স্মৃতিকথার হুমায়ূন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ শুধু সাহিত্যে নয়, অভিনয় ও সংগীতেরও পরশপাথর ছিলেন। ৬৪ বছরের বর্ণাঢ্য জীবনে সাহিত্যের পাশাপাশি অভিনয় ও সংগীতজীবনে তাঁর পরশে অনেকেই পৌঁছে গেছেন তারকাখ্যাতির চূড়ায়। বেঁচে থাকলে আজ তিনি ৬৫ বছরে পা দিতেন। আর এ সময়েও হয়তো সাহিত্য সৃষ্টির পাশাপাশি অভিনয় ও সংগীতজীবনে আরও কিছু নতুন তারার দেখা মিলত। কিন্তু না, তা আর হলো না। বিধাতার অমোঘ নিয়মে এ বছরের ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বছর ঘুরে আবার এল ১৩ নভেম্বর। হুমায়ূন আহমেদের জন্মদিন। প্রতিবছরের এ দিনটি লেখক-নির্মাতা তাঁর বন্ধু ও কাছের মানুষদের নিয়ে পালন করতেন। বাসাতেই থাকতেন সারা দিন। প্রিয়জনদের নিয়ে সময় কাটাতেন। গত জন্মদিনটা আমেরিকায়, হাসপাতালেই পালন করেছেন। হুমায়ূনবিহীন এবারের জন্মদিনে তাঁকে স্মরণ করেছেন অভিনয় ও সংগীতজগতের কয়েকজন।এজাজুল ইসলাম: পরিচয়ের পর থেকে হুমায়ূন আহমেদ স্যারের অনেক জন্মদিনে থাকা হয়েছে। তাঁর সঙ্গে জড়িত আমার সবকিছুই স্বপ্নের। কারণ, হুমায়ূন আহমেদ আমার স্বপ্নের মানুষ। ১৯৯৪ সালে মেডিকেলের পড়া শেষে অধ্যাপক মো. আবদুল করিম স্যারের দপ্তরে সনদপত্র আনতে যাই। তখন জানতে পারি আবদুল করিম স্যার আমার স্বপ্নের মানুষ হুমায়ূন আহমেদ স্যারের কার্যালয়ে। সেই তাঁর সঙ্গে প্রথম দেখা। কয়েক বছর পর ‘সবুজ সাথী’ সিরিয়ালে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দেন। তারপর স্যার কয়েকটি খণ্ডের একটি ধারাবাহিকের কাজ শুরু করেন। খণ্ডে খণ্ডে নির্মিত এ ধারাবাহিকটিতে কাজ করেছিলেন ফরীদি ভাই (হুমায়ুন ফরীদি), জাহিদ হাসান, মাহফুজ আহমেদ। আর সেই অনুষ্ঠানে স্যার নতুন একটি ছেলেকে অভিনয়ের সুযোগ দেওয়ার ঘোষণা দিলেন। এটি ছিল ‘বুনোর গল্প’। আর ছেলেটি ছিলাম আমি নিজে। এটা শোনার পর আমি আসলে কান্না ধরে রাখতে পারিনি। সেই থেকে শুরু।আমার জীবনে আজ পর্যন্ত যত সাফল্য, প্রাপ্তি বা যা কিছু করতে পেরেছি, এর ষোলোআনাই হুমায়ূন আহমেদ স্যারের জন্য।পেশায় আমি চিকিত্সক হলেও হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে পরিচয় আমার পুরো জীবনকে আলোকিত করেছে। হুমায়ূন আহমেদ স্যারের সম্মোহন করার ক্ষমতা ছিল অসাধারণ।হুমায়ূন স্যারের চেম্বারে যাওয়ার পর সহকারী পরিচালকের অনুমতি নিয়ে আমি ভেতরে যাই। আমার বিভাগের স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, পরে কিন্তু হুমায়ূন স্যারের সঙ্গে আমার অনেক বেশি কথা হয়েছিল।মকসুদ জামিল মিন্টু : ২০০০ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে সুবীর নন্দীর কণ্ঠে ‘এক যে ছিল সোনার কইন্যা’ গানটির মধ্য দিয়ে সুরের জগতে আমার আবার ফিরে আসা। বলতে পারেন, এ গানটির মাধ্যমেই সংগীতজগতে আমার রাজকীয় প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তনের পুরো কৃতিত্ব হুমায়ূন আহমেদের। তিনি এ উদ্যোগ না নিলে আমার সংগীতজীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনা হতো না। আর তাই সংগীতে আমাকে দ্বিতীয় জীবন দেওয়ার জন্য হুমায়ূন আহমেদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই।কুদ্দুস বয়াতি : অনেক আগে থেকেই আমি গানের সঙ্গে জড়িত ছিলাম। তবে আমাকে আজও কেউ চিনত না যদি হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে আমার দেখা না হতো। ১৯৮৯ সালে হুমায়ূন আহমেদ স্যারের ‘খাদক’ নামের একটি নাটকে গান করি। তবে ১৯৯২ সালে ‘এই দিন দিন নয় আরও দিন আছে/ এই দিনেরে নিবা তোমরা সেই দিনের কাছে’ গানটির মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ আমাকে চেনে। গান করার পাশাপাশি জনসচেতনতামূলক এই ধারাবাহিকে আমি অভিনয়ও করেছিলাম। আজ আমাকে যত মানুষ চেনেন, তা হুমায়ূন স্যারের জন্যই।সেলিম চৌধুরী : আজ থেকে ১৫ বছর আগের এক জন্মদিন। প্রকাশক আলমগীর ভাইয়ের সঙ্গী আমি। হুমায়ূন আহমেদ স্যার হাসনরাজার গান খুব পছন্দ করতেন। আর তাই ওই বছরের জন্মদিনে একটি কেক নিয়ে গিয়েছিলাম। প্রকাশক আলমগীর ভাইয়ের পরামর্শে কেকের ওপর হাসনরাজার ‘কানাই তুমি খেলছ...’ গানটির কথা লেখা ছিল। এটি দেখে স্যার যে কী খুশি হয়েছিলেন, তা না দেখলে বোঝা সম্ভব নয়। এ ছাড়া বিভিন্ন সময় তাঁর আরও কয়েকটি জন্মদিনে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সময়েই হুমায়ূন স্যারের সঙ্গে আমার পরিচয়। তবে ১৯৯৪ সালে সিলেটে হাসনরাজা উত্সবে অতিথি হিসেবে যাওয়ার পর হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়ে। ১৯৯৫ সালে ‘ওইজা বোর্ড’ নাটকে সংগৃহীত গান ‘আইজ পাশা খেলব রে শ্যাম’ গানটি দিয়ে আমার পরিচিতি বাড়ে। আজ সবাই আমাকে যে হাসনরাজার গানের শিল্পী হিসেবে আলাদাভাবে চেনে, তার পুরো কৃতিত্ব হুমায়ূন আহমেদ স্যারের। যত দূর জানি, এ পর্যন্ত তাঁর লেখা ৪০টির মতো গান প্রকাশিত হয়েছে, যার মধ্যে পাঁচটি গান করেছি আমি। এটা একজন শিল্পী হিসেবে আমার জন্য অনেক গর্ব ও সৌভাগ্যের।ফারুক আহমেদ : পাঁচ বছর আগের জন্মদিন। আমি ও ডা. এজাজ দুজনে তাঁর জন্মদিনে দেখা করতে যাব। কিন্তু উপহার কী হবে, সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। ডা. এজাজ বললেন, ‘স্যার তো গাছ পছন্দ করেন। চলেন স্যারের জন্য গাছ নিয়ে যাই।’ পরে রাইফেলস স্কয়ারের মার্কেট থেকে দুটি বটবৃক্ষ কিনলাম। তারপর চললাম হুমায়ূন ভাইয়ের দখিন হাওয়ার বাড়ির উদ্দেশে। সেখানে গিয়ে দেখি, অনেক লোক স্যারকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন। আমাদের গাছগুলো ছিল ছোট। স্যারকে সেগুলো দেওয়ার পর তিনি বললেন, ‘আমি কি ছোট মানুষ? আমার জন্য এত ছোট ছোট বটবৃক্ষ এনেছো কেন?’ আমি তাকে বললাম, ‘না, আপনি তো বিশাল বটবৃক্ষ। এত বড় বটগাছ আনা যায় না তো। এ জন্য ছোট গাছ নিয়ে এসেছি।’ তবে তিনি গাছ পেয়ে কিন্তু খুশিই হয়েছিলেন। আজকের জন্মদিনে একটি কথা বারবার মনে পড়ছে। হুমায়ূন আহমেদের নাটকের শুটিংয়ের ফাঁকে বেশ আড্ডা জমত। সর্বশেষ যুক্তরাষ্ট্রে যাওয়ার আগের সময়কার একটা ঘটনার কথা বলি। নুহাশপল্লীতে শুটিং চলছে রাতের বেলা। হঠাত্ একজন এসে বলল, ‘স্যার আপনাকে ডাকছেন।’ আমি গেলাম। দেখলাম তিনি ড্রয়িংরুমে বসে আছেন। পাশে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। রাতের খাবারের বিশাল আয়োজন। বললেন, ‘তুমি আমার সঙ্গে রাতের খাবার খাবে। হাত ধুয়ে এসো।’খেতে খেতে হুমায়ূন ভাই প্রশ্ন করে বসলেন, ‘তোমার বাবা-মা জীবিত আছেন?’আমি বললাম, ‘বাবা নেই, মা জীবিত আছেন।’হুমায়ূন ভাই বললেন, ‘মায়ের সেবা করবে। শান্তি পাবে।’আমি বললাম, ‘জি। অবশ্যই।’তারপর আবেগ আপ্লুত হয়ে হুমায়ূন বলতে লাগলেন, ‘এই আমাকে দেখো। কত অভাগা আমি! যুদ্ধের বছর বাবা মারা গেছেন। আমি তখন ছাত্র। আয়-রোজগার নেই। বাবা সিগারেট খেতেন। বাবাকে এক প্যাকেট সিগারেট কিনে দেওয়ার সৌভাগ্য আমার হয়নি। এখন আমার অনেক টাকা। ইচ্ছা করলেও বাবাকে এক প্যাকেট সিগারেট আমি কিনে দিতে পারছি না। আফসোস!’‘আফসোস’ শব্দটি উচ্চারণ করার পর আমি হতবাক হয়ে গেলাম। এক দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে রইলাম।বারী সিদ্দিকী : আমি শুধু এটুকুই বলব, হুমায়ূন আহমেদ স্যার আমাকে ফকির থেকে রাজা বানিয়েছেন। কী ভেবে স্যার আমাকে নিয়ে এত বড় একটা ঝুঁকি নিয়েছিলেন, সে বিস্ময় আজও আমার কাটেনি। গান সম্পর্কে স্যারের যে জ্ঞান, প্রেম ও সাধনা ছিল, তার কানাকড়িও আমার মধ্যে ধারণ করতে পারিনি।