স্মরণে হুমায়ূন আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদ—তিনি একই সঙ্গে নাট্যকার, গীতিকার, পরিচালক এবং নন্দিত সাহিত্যিক। তিনি আর নেই। তাঁর সঙ্গে নাটক, চলচ্চিত্র এবং গানে যাঁরা কাজ করেছেন, আমরা তাঁদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম পুরোনো সেই দিনগুলোর কথা। অনেকেই কান্নার জন্য কথা বলতে পারেননি, কেউ কেউ সারা দিন মুঠোফোন বন্ধ রেখেছেন। কাছের খুব প্রিয় মানুষটির জন্য সবাই শোক পালন করেছেন নিজেদের মতো করে। তাঁদের কয়েকজনের কথা দিয়ে আমরা স্মরণ করছি হুমায়ূন আহমেদকে।তাঁর অনুরোধ রেখেছিলাম: সুবর্ণা মুস্তাফাএকদিন হুমায়ূন আহমেদ আমার বাসায় এলেন। বললেন, ‘আপনি যদি মোনা চরিত্রটি করেন, তবেই আমি কোথাও কেউ নেই ধারাবাহিকটি করব।’ টিভিতে তাঁর শঙ্খনীল কারাগার ধারাবাহিকেও আমি অভিনয় করেছি। পরে তিনি এই নামে একটি চলচ্চিত্র তৈরির পরিকল্পনা করেন। আবারও আমাকে অনুরোধ করলেন। বললাম, যদি মূল গল্পটা ঠিক রাখেন, তাহলে রুনু চরিত্রে আমি অভিনয় করব। আমি তাঁর অনুরোধ রেখেছিলাম। এই একমাত্র হুমায়ূন আহমেদ ভালো ভালো ছবি বানিয়ে নিজের একক প্রচেষ্টায় প্রেক্ষাগৃহে দর্শক এনেছেন। টিভির দর্শকদের আনন্দ দিয়েছেন। অনেকে আজ তাঁর হাত ধরে প্রকাশক হয়েছেন। দুপুরের খাবার আর খাওয়া হবে না: রিয়াজহুমায়ূন আহমেদ স্যারের দুটি ছবিতে আমি অভিনয় করেছি—দুই দুয়ারী আর শ্যামল ছায়া। দুই দুয়ারী ছবির জন্য আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। অনেকগুলো নাটকে অভিনয় করেছি। আজ খুব মনে পড়ছে চৈত্র দিনের গান নাটকের কথা। নুহাশ পল্লীতে সুইমিংপুলে স্যারের সঙ্গে কোমরপানিতে দাঁড়িয়ে দুপুরের খাবার খাওয়ার সেই আনন্দ কখনো ভুলব না। ওভাবে দুপুরের খাবার আর খাওয়া হবে না। কারও সঙ্গে কথা বলব না: মাহফুজ আহমেদকিছুদিন আগে স্যার যখন দেশে এলেন, আমি দেখা করতে গিয়েছিলাম। তখন কথা প্রসঙ্গে মৃত্যু প্রসঙ্গ এসেছিল। আমি তাঁকে কথা দিয়েছিলাম, যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে আমি প্রচারমাধ্যমের সঙ্গে কিছু বলব না। কাল (বৃহস্পতিবার) রাত থেকে আমি নিজের মধ্যে থাকার চেষ্টা করছি। এটাই আমার স্যারের প্রতি শ্রদ্ধা। হিরোর চেয়ার: ফেরদৌসআমি প্রথম অভিনয় করেছি স্যারের চন্দ্রকথা ছবিতে। এরপর আমার আছে জল ছবিতে। এই ছবিটির কাজ করতে গিয়েছিলাম শ্রীমঙ্গলে লাউয়াছড়ায়। আমার বউ লন্ডন থেকে আমার জন্য একটা চেয়ার এনেছিল। শুটিংয়ে আমি ওই চেয়ারেই বসি। একদিন সকালে দেখি, স্যার চেয়ারের ওপর পা তুলে বসে স্ক্রিপ্ট ঠিক করছেন। তখন শাওন এসে স্যারকে বললেন, ‘জানো, তুমি কার চেয়ারে বসেছ?’ স্যার জিজ্ঞেস করলেন, ‘কেন, এটা কার চেয়ার?’ শাওন বললেন, ‘এটা হিরোর চেয়ার’। আমি তাঁকে ওই চেয়ারে বসেই কাজ করার জন্য অনুরোধ করলাম। সেদিন আমার বউকে ফোন করে ঘটনাটা বলি। ও তখন ফ্লাইট নিয়ে লন্ডনেই ছিল। ও স্যারের জন্য ঠিক একই রকম আরেকটি চেয়ার নিয়ে আসে। পরদিন সকালে তা পাঠিয়ে দেয় শুটিং স্পটে। স্যার ওই চেয়ার দেখে অবাক। বললেন, ‘কী ব্যাপার, এক রাতের মধ্যে চেয়ারের বাচ্চা হয়ে গেল!’শেষ না হতেই শেষ হয়ে যেত: ডলি জহুরবিটিভির এইসব দিনরাত্রি ধারাবাহিকটি করতে গিয়েই হুমায়ূন আহমেদের সঙ্গে প্রথম পরিচয়। উনি খুব ছোট ছোট দৃশ্য লিখতেন—এখনই বারান্দা, এখনই রান্নাঘর, এখনই আবার বসার ঘর। আসলে তখন আমরা এ ধরনের স্ক্রিপ্টের সঙ্গে পরিচিত ছিলাম না। প্রযোজক মোস্তাফিজুর রহমানের কক্ষে বসে আমি সঙ্গের শিল্পীর সঙ্গে বললাম, এত ছোট ছোট দৃশ্য, শেষ হতে না হতেই শেষ হয়ে যায়। তখন পাশ থেকে ইনামুল হক এসে হুমায়ূন আহমেদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি তখন ওই কক্ষেই বসা ছিলেন। এইসব দিনরাত্রি আমাকে তখন অন্য রকম জনপ্রিয়তা এনে দিয়েছিল। এরপর তাঁর পরিচালনায় আগুনের পরশমণি এবং শঙ্খনীল কারাগার ছবিতে কাজ করেছি। কিন্তু কোনো ধারাবাহিকে করিনি। এইসব দিনরাত্রি দিয়ে তিনি আমাকে যে জায়গায় নিয়ে গেছেন, সেখান থেকে আর কোথাও যাওয়া সম্ভব!আমার অভিনয় দেখে স্যার কেঁদেছেন: এজাজুল ইসলামইরাকের যুদ্ধের সময় নিয়ে স্যার তৈরি করলেন নাটক চৈত্রদিনের গান। দৃশ্যটি হলো যুদ্ধের সময় ইরাকের শিশুরা পানি খেতে পারছে না। তাদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য আমি পানি খাওয়া বন্ধ করে দিই। শট দেওয়ার পর পাশে তাকিয়ে দেখি, স্যারের চোখে পানি। এটা আমার অভিনয় ও ব্যক্তিজীবনের সবচেয়ে আনন্দের স্মৃতি। আমার অভিনয় দেখে স্যার কাঁদছেন।গানের সুর ভুলে গিয়েছিলাম: মকসুদ জামিলস্যারের সাতটি ছবির মধ্যে পাঁচটি ছবির গানের সুর, সংগীত পরিচালনা এবং আবহ সংগীতের কাজ আমি করেছি। একদিন ফোন করে বললেন, ‘আপনি কেমন করে সুর করেন, এটা আমার খুব দেখার ইচ্ছা।’ আমি চলে গেলাম। গিয়ে দেখি, বাসায় প্রায় ৫০-৬০ জন অতিথি। বড় খাবারের আয়োজন। স্যার বললেন, ‘ওনারা সবাই এসেছেন আপনার সুর করা দেখতে।’ আমি সুর করলাম। সবাই খুব প্রশংসা করলেন। বিদায় নেওয়ার সময় স্যার জিজ্ঞেস করলেন, ‘সুরটা মনে আছে?’ আমি বললাম, না। স্যার বললেন, ‘অসুবিধা নাই। গানটার সঙ্গে একটু দুঃখের ছোঁয়া দিয়েন।’ সেই গানটি হলো ‘ও আমার উড়ালপঙ্খী রে’। পাকা মাঝি হতে পারিনি: ফারুক আহমেদআমার তো মনে হয় স্যারের প্রায় সব নাটকেই আমি অভিনয় করেছি। তাঁর চলচ্চিত্রেও কাজ করেছি। শ্যামল ছায়া ছবিতে শুটিং করার সময় আমি নৌকা ফুটো করে ফেলেছিলাম। স্যার হেসে বললেন, ‘তুমি পাকা মাঝি হতে পারবা না।’ সত্যিই, আমি পাকা মাঝি হতে পারিনি। স্যারকে বললাম, আমি তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, নৌকা চালানোর অভিজ্ঞতা নেই।