স্মৃতিকাতর করে 'আ কাইন্ড অব ইংলিশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

ছবির অন্যতম চরিত্রে অভিনয় করেন বঙ্গবন্ধুর প্রথম সহকারী প্রেস সচিব খন্দকার আমিনুল হক বাদশা। আর তাঁর স্ত্রীর ভূমিকায় ললিতা আহমদ
ছবির অন্যতম চরিত্রে অভিনয় করেন বঙ্গবন্ধুর প্রথম সহকারী প্রেস সচিব খন্দকার আমিনুল হক বাদশা। আর তাঁর স্ত্রীর ভূমিকায় ললিতা আহমদ

ছবিটির গল্পকার ও পরিচালক বাংলাদেশি রুহুল আমিন। ১৯৮৬ সালে এটি যুক্তরাজ্যের মূলধারার টিভি স্টেশন চ্যানেল ফোরে প্রদর্শিত হয়

সুনসান নীরবতা। এক ধ্যানে প্রজেক্টরের দিকে চেয়ে সবাই। দেরি করে এসে​ছি বলে আলো নেভানো কক্ষটির মানুষগুলোকে ঠিক দেখা যাচ্ছিল না। প্রজেক্টরের প্রদর্শনী শেষে যখন ঘরের আলো জ্বলল, দেখি উপস্থিত দর্শকদের বেশির ভাগই শ্বেতাঙ্গ বৃদ্ধ। ১৯৮৬ সালে যুক্তরাজ্যে বাংলাদেশি সম্প্রদায়ের জীবনগাথা তুলে ধরে নির্মিত আ কাইন্ড অব ইংলিশ চলচ্চিত্রটি দেখতে এসেছেন তাঁরা।

পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ব্রিক লেইন ও এর আশপাশের এলাকায় হয়েছিল এই ছবির চিত্রধারণ। আজকের যাঁরা দর্শক, তাঁরা এই ব্রিক লেইন এলাকাতেই বেড়ে উঠেছেন। কেউ কেউ আবার ছোটবেলার সাথি। তাই ছবির দৃশ্য তাঁদের স্মৃতিকাতর করে। টেনে নেয় সেই দুরন্ত তারুণ্যের পথঘাটে। ছবি-পরবর্তী আলোচনায় তাঁরা স্মৃতি হাতড়ে বলে চললেন ব্রিক লেইনে বাঙালিদের জীবনসংগ্রাম আর বদলে যাওয়ার কাহিনি। তাঁদের কথায় উঠে আসে সে সময়ের অবহেলিত জনপদ কী করে বর্তমান আধুনিক লন্ডনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। চোখের সামনে বদলে যাওয়া মুহূর্তগুলোর কথা তাঁরা গত ৩০ বছরে হয়তো কখনো এমন করে ভাবেননি।

ইতিহাস সংরক্ষণ ও প্রদর্শনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যুক্তরাজ্যে জাতীয়ভাবে নভেম্বর মাসব্যাপী ‘এক্সপ্লোর ইউর আর্কাইভ’ শীর্ষক প্রচার চলে। দেশব্যাপী জাতীয় ও স্থানীয় নানা আয়োজনের মাধ্যমে ঐতিহাসিক সংগ্রহের প্রদর্শনী এবং এসবের ওপর আলোচনা চলে এ সময়ে। তারই অংশ হিসেবে ১০ নভেম্বর পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্টরি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস ভবনে প্রদর্শিত হয় আ কাইন্ড অব ইংলিশ।

ছবিটির গল্পকার ও পরিচালক বাংলাদেশি রুহুল আমিন। ১৯৮৬ সালে এটি যুক্তরাজ্যের মূলধারার টিভি স্টেশন চ্যানেল ফোরে প্রদর্শিত হয়। যুক্তরাজ্যের মূলধারার কোনো টিভি চ্যানেলে প্রদর্শিত এটিই প্রথম কোনো বাংলা চলচ্চিত্র। চ্যানেল ফোরের অর্থায়নে ‘ফোর কর্নার’ ছবিটি নির্মাণের কাজ করে। ছবিটি নির্মাণের ৩০ বছর পূর্তি উপলক্ষে ফোর কর্নার আর্কাইভ প্রজেক্ট এই প্রদর্শনীর ব্যবস্থা করে। প্রদর্শনী আয়োজনে সহায়তা করে যুক্তরাজ্যে বাংলাদেশিদের ইতিহাস-ঐতিহ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্বাধীনতা ট্রাস্ট।

প্রদর্শনী-পরবর্তী আলোচনার জন্য মঞ্চে আসেন বাংলাদেশি বংশোদ্ভূত আনসার আহমদ উল্লাহ, নূর উদ্দিন আহমদ ও রাজু ভাইদানাথন। ১৯৮৬ সালে কেবল তারুণ্যে পড়া এই তিনজনই ছবিটি নির্মাণকাজে সহায়ক হিসেবে যুক্ত ছিলেন। তাঁরা বলেন, ওই বয়সে শুটিং দেখাটাই ছিল তাঁদের জন্য বেশ রোমাঞ্চকর ব্যাপার। তাই রুহুল আমিনের কাছ থেকে ছবি নির্মাণের খবর পেয়েই তাঁরা সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েন। তাঁরা বলেন, তরুণ বয়সেই রুহুল আমীন লেখালেখি, ছবি বানানো এসব নিয়ে বুঁধ হয়ে থাকতেন। বহু চেষ্টার পর তিনি চ্যানেল ফোরকে রাজি করাতে সক্ষম হন। একজন বলেন, এ জন্য তাঁকে চার বছর সাধনা করতে হয়েছিল। তাঁরা বলেন, অভিনয় করার জন্য লোক খুঁজে পাওয়াই ছিল বড় সমস্যা। বিশেষ করে নারী অভিনেত্রী। ছবিটির প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম সহকারী প্রেস সচিব আমিনুল হক বাদশা।

তাঁদের আলোচনায় আরও উঠে এল তখনকার বাংলাদেশিদের জীবনসংগ্রাম, ভিন্ন সংস্কৃতিতে মানিয়ে নেওয়ার সমস্যা, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই এবং বদলে যাওয়ার গল্প।

আ কাইন্ড অব ইংলিশ ছবিতে বাংলাদেশি একটি পরিবারের আর্থিক ও সাংস্কৃতিক টানাপোড়েনের চিত্র তুলে ধরা হয়। দেখানো হয়, উন্নত জীবনের আশায় দেশছাড়া মানুষগুলোকে ফেলে আসা পরিবার-পরিজন আর মেঠো পথের প্রকৃতি কতটা টানে। উঠে আসে তৎকালীন প্রথা ভঙ্গ করে ঘরের নারীকে বাইরের চাকরিতে পাঠানোর যন্ত্রণা।

ছবিটি প্রদর্শনের পাশাপাশি এদিন সেই সময়কার কিছু স্থিরচিত্রও প্রদর্শিত হয়। ছবি নির্মাণের সঙ্গে যুক্ত রাজু ভাইদানাথনই শখের বশে নিজের ক্যামেরায় ছবিগুলো তুলেছিলেন। যা এর আগে কোথাও প্রদর্শিত হয়নি। দেয়ালে টাঙানো সেসব ছবিতে নিজেকে খুঁজে বের করে একে অন্যকে দেখাতেই ব্যস্ত প্রবীণ মানুষগুলো। কেউ কেউ আবার তখনকার কোনো স্মৃতি মনে করে হেসে কুটি কুটি।