
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের শেষের রাতটিও স্মরণীয় করে রেখে গেলেন উপমহাদেশের স্বনামখ্যাত গাইয়ে-বাজিয়েরা। গত রোববার আর্মি স্টেডিয়ামে সমাপনী অধিবেশন শুরু হয়েছিল বাংলাদেশের শিল্পী তামান্না রহমানের মণিপুরি নৃত্য দিয়ে। পরে ছিল সুচিশ্রী রায়ের কণ্ঠসংগীত। এরপর ছিল সমাপনী অনুষ্ঠানের আলোচনা পর্ব। আসর জমে উঠেছিল তার পরেই। এবার চারদিনের এ উৎসব শুরু হয়েছিল ২৮ নভেম্বর থেকে।
সন্তুরের জীবন্ত কিংবদন্তি পণ্ডিত শিবকুমার শর্মার ছেলে ও শিষ্য রাহুল শর্মাও যে বাবার যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন, তার সাক্ষাৎ প্রমাণ দিলেন তিনি অসাধারণ বাদনে। রাত নয়টার দিকে মঞ্চে আসেন তিনি। আগের রাতে শিবকুমারের মিষ্টি টোকার বাজনার স্মৃতি শ্রবণে অনুরণিত ছিল অনেকেরই। বাবার চেয়ে ছেলের টোকাগুলো মনে হয়েছে একটু উচ্চ নিনাদের। রাহুল গোরক কল্যাণ রাগ বাজিয়েছেন। বেল লম্বা করে আলাপ। তারপর সত্যজিৎ তালওয়াকরের তবলার সঙ্গে জোড়, ঝালা, মধ্যম ও দ্রুত তিন তাল দিয়ে দেড় ঘণ্টার বেশি সময়ের বাদন শেষ করেন তিনি বিপুল করতালির মধ্য দিয়ে।
বাদনের পর কণ্ঠসংগীত পরিবেশন করেন পণ্ডিত উলহাস কাশালকার। প্রথমে তিনি রাগ কামদ পরিবেশন করেন। বন্দিশ ছিল ‘যানে না দুঙ্গি তুঝে’। পরে একটি তারানা পরিবেশন করেন তিনি।
গানের পর আবার বাজনা। রুদ্রবীণা নিয়ে মঞ্চে এলেন ডাগর ঘরানার বিখ্যাত ওস্তাদ বাহাউদ্দিন ডাগর। যন্ত্রটি যেমন অদ্ভুত দর্শন, তেমনি তার বাজনাও অভিভূত হওয়ার মতো। রুদ্রবীণা ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্রগুলোর একটি। বর্তমানে এ যন্ত্রের বাদনও করেন ডাগর ঘরানার অতি অল্প কিছু শিল্পী। প্রশান্ত গম্ভীর শ্রুতিমধুর দীর্ঘ আলাপ বাদন করেছেন বাহাউদ্দিন চন্দ্রকোষ রাগে। এরপর পাখোয়াজের গুরুগম্ভীর বোলের সঙ্গে জোড়, ঝালা ও গৎ পরিবেশন করে তিনি মঞ্চ ছাড়েন রাত দেড়টায়।
ওস্তাদ রশীদ খানের নাম ঘোষণা হতেই শ্রোতারা করতালিতে তাঁকে অভিনন্দন জানান। রাত পৌনে দুইটায় মঞ্চে আসেন তিনি। শুরু করেন মালকোশ দিয়ে। প্রায় দেড় ঘণ্টা গেয়েছেন তিনি রাগটি। বন্দিশ ছিল ‘তু মালিক মেরি রুহ কা’ ও ‘আজ মোরি ঘর আয়ে না বলমা।’ এরপর তিনি গেয়েছেন রাগ সোহিনি বাহার ‘নজরে ন্যাহি আয়ে মেরে পিয়া’। দর্শকদের অনুরোধে ওস্তাদ বড়ে গোলাম আলী খানের বিখ্যাত ঠুমরি ‘ইয়াদ পিয়া কি আয়ে’ দিয়ে যখন তিনি শেষ করেন, তখন রাত সাড়ে তিনটা।
উৎসবের সমাপনী টানতে মঞ্চে আসেন বেগম পারভিন সুলতানা। তাঁর বরাদ্দে সময় ছিল কম। শ্রোতাদের অভিনন্দন জানিয়ে বললেন, ফজরের নামাজ পড়বেন। তাই আজানের আগপর্যন্ত গান শোনাবেন তিনি। ভোরের রাগ গুরজরি টোড়ি শুরু করেন তিনি। সংক্ষিপ্ত আলাপের পর বন্দিশ ‘ঘর আয়ে না বলমা’। এরপর ছোট করে গাইলেন মিশ্র ভৈরবী রাগের ঠুমরি ‘ইয়াদ আয়ে না বলমা’। গানও শেষ, আজানও শুরু। থামলেন তিনি। কিন্তু শ্রোতারা তখনো অতৃপ্ত। শুনবেন বলিউডের কুদরত সিনেমায় গাওয়া তাঁর জনপ্রিয় ঠুমরিটি। অনুরোধ এড়াতে পারলেন না তিনি। অভিনন্দন ও বিনয় জানালেন ঢাকার অসাধারণ শ্রোতাদের, যাঁরা রাতভর গভীর মনোযোগে উচ্চাঙ্গসংগীত শুনেও আরও শোনার জন্য এমন অনুরোধ করছেন। ছোট করে গাইলেন ভৈরবী রাগে তাঁর সেই বিখ্যাত ঠুমরি, ‘হামে তুম সে পেয়ার কিতনা’। বিপুল করতালিতে পরিবেশ মুখর করে তুললেন দর্শকেরা।
গানের পর্ব শেষে মঞ্চে এলেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। তিনি শ্রোতা, শিল্পী, অনুষ্ঠানে সহযোগিতা দেওয়া প্রতিষ্ঠান ও বেঙ্গলের নেপথ্য কর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের এ অস্থির সময়ে এ উৎসবটি আয়োজন করা নিয়ে তাঁরা দ্বিধান্বিত ছিলেন। কিন্তু কলকাতার সংগীত রিসার্চ একাডেমির সঙ্গে ১৫ বছরের দীর্ঘ মেয়াদের চুক্তির আওতায় প্রতিবছর একই সময়ে এ উৎসবের পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া এ উৎসবে ১০১ জন শিল্পী ও তাঁদের সহযোগী অংশ নিয়েছেন। তাঁরা সবাই অত্যন্ত ব্যস্ত থাকেন। প্রায় ছয় মাস ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ করে এ উৎসবের জন্য তাঁদের কাছ থেকে সময় নেওয়া হয়েছে। কাজেই উৎসবের সময় পরিবর্তন করা সম্ভব হয়নি। গত কয়েক দিনের সহিংসতায় সারা দেশে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে যবনিকা নামল চার দিনের এ সংগীত মহোৎসবের।