স্মরণে শিল্পী বশির আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বশির আহমেদ (১৯৩৯-২০১৪)
বশির আহমেদ (১৯৩৯-২০১৪)

গত ১৯ এপ্রিল চলে গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী বশির আহমেদ। তাঁর সঙ্গে কাজ কাজ করতে গিয়ে কাছের মানুষ হয়ে উঠেছিলেন অনেকেই। তাঁদের মধ্য থেকে তেমন কয়েকজন স্মৃতিচারণ করলেন বশির আহমেদকে নিয়ে।

সৈয়দ শামসুল হক
ময়নামতি ছবির ‘ডেকো না আমারে তুমি/ কাছে ডেকো না’ গানটি আমার লেখা, গেয়েছিলেন বশির আহমেদ। তাঁর সঙ্গে আমার তেমন কোনো দেখা-সাক্ষাৎ হতো না। বশিরের কণ্ঠ ছিল দারুণ মিষ্টি। তাঁর চলে যাওয়ার খবর শুনে মন ভীষণ খারাপ হয়েছে।
ফেরদৌসী রহমান
ষাটের দশক থেকে আমি বশির ভাইয়ের সঙ্গে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করি। তখন উর্দু ছবিই হতো বেশি। এরপর যখন বাংলা ছবি নির্মাণ শুরু হলো, তখনো আমি তাঁর সঙ্গে জুটি হয়ে অনেক ছবিতে গান করেছি। একসময় আমাদের মধ্যে দারুণ একটা সম্পর্ক তৈরি হয়। পারিবারিকভাবেও আমাদের মধ্যে একটা দারুণ যোগাযোগ ছিল। কেবল একজন গুণী সংগীতশিল্পীই নন, অসাধারণ ও খুব ভালো মনের মানুষ ছিলেন তিনি। আমাকে খুব স্নেহ করতেন। যখনই দেখা হতো, একটা হূদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হতো। তাঁর চলে যাওয়ার খবরটি খুবই ব্যথিত করেছে আমাদের।

গাজী মাজহারুল আনোয়ার

দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দুজনের সম্পর্ক। একসঙ্গে অনেক ছবিতে আমরা গান করেছি। বয়সের ব্যবধান বেশি হলেও আমাদের সম্পর্ক ছিল বন্ধুর মতোই। তাঁর সঙ্গে শেষ কাজ করেছিলাম মৌসুমী পরিচালিত কখনো মেঘ কখনো বৃষ্টি ছবিতে। ছবিটিতে ইমন সাহার সুরে ‘কোনো এক বৈশাখে’ গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বশির। তাঁর চলে যাওয়ার খবর শোনার পর থেকে ভীষণ কষ্ট হচ্ছে। দুঃখ হচ্ছে, এই প্রজন্মের অনেকেই বশির আহমেদ ও তাঁর জনপ্রিয় গানগুলো সম্পর্কে ভালোভাবে জানে না। তাই সবার কাছে বলতে চাই, শিল্পীরা বেঁচে থাকতে তাঁদের কদর দিন।

কনকচাঁপা

একেবারে শিশু বয়সে আব্বা আমাকে তাঁর কাছে গান শেখার জন্য নিয়ে যান। তিনি যে শুধু আমার গানের শিক্ষক ছিলেন তা কিন্তু নয়, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যা দরকার, তার অনেক কিছুই শিখিয়েছেন। একজন মানুষ কতটা ভালো এবং কত বেশি সৎ হতে পারেন, তা তাঁকে না দেখলে বুঝতে পারতাম না। নিয়মনীতিতে বেশ কঠোর ছিলেন। আমরা একসঙ্গে অনেকে তাঁর কাছে গান শিখতাম। আমাকেই অনেক বেশি স্নেহ করতেন। তাঁর শাসনও ছিল বেশ কঠোর। সেটা আমার এখনকার বয়স পর্যন্ত অব্যাহত ছিল। ওস্তাদজি হঠাৎ করেই শাস্ত্রীয় সংগীতের ক্লাসে নতুন কিছু ধুন শোনাতেন এবং সেগুলো ক্লাসে শিখে নিতে বলতেন। কিন্তু কোনো কিছু নোট করতে দিতেন না। আবার হঠাৎ করেই ক্লাসে পড়া ধরতেন। আমিও চেষ্টা করতাম ওস্তাদজির শেখানো ধুনগুলো সঠিকভাবে গাওয়ার।