স্মৃতিকথা ও পদকে আলতাফ মাহমুদ স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ আলতাফ মাহমুদ অন্তর্ধান দিবসে আয়োজিত অনুষ্ঠানে (বাঁ থেকে) সারা আরা মাহমুদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কাইয়ুম চৌধুরী, শাওন মাহমুদ ও মফিদুল হক l ছবি: প্রথম আলো
শহীদ আলতাফ মাহমুদ অন্তর্ধান দিবসে আয়োজিত অনুষ্ঠানে (বাঁ থেকে) সারা আরা মাহমুদ, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কাইয়ুম চৌধুরী, শাওন মাহমুদ ও মফিদুল হক l ছবি: প্রথম আলো

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানের সুরকার, বাঙালি সংগীতজগতের এক উজ্জ্বল নক্ষত্র আলতাফ মাহমুদকে ১৯৭১ সালের ৩০ আগস্ট হানাদার পাকিস্তানি বাহিনী ধরে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। তাঁর অন্তর্ধান দিবসে তাঁকে স্মরণ করা হলো স্মৃতিকথায় আর পদক প্রদানের মাধ্যমে।
এবার শহীদ আলতাফ মাহমুদ পদক পেলেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ও সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল। শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে খ্যাতিমান এই দুই ব্যক্তির হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শিল্প-সমালোচক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, আলতাফ মাহমুদের পত্নী সারা আরা মাহমুদ ও মেয়ে শাওন মাহমুদসহ আরও অনেকে। পদকপ্রাপ্ত দুই শিল্পীকে ফুল দিয়ে বরণ করে নেন আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। তাঁদের উত্তরীয় পরিয়ে দেন সারা আরা মাহমুদ।
মানপত্র পড়ে শোনান অভিনয়শিল্পী ফারুক আহমেদ। আলতাফ মাহমুদকে নিবেদিত সারা আরা মাহমুদের লেখা থেকে পাঠ করেন শান্তা শ্রাবণী।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর আলতাফ মাহমুদের সঙ্গে তৎকালীন পারিপার্শ্বিকতার আলোকে তাঁর জীবনঘনিষ্ঠতার কথা উপস্থাপন করেন। অনুভূতি প্রকাশে শিল্পী কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমি যে আজ এখানে কথা বলতে পারছি তা আলতাফ মাহমুদের আত্মদানেরই ফসল। তার ত্যাগ অনেক মানুষকে বাঁচার সুযোগ করে দিয়েছে।’ এ সময় তিনি আলতাফ মাহমুদের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন।
আহমেদ ইমতিয়াজ বুলবুল অনুভূতি জানাতে গিয়ে আলতাফ মাহমুদ পদকটিকে তাঁর জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে মন্তব্য করেন।
আলতাফ মাহমুদ সম্পর্কে তিনি বলেন, ‘হয়তো আমরা একসময় থাকব না, অনেকের পতন ঘটবে, হাজার হাজার বছর পেরিয়ে যাবে। তবু এটুকু বিশ্বাস দুটি গান রয়ে যাবে—একটি হলো কবিগুরু রচিত আমাদের জাতীয় সংগীত এবং আলতাফ মাহমুদের সুর করা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী—এ দুটি গান।’
অনুষ্ঠান শুরুর ঘোষণা দেন নাট্যব্যক্তিত্ব শিমূল ইউসুফ। পরে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।