স্মরণ ছিল চ্যানেল আইয়ের ‘মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ’-এর শিল্পী। কিন্তু স্মরণ এখন আর সেই ছোট্টটি নেই। বড় হয়েছে। পড়াশোনা করছে। এবার বেরিয়েছে স্মরণের গানের অ্যালবাম। নাম স্মরণের জানালা। গত সোমবার সন্ধ্যায় অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠান আয়োজন করা হয় চ্যানেল আই কার্যালয়ে। মোড়ক খোলেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান ফাহিম মিউজিকের মনির হোসেন ও কণ্ঠশিল্পী স্মরণ।
অ্যালবামে গানগুলো লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, আনিসুল ইসলাম, রবিউল ইসলাম, দৃষাণ খান, নাঈম হাসান, মোহন রায়, আবদুল আউয়াল। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, বিনোদ রায়, দৃষাণ খান, নাঈম হাসান, নাঈম খান, সুশীল কুমার ও আবদুল আউয়াল।