স্মৃতি এল মহিমাময় হয়ে
অনুষ্ঠানের আয়োজন ছিল সাদামাটা। তবে নৃত্যগুরু বুলবুল চৌধুরীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাঁর স্মৃতি ফিরে এল মহিমাময় হয়ে।গতকাল রোববার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে এ দেশের নৃত্যচর্চার অন্যতম পুরোধা শিল্পী বুলবুল চৌধুরী স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ।অনুষ্ঠানের শুরুতে বুলবুল চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচকেরা বললেন, তিনি কেবল এ দেশের নয়, গোটা ভারতীয় উপমহাদেশে তাঁর কাজের দ্যুতি ছড়িয়েছিলেন। তিনি নৃত্যকে নিয়ে গেছেন আন্তর্জাতিক অঙ্গনে। তাঁর হাত ধরে এ দেশের সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধ হয়েছে। নৃত্যধারা সংস্কারের জন্য তাঁর অবদান ছিল অপরিসীম। তাঁর অবদানের কারণেই বুলবুল ললিতকলা একাডেমি আলোর মুখ দেখেছে। আলোচকেরা এই গুণী ব্যক্তির অবদান নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে সাংস্কৃতিক অঙ্গনের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এম এ মান্নান এবং সভাপতিত্ব করেন সাদাত উল্লাহ খান। আলোচনায় অংশ নেন কবি সাবির আহমেদ চৌধুরী ও ফজলুর রহমান।আলোচনা শেষে সমবেত সংগীত পরিবেশন করেন বুলবুল ললিতকলা একাডেমির শিক্ষার্থীরা। ‘তাঁরা দিলেন নারী জাগরণের ডাক’ ও ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ গান দিয়ে এই পর্ব শুরু হয়। এরপর ‘এ কি অপরূপ রূপে মা তোমার’, ‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়’, ‘যবে তুলসি তলায়’, ‘আমি পূরব দেশের পূর নারী’, ‘প্রিয় যাই যাই বলো না’সহ আরও বেশ কিছু সমবেত সংগীত পরিবেশন করেন শিল্পীরা।গানের পরপর ছিল একক ও দলীয় নৃত্য। ‘আকাশ ভরা সূর্য তারা’ গানের সঙ্গে একক নাচ পরিবেশন করেন শিল্পী মৃত্তিকা রহমান। এই নৃত্যের পরপর ‘শুকনো পাতার নূপুর পায়ে’ গানের সঙ্গে ছিল দলীয় নৃত্য।বন্ধুসভার মা দিবসের আয়োজনমাকে নিয়ে স্মৃতিচারণা, গান ও আবৃত্তি পরিবেশন করে মা দিবস উদ্যাপন করলেন বন্ধুসভার সদস্যরা। ‘আমার মা’ শিরোনামে প্রথম আলো কার্যালয়ে গতকাল রোববার বিকেলে অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা বন্ধুসভা।‘যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না মা’ দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ‘আমি কি তোমার মতো ভালোবাসতে পারি’, ‘এই সেই ঘর’, ‘ঐ আকাশের তারায় তারায়’সহ বেশ কটি গান গেয়ে শোনান বর্ণা, আকরাম ও সৌরভ। নিজের মাকে নিয়ে বলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন।মাকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন কাজী মিঠু, সোহাগ, আশফাকুজ্জামান ও হুর এ জান্নাত। আর ফাঁকে ফাঁকে চলে মাকে নিয়ে বন্ধুসভার সদস্যদের স্মৃতিচারণা।সংগীতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত নোয়াখালী, গাজীপুর ও সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে সাত দিনব্যাপী সংগীতবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ দেবেন আবু বকর সিদ্দিক, সুমা রানী রায় ও এ টি এম জাহাঙ্গীর।নোয়াখালী, গাজীপুর ও সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও অভিজ্ঞ শিল্পীরা এই কর্মশালায় অংশ নিতে পারবেন। কর্মশালায় অংশগ্রহণের ক্ষেত্রে ২৮ মে সকাল ১০টার মধ্যে পরিচয়পত্রসহ নিজ নিজ জেলার সাংস্কৃতিক কর্মকর্তার কার্যালয়ে সরাসরি যোগাযোগের জন্য বলা হয়েছে শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে।মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ওপর গান ও কবিতা আহ্বান: ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী পৃথকভাবে মুক্তিযুদ্ধবিষয়ক গান ও কবিতা এবং বঙ্গবন্ধুর ওপর গান ও কবিতা আহ্বান করেছে। এতে যে কেউ লেখা পাঠাতে পারবে। নির্বাচিত গান ও কবিতা নিয়ে গ্রন্থ ও অডিও সিডি প্রকাশ করা হবে। গান ও কবিতা পাঠানোর শেষ তারিখ ৩১ মে।‘বাংলাদেশের চারুকলা: সমস্যা ও সম্ভাবনা’বনানীর গ্যালারি জলরংয়ের আয়োজনে গত শুক্রবার প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশের চারুকলা: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ধারাবাহিক গোলটেবিল বৈঠকের প্রথম পর্ব। ধারাবাহিক এ অনুষ্ঠানের প্রথম পর্বের বিষয়বস্তু ছিল ‘ব্যক্তি, সমাজ ও শিল্পী’। আলোচনায় অংশ নেন লেখক ও শিল্পী বুলবন ওসমান, শিল্পসমালোচক নজরুল ইসলাম, শিল্পী মনিরুল ইসলাম, শিশির ভট্টাচার্য্য, লেখক সৈয়দ আজিজুল হক, স্থপতি সাইফুল হক ও শিল্পী চন্দ্রশেখর সাহা। আলোচকেরা ‘ব্যক্তি’, ‘সমাজ’ ও ‘শিল্পী’—এই তিনটি বিষয় কেন্দ্রে রেখে বাংলাদেশের চারুকলার প্রেক্ষাপটে বিবিধ বিষয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, বাংলাদেশের আধুনিক চারুকলার সূত্রপাত যাঁদের মাধ্যমে অর্থাৎ জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান ও সফিউদ্দিন আহমেদ—এই চার গুরু শিল্পীর কাজের সাধারণ বৈশিষ্ট্য হলো, তাঁরা তাঁদের কাজের বিষয় নির্বাচন করেছেন বাংলাদেশের সামাজিক অনুষঙ্গ থেকে। তাঁদের কাজে বাংলাদেশের সমাজচিত্র সহজেই খুঁজে পাওয়া যায়। পরবর্তীকালের শিল্পীদের কাজে এর ব্যতিক্রম দেখা যায়। যদিও জয়নুল-কামরুল ঘরানার কাজের ধারাও বিলুপ্ত হয়ে যায়নি।প্রসঙ্গত, এই গোলটেবিল বৈঠকে অনুষ্ঠিত আলোচনার লিখিত রূপ দিয়ে ভবিষ্যতে গ্যালারি জলরংয়ের পক্ষ থেকে ধারাবাহিক প্রকাশনার পরিকল্পনা রয়েছে।