স্মরণে দিলীপ চক্রবর্তী
সদ্যপ্রয়াত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রাভিনেতা দিলীপ চক্রবর্তীকে স্মরণ করবে তাঁর নাটকের দল দেশ নাটক। দলের সূত্রে জানা গেছে, কাল শুক্রবার বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ওই স্মরণসভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পথনাটক পরিষদ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের নেতারাসহ বিভিন্ন নাট্যদলের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এতে উপস্থিত থাকবেন। স্মরণসভাটি সবার জন্য উন্মুক্ত।দিলীপ চক্রবর্তীর জন্ম ১৯৬৮ সালের ২২ মে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নগরভাদ গ্রামে। তিনি বেড়ে উঠেছেন একটি সাংস্কৃতিক পরিবেশে। শৈশব থেকে তিনি বিভিন্ন লোকনাটক, যাত্রাপালা সঙ্গে যুক্ত ছিলেন। তিনি দেশ নাটকে যুক্ত হন ১৯৮৮ সালে এবং দলের ‘বিরসাকাব্য’ নাটকে বেশ কয়েকটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢাকার মঞ্চে নিয়মিত হন। ‘বিরসাকাব্য’-এর পর কয়েক বছর বিরতি দিয়ে তিনি আবার দলে নিয়মিত হন এবং একে একে ‘নিত্যপুরাণ’, ‘দর্পণে শরত্শশী’, ‘লোহা’সহ বেশ কয়েকটি মঞ্চ ও পথনাটকে অভিনয় করেন। ‘নিত্যপুরাণ’ নাটকের নায়ক একলব্য চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। এ নাটকের অনন্য সফলতার পেছনে তাঁর অভিনয়ের ভূমিকা অনেক। শিল্পনিপুণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক সম্মাননা পেয়েছেন। মঞ্চে তাঁর সর্বশেষ অভিনীত নাটক দেশ নাটকের ‘অরক্ষিতা’। দলের এই নতুন নাটকে শুক্রাচার্য চরিত্রে অভিনয়ের ক্ষেত্রেও তিনি তাঁর প্রতিভার স্বাক্ষর রাখেন।