিত্রের নাম রেশমি। কাজ শুরু হলো। একেকটি দৃশ্যে কাজ করছি আর আমি যেন নিজেই রেশমি হয়ে যাচ্ছি। আমি জানি, জুহি চাওলা এই রেশমি চরিত্রটিতেই অনেক সুন্দর অভিনয় করেছিলেন। আমি জুহির মতো হয়তো কাজ করতে পারব না। কিন্তু আমি রেশমি হয়ে যাচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর লোকেশনে গিয়েছি। সেখানে কাজ করেছি। এরপর সেই আবেগঘন দৃশ্যটির কাজ। সালমানকে সবাই মারছে। আর আমি সেই দৃশ্য দেখে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছি। আমি পরিচালক সোহানুর রহমান সোহান ভাইকে বললাম, এই দৃশ্যটির কাজ কি এখনই করতে হবে? সোহান ভাই বললেন, ‘না, তোমার ডামি ব্যবহার করা হবে।’ দেখি কি, একজন ছেলেকে আমার মতোই শাড়ি পরিয়ে রাখা হয়েছে। আমি বিরক্ত হয়ে বললাম, এটা কোনো কথা হলো? আমি থাকতে অন্য মানুষ কেন এই শট দেবে? পরিচালক বললেন, ‘তোমার মাথা খারাপ। এত উঁচু পাহাড় থেকে তোমাকে যদি গড়িয়ে গড়িয়ে পড়ার দৃশ্যে কাজ করাই, তাহলে দেখা যাবে সিনেমা মুক্তির আগেই তুমি আর আমাদের মাঝে নেই বা বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে।’ আমি মন খারাপ করেই গাড়িতে উঠে বসলাম। দেখি, দূর পাহাড় থেকে আমার ডামি গড়িয়ে গড়িয়ে পড়ছে।পরের দিন আবার আমার শুটিং। আমার আর সালমানের মৃত্যুদৃশ্য। সত্যি যখন আমরা সেই দৃশ্যে অভিনয় করলাম, তখন মনে হচ্ছিল সত্যিই যেন আমরা মারা যাচ্ছি। আমাদের দুজনের চোখ দিয়েই পানি আসছিল। পরে দেখি অনেকেই চোখ মুছছে। এখনো যখন এই ছবিটির রেশমি চরিত্রের কথা মনে হয়, মনে পড়ে অনেক অনেক স্মৃতি। এমন চরিত্রের কথা কি ভুলতে পারি? রিয়াজমনের মাঝে তুমির সিন্টুআমার অভিনয়জীবনটা খুব বেশি দিনের নয়। অল্প সময়ের মধ্যেই আমি অনেকগুলো ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছিলাম। এর মধ্যে একটি হচ্ছে মনের মাঝে তুমির সিন্টু চরিত্র। ছবিতে কাজ করার জন্য যখন হায়দরাবাদে গেলাম, তখনো বুঝিনি যে এমন একটি ছবি এবং চরিত্র আমার জন্য অপেক্ষা করছে। প্রথম দিন কাজ করলাম। আমাদের বলা হলো, সূর্য ওঠার সময় তৈরি থাকতে হবে। আমরা সেভাবেই তৈরি হলাম। আমাদের একটি নদীর কাছে নিয়ে যাওয়া হলো। সেখানে কাজ করলাম। এরপর একটি সাগরপাড়ে। কী যে উত্তেজনা, চোখ ধাঁধানো লোকেশন দেখে মুগ্ধ হবে না কে?সেদিন রাতেই মনে হলো যে আমি বোধ হয় এমন একটি ছবিতে অভিনয় করছি, যে ছবিটি বাংলাদেশে একটি ঐতিহাসিক প্রেমের ছবি হিসেবে চিহ্নিত হবে এবং এই ছবির চরিত্রটি হয়তো আমাকে আরও এক ধাপ ওপরে নিয়ে যাবে।কাজ করলাম সেভাবেই। টানা এক মাস আমরা কাজ করলাম। গানগুলো যেদিন শুনলাম সেদিনই বিড়বিড় করে বললাম, এই ছবির গান বাজারে এলেই ছবি হিট হয়ে যাবে। আমার প্রতিটি কথাই বাস্তবে ফলেছে। সিন্টুর এই চরিত্র এমনভাবেই মানুষ গ্রহণ করল যে ছবি মুক্তির পর আমাকে অনেকেই সিন্টু নামে ডেকেছে। আফসোস যে এখন আর এমন চরিত্র চোখে পড়ে না।এ ছবির একটি দৃশ্য ছিল, আমি পূর্ণিমাকে আমার পরিচয় দিয়ে ভালোবাসার কথাগুলো বলতে পারি না। তখন সাগরপাড়ে এসে আমার বন্ধু হাবু আমাকে বলে, ‘কাঁদ, আরও বেশি করে কাঁদ, কাঁদলে তোর মনটা হালকা হবে।’ এ সময় আমরা সাগরের যে জায়গায় দাঁড়িয়ে ছিলাম, সেখানে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছিল। সত্যি এমন কান্না পেল যে চোখে আর গ্লিসারিন লাগাতে হলো না। এমনিতেই দুই চোখ বেয়ে পানি ঝরতে লাগল। এমন একটি চরিত্রের কথা অম্লান হয়ে আছে আমার হূদয়ে। বিপাশাএপিটাফ-এর সেই মেয়েটি (নিশি)এপিটাফ নামে একটি নাটক করেছিলাম। নাটকে আমার যে চরিত্রটি ছিল, কাজটি করার আগে, প্রতিটি সংলাপ বলার আগে তা আমাকে বেশ ভাবিয়েছে। কিছু সংলাপের ছিল রূপক অর্থ। আমার মনে হচ্ছে আমার এই হাতের তালুর ওপরে ঘোড়া ছুটছে। এই যে এই সংলাপ, আমার এখনো মনে আছে। প্রতিটা সংলাপ বলার আগে আমি অনুভব করতাম। আমি আমার হাতের দিকে তাকিয়ে থাকতাম, মনে হতো, সত্যিই আমার হাতের ওপর ঘোড়া ছুটছে। ওখানে মেয়েটির মানসিক ভারসাম্যহীনতা ছিল, তবে তার আগে তার অতীত জীবন ছিল, কেন সে মানসিকভাবে ভারসাম্যহীন হলো...আমাদের মনে অনেকগুলো স্তর আছে, সেই স্তরগুলোর মধ্য দিয়েই মেয়েটি পরিভ্রমণ করেছে। সে যখন কথা বলে, তখন ওর ভাবনার জায়গাটা উঠে আসে। ও যেন দেখতে পায়। একজন মানুষ যখন অভিনয় করে, তখন তার সবচেয়ে বড় অর্জন হচ্ছে, ভিন্ন মানুষকে ধারণ করার একটা সুযোগ সে পায়। এটা আর কোনো পেশায় সম্ভব নয়। তাকে ওই মানুষটি হয়ে উঠতে হয়। নাট্যকার একরকম ভেবে চরিত্র তৈরি করেন, নির্দেশক তা ভিজ্যুয়ালাইজ করেন আর অভিনেতা কিন্তু সেই মানুষ বা চরিত্রটির জীবন যাপন করেন। আমাকেও কিন্তু ওই মেয়েটির জীবনের একটা অংশ যাপন করতে হয়েছে। মেয়েটির ভাবনার জায়গাটা জানার জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে। একজন নাট্যকার একটি চরিত্র তৈরি করলেন, আমি তাতে কতটা সৃজনশীলতা যোগ করতে পারলাম, সেটাই প্রশ্ন। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছি। কতটুকু হয়েছে, সেটা পরের ব্যাপার। নাসরীন জাহানের কাহিনি নিয়ে হয়েছিল নাটকটি। পরিচালক ছিলেন অনন্ত হিরা। আমার সহশিল্পী ছিলেন খালেদ খান, আহমেদ রুবেল ও আতাউর রহমান—যাঁরা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে উজ্জ্বল। ফলে আমাদের ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া ছিল খুব আরামের। কারণ আমি জানতাম, আমি যাদের সঙ্গে অভিনয় করছি, তারা সবাই খুব উঁচু মাপের অভিনয়শিল্পী। এটা ছিল একটা টেলিফিল্ম। প্রায় ৯ বছর আগের নাটক এটা। যদ্দুর মনে পড়ে মেয়েটির নাম ছিল নিশি। চরিত্রটি করে আমি তৃপ্তি পেয়েছিলাম। জয়া আহসানতারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে-এর আঙ্গুরলতাআমি তো কাজ করছি অনেক দিন হলো। নানা ধরনের চরিত্রে অভিনয় করছি। যখন যে চরিত্রে অভিনয় করি, তখন সেটাই আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি কিন্তু নিজের চরিত্রটিকে ঠিক ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য শতভাগ চেষ্টা করি। এর পরও যদি শুধু একটা উল্লেখযোগ্য চরিত্রের কথা জানতে চান, আমি ‘আঙ্গুরলতা’র কথা বলব। মেজবাউর রহমান সুমনের টেলিছবি তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে। আঙ্গুরলতা আমার দেখা কোনো চরিত্র নয়। আমি ওকে আগে কখনো দেখিনি। তাকে অনুভব করিনি। আমরা টেলিছবিটির কাজ করেছিলাম দৌলতদিয়ায় পতিতালয়ে। টানা কয়েক দিন ওখানে থেকেছি। যৌনকর্মীদের সঙ্গে মিশেছি, থেকেছি, কথা বলেছি, তাদেরকে কাছ থেকে বোঝার ও জানার চেষ্টা করেছি। একসময় ওদের সঙ্গে চমৎকার সম্পর্ক তৈরি হয়ে যায়। কাছ থেকে ওদের দুঃখ-দুর্দশা দেখেছি। কাজ করতে গিয়ে ওদের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম, মনে হয়েছিল, আমি ওদেরই একজন। ওদের দুঃখের সঙ্গী। তাদের মধ্য থেকে কয়েকজন নিজের সন্তান আমার হাতে তুলে দিতে চেয়েছিলেন, যাতে সন্তানটি ঠিকমতো মানুষ হয়। টেলিছবিটির গল্পটাও ছিল অসাধারণ। এখানে একজন যৌনকর্মীর প্রেমের জায়গাটা তুলে আনার চেষ্টা করা হয়েছে। শুটিং শেষ হওয়ার পর আমরা কাউকে কিছু না জানিয়েই চলে আসতে বাধ্য হয়েছিলাম। ‘আঙ্গুরলতা’ আমার অভিনয়জীবনের অন্যতম সেরা বন্ধু।এ ছাড়া চলচ্চিত্রে নাসির উদ্দীন ইউসুফের গেরিলা ছবির ‘বিলকিস’কে খুব ভালো লেগেছে। আমি তো মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্ম। বড়দের মুখে মুক্তিযুদ্ধের অনেক গল্প শুনেছি। কিন্তু গেরিলা ছবিতে কাজ করতে গিয়ে আমি ওই সময়ের একটা মানুষ হয়ে গিয়েছিলাম। চলে গিয়েছিলাম ১৯৭১ সালে। ওই সময়ের বিলকিস হয়ে ওঠার চেষ্টা করেছি।আজাদ আবুল কালামপাথর-এর বশির চোরামঞ্চে-টেলিভিশনে একাধিক নাটকে অভিনয়ের সুযোগ হয়েছে। প্রিয় চরিত্রও একাধিক। আমার প্রিয় চরিত্র আরণ্যক নাট্যদলের পাথর নাটকটির বশির চোরা। এই নাটকটি সম্ভবত ১৯৯৩ সালে মঞ্চে আসে। মামুনুর রশীদের লেখা আর নির্দেশনায় ছিলেন আজিজুল হাকিম। আমি নাটকটিতে সহকারী নির্দেশক হিসেবে ছিলাম। নাটকটির চূড়ান্ত মহড়া শুরু হওয়ার আগে মূল চরিত্রগুলো দলের কর্মীদের মাঝে ভাগ করে দেওয়া হয়। তবে একটা চরিত্র থেকে যায়। এটি সেই ‘বশির চোরা’। আজিজুল হাকিম আমাকে চরিত্রটি করতে বললেন। আমি রাজি হয়ে গেলাম। চরিত্রটিতে কাজের তেমন কিছু নেই। মাত্র দুটি দৃশ্যে দেখা যাবে। তবে আমি একটা জিনিস বরাবরই লক্ষ করেছি, মামুনুর রশীদের লেখা নাটকে যে চরিত্রই হোক না কেন, অভিনয়ের একটা জায়গা থাকে। যে কেউ-ই ইচ্ছা করলেই কাজ দিয়ে বের হয়ে আসতে পারে। বশির চরিত্রটির মধ্যে কিছু না থাকলেও কাজের জায়গা ছিল। একটা বয়স্ক চোরের চরিত্র কেমন হবে, তা বোঝার চেষ্টা করেছি। ভাষা ছিল সিরাজগঞ্জ এলাকার। ভাষাও আমাকে রপ্ত করতে হয়েছে। সব মিলে নিজের মধ্যে চরিত্রের পরিবেশটা তৈরির জন্য প্রস্তুত হতে থাকি। আমি আগেই বলেছি মামুনুর রশীদের নাটকে জায়গা থাকে। আমি সম্ভবত সেই জায়গাটা ধরে কাজটি করতে পেরেছিলাম। বশির চোরা বয়স্ক। এখন চুরি না করলেও গ্রামে পুলিশ এলেই তাঁর মধ্যে অস্থির অবস্থা তৈরি হয়। সে পালিয়ে থাকতে চায়। ভয় পায়। বশির চোরা শেষ বয়সে এসে তাঁর অতীত অপকর্মের জন্য মানসিকভাবে অসুস্থ থাকে। আমি মনে করি প্রকৃত বশির চোরার মতোই চরিত্রটি তৈরিতে নিজেকে পরিপূর্ণ করতে পেরেছিলাম।পাথর নাটকটির শততম মঞ্চায়ন পার হয়েছে। দেশের বাইরেও এর বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। চঞ্চল চৌধুরীমনপুরার সোনাইনিজের অভিনীত প্রতিটি চরিত্রই প্রিয়। একটি চরিত্র নিয়ে কথা বলা বেশ মুশকিল। তৌকীর আহমেদের রূপকথার গল্প, গৌতম ঘোষের মনের মানুষ এবং গিয়াস উদ্দীন সেলিমের মনপুরা চলচ্চিত্রে অভিনয় করেছি। ২০০টির মতো নাটকে অভিনয় করা হয়েছে। মঞ্চ থেকে আমার যাত্রা শুরু হয়েছে। তাই এর কথা বাদ দিলে অসম্পূর্ণ থেকে যায়। সংক্রান্তি নাটকের কর্নেটবাদক, মানুষ নাটকের জনা ও রাঢ়াঙ-এর দারোগা চরিত্র আমাকে বারবার আত্মতৃপ্ত করে। আজ মনপুরার সোনাই হওয়ার গল্প বলব। এটি আমার অভিনয়জীবনের অন্যতম সেরা কাজ। গিয়াস উদ্দীন সেলিমের সঙ্গে মনপুরায় কাজ করার আগে থেকে আলোচনা হয়েছে। পারস্পরিক মতবিনিময় করেছি। চিত্রনাট্য পড়েছি। নিজের মধ্যে সোনাইকে ধারণ করেছি।মনপুরার সোনাই খুনের মিথ্যা অভিযোগ নিয়ে একটি চরাঞ্চলে একা থাকতে শুরু করে। ফলে তার চুল একটু বড় হয়ে যায়। সেই কারণে সে সময় চুল বড় রাখতে হয়। চরে একা থাকতে থাকতে সোনাই হাঁপিয়ে ওঠে। একসময় তার সেই আশ্রয়দাতা চাচাকে বলে, একা থাকতে পারবে না। তার সঙ্গী লাগবে। তখন তিনি সোনাইকে কয়েকটি গরু, ছাগল ও ময়না পাখি দিয়ে আসে। মনে হলো অভিনয়ের প্রয়োজনে তো এদের সঙ্গে সখ্য করতে হবে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে গরু-ছাগলকে বিস্কুট, পাতা ও ঘাস খাওয়াতাম। ময়না পাখিটার সঙ্গে কথা বলতাম। ওরা যেন আমার কথা বুঝত। মনপুরায় একটি দৃশ্য এমন ছিল, সোনাই চলে যাবে, সে তখন ছাগলকে কোলে তুলে আদর করে। সেই দৃশ্যে ছাগলটির অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, এমন অভিনয় কীভাবে করল ছাগলটি। এ রকম ছোটবড় অনেক ধরনের প্রস্তুতি এবং পুরো দলের প্রচেষ্টায় আমরা সফলভাবে কাজটা শেষ করেছি।