স্মৃতি হয়ে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে মাতিয়েছিল শিশু–​কিশো​েররা
দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে মাতিয়েছিল শিশু–​কিশো​েররা

গত ২৫ জানুয়ারির সকালটা ছিল একটু আলাদা। শিশুদের কারও নেই স্কুল ড্রেস। হেড মাস্টারের বকুনি খাওয়ার ভয় নেই। হোমওয়ার্ক দেওয়ার তাড়াও নেই। কেবলই ছবির সঙ্গে বসবাস। কেউ জুড়ি, কেউ ডেলিগেট, কেউ পরিচালক, কেউ স্বেচ্ছাসেবক, কেউবা দর্শক। সবার একটিই পরিচয়, খুদে সিনেপ্রেমিক। নিজেদের গল্পগুলো নিজেরাই তুলে আনেন ক্যামেরায়। চিলড্রেন ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে ‘দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’-এর চিত্র ছিল এটি।

উৎসব আয়োজকদের বয়স কত? ১০ থেকে ২৫-এর কোঠায়। কিন্তু সপ্তাহব্যাপী উৎসবটি তাঁরাই চালিয়ে নিলেন এক্কেবারে বড়দের মতো। কোথাও বড়রা হাত দিতে পারবেন না। কেবলই তাঁদের ঘোরাঘুরি আর তদারকি। সংগঠনটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল সমাপনী অনুষ্ঠানে বললেন তেমনটাই, ‘আমাকে মাঝে মাঝে খুব দোষী মনে হয়। এত বড় উৎসবে কিছুই করলাম না। আমার কাজ ছিল শুধু বাচ্চাদের সঙ্গে সেলফি তোলা।’ সাত দিনের এই শিশু রাজ্য শেষ হলো গত সোমবার। চলুন ঘুরে আসা যাক সে ভুবন থেকে।

খুদে দর্শকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিশা
খুদে দর্শকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিশা

এক ঝলকে পুরো উৎসব
সাত দিনব্যাপী উৎসবের উদ্বোধন হয় ২৪ জানুয়ারি বিকেলে, শেষ হয় ৩০ জানুয়ারি সন্ধ্যায়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনটি ছিল মূল ভেন্যু। গণগ্রন্থাগার চত্বরটি ছিল উৎসব ভিলেজ। এ ছাড়া উৎসব চলছে রংপুর ও রাজশাহীতে। ৫৪টি দেশ অংশগ্রহণ করে, ১০৭ জন তরুণ ডেলিগেট ছিল, ২৯০টি ছবি দেখানো হয়। প্রতিদিন গড়ে চারটি ভেন্যুতে ছিল নিয়মিত প্রদর্শনী। দর্শক ছিলেন প্রায় এক লাখ।
শুধুই কি সিনেমা দেখা?
উৎসবে কি শুধুই সিনেমা দেখানো হয়েছে? না, একদম না। ছিল কর্মশালা, আড্ডা, তারকার সঙ্গে আলাপ, প্রতিযোগিতা, পরিচালকের সঙ্গে প্রশ্নোত্তর, আনন্দ আর আড্ডা। কর্মশালা পরিচালনা করেন ব্রিটিশ পরিচালক বিলি জেডি পোর্টার, অমিতাভ রেজা, মেজবাউর রহমান সুমন ও শেখর মুখার্জি। শিশুদের সঙ্গে আড্ডায় মাতেন দুই অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও মাসুমা রহমান নাবিলা।

শিশুরা যখন জুরি

উৎসব হবে সেখানে, অথচ প্রতিযোগিতা থাকবে না, তাই কি হয়? ছিল বিভিন্ন প্রতিযোগিতা। এখানেও শিশুরা ছাড় দেয়নি। নিজেদের ছবির বিচারক নিজেরাই ছিল। পাঁচ সদস্যের খুদে বিচারকেরা বাছাই করল নিজেদের ছবি। বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগটি ছিল তাদের দায়িত্বে। এই বিভাগে এবার ৬০টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ২১টি ছবি প্রদর্শিত হয়েছে। এই ২১টি চলচ্চিত্রের মধ্যে পাঁচটি ছবি পেয়েছে পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক প্রণোদনা। উৎসবে প্রথমবারের মতো ছিল ‘চাইল্ড ফিল্ম মেকার সেকশন (ইন্টারন্যাশনাল)’ বিভাগে পুরস্কার। ছিল বড়দের নির্মিত শিশুতোষ চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রতিযোগিতা। আরও ছিল তরুণ নির্মাতাদের জন্য ‘ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট অ্যাওয়ার্ড’ ও ‘সোশ্যাল ফিল্ম অ্যাওয়ার্ড’।

সেরা কারা?

শিশু নির্মাতাদের প্রতিযোগিতায় সেরা ছবি দ্য পাপেট শো, দ্বিতীয় সেরা ছবি বাক্সবন্দী ও তৃতীয় সেরা ছবি হয়েছে অ্যালান কুর্দি ফ্রম হেভেন। বিশেষ পুরস্কার পেয়েছে এনমেসড বোরডোম ও ইনার প্যারালেলিজম। আন্তর্জাতিক শিশু নির্মাতাদের প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়ার ছবি ইন মেমোরি।

আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা ফিচার ফিল্ম জার্মানির ছবি অ্যাট আই লেভেল, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সুইজারল্যান্ডের ছবি হাইডি অ্যাট দ্য ফলি আর্টিস্ট এবং সেরা পরিচালক হয়েছেন বুলগেরিয়ার পরিচালক রিসতো সিমেওনভ।

স্মৃতি হয়ে থাকবে

‘আমরা ছিলাম পরিবারের মতো। সাত দিন একসঙ্গে থেকেছি। হইহুল্লোড় করেছি। প্রতিদিনের সকালটা ছিল অন্য রকম। ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। কাল থেকে কেমন খালি খালি লাগবে। এক বছর এই সাতটি দিন স্মৃতি হয়ে থাকবে।’ বলছিলেন উৎসবের স্বেচ্ছাসেবক ফেরদৌস আহমেদ। কথাগুলো বলার সময় তাঁর কণ্ঠ কি কিছুটা আর্দ্র হয়ে উঠেছিল?