স্মৃতিকাতর হয়ে পড়ছি
সেই নয় বছর বয়সে প্রথম অংশ নিয়েছিলেন ‘হ্যারি পটার’ সিরিজে। এখন তাঁর বয়স ২১। সিরিজের তিনটি প্রধান চরিত্রের একটিতে অভিনয় করেছেন। ‘হ্যারি পটার’ সিরিজে অভিনয় করতে করতেই শৈশব-কৈশোর পেরিয়ে পা রেখেছেন তারুণ্যে। এমা ওয়াটসন এই সাক্ষাৎকারে বললেন সিরিজটি শেষ হয়ে যাওয়া নিয়ে। সাক্ষাৎকারের একটি অংশে উঠে এল বাংলাদেশের কথাও! হারমায়োনি চরিত্রটির সঙ্গে বাস্তবের এমা ওয়াটসনের কতটা মিল?এমা: খুব বেশি মিল নেই। তবে একটা জায়গায় মিল আছে বোধহয়। আমিও ওর মতো একটু হটকারী ধরনের। হুট করে যেকোনো কিছু করে ফেলতে পারি। আমি সব সময়ই আগ বাড়িয়ে অনেক কিছু চিন্তাভাবনা করে ফেলি। মনের জগতে আমার, বলা যায়, অবাধ বিচরণ; সেও তা-ই করে। মানসিকভাবে ও খুবই দৃঢ়প্রতিজ্ঞ। আমিও। আমি এও ভাবতে পছন্দ করি, হারমায়োনির মতো আমিও বিশ্বস্ত, অন্তত সেটাই মনে করি। খানিকটা নারীবাদী। এই চরিত্র তো আপনাকে বিশ্বব্যাপী খ্যাতিও এনে দিয়েছে।এমা: বাংলাদেশের একটা বস্তিমতো এলাকায় আমি গিয়েছিলাম। সেখানকার একটা ছোট্ট ছেলে আমাকে দেখে বলল, ‘আমি তোমাকে চিনি। তুমি হ্যারি পটারের সেই মেয়েটা।’ আমি আমি...কী বলব! এই বিশ্বের এমন কোনো জায়গা বোধহয় নেই, যেখানে ছবিটার ছোঁয়া নেই। এটা সত্যিই অবিশ্বাস্য। এটা আপনার প্রত্যাশাকেও ছাড়িয়ে বিশ্বের প্রায় সম্ভাব্য সব প্রান্তেই পৌঁছে গেছে।কীভাবে সামলান এই খ্যাতি?এমা: যখন এই জীবনটা স্বাভাবিকভাবে মেনে নিলাম, তখন থেকেই সেটা সামলানো আমার জন্য সহজ হয়ে গেছে। একদিক দিয়ে আমি নিজেকে সৌভাগ্যবান ভাবি, ছোট থেকেই আমি এই পরিবেশের মধ্যে বড় হয়েছি (নয় বছর বয়সে ‘হ্যারি পটার’ সিরিজে অভিনয় শুরু করেছিলেন)। এটা এমন নয় যে হঠাৎ করে হয়ে গেছে। ধীরে ধীরে আমি এর মধ্যে থেকেই বেড়ে উঠেছি। এটা ছাড়া আমি আসলে আর কিছু জানিও না। ফলে সেদিক দিয়ে ভাবলে এই খ্যাতি আমার কাছে আশীর্বাদও।আপনার পড়াশোনার কী অবস্থা, ছাত্রী হিসেবেও তো আপনি অসাধারণ।এমা: ফল সেমিস্টারে অক্সফোর্ডে ভর্তি হচ্ছি ইংরেজি নিয়ে এক বছর পড়ব বলে। তবে এ-ও বলে রাখি, আমি কিন্তু ব্রাউন বিশ্ববিদ্যালয় ছেড়ে দিইনি। আমি এখনো ব্রাউনের ছাত্রী। মাঝখানে একটা সেমিস্টারে পড়াশোনার বিরতি রেখেছিলাম। কিন্তু আমার ‘এ’ লেভেলের রেজাল্ট ভালো আছে বলে খুব একটা পিছিয়েও পড়ব না।ড্যানিয়েল র্যাডক্লিফ যে ব্রডওয়ের মঞ্চে কাজ করছেন, এ ব্যাপারে আপনার ভাবনা কী?এমা: ড্যানের প্রাণশক্তি আসলেই প্রচুর। আসলেই বিস্ময়কর। ব্রডওয়েতে কাজ করতে পারলে আমারও খুব ভালো লাগত। আসলে, আমার মনে হয়, এর জন্য আরও বেশি সাহস জোগাড় করতে হবে। তা ছাড়া এমনিতে গাইতে তো আমিও ভালোই বাসি। ছবিটার সঙ্গে সঙ্গে আপনি নিজেও তো অনেক পাল্টেছেন।এমা: কতটা পাল্টেছি বলা কঠিন। নয় বছরে শুরু করে ২১-এ পৌঁছে গেলাম। কিছু অনিবার্য পরিবর্তন জীবনে তো আসবেই। এটা বেড়ে ওঠারই একটা অংশ। এর মধ্যে আমিও অনেক কিছু শিখেছি। শিখেছি কীভাবে অভিনয় করতে হয়, কীভাবে ছবি বানানো হয়, এমনকি কীভাবে সাক্ষাৎকার দিতে হয়। আশা করি, এত কিছুর ভিড়ে আমি কে—সেই সত্যটা কখনো ভুলে যাব না।হ্যারি পটারের কোন ছবিটা আপনার সবচেয়ে প্রিয়?এমা: শেষ দুটো—ডেথলি হ্যালোজ-এর প্রথম আর দ্বিতীয় পর্ব। সত্যি বলছি, এই দুটো ছবি বাকি সবগুলোর চেয়ে আলাদা। ছবি দুটোর মান সত্যিই বিস্ময়কর। এই দুই পর্বে আমার চরিত্রটির গভীরতা এতটাই বেশি ছিল, অভিনেত্রী হিসেবে আমি আমার সবটুকু ঢেলে দিতে পেরেছি। মনে হয়েছে, আমি আসলেই একজন অভিনেত্রী।এই গ্রীষ্মে আপনার পরিকল্পনা কী?এমা: এই গ্রীষ্মে ভ্রমণে বেরোব। এ নিয়ে আমি সত্যিই রোমাঞ্চিত। মনে হচ্ছে, জীবনের নতুন একটা পর্ব শুরু হচ্ছে। নতুন করে সবকিছুর পরিকল্পনা করব। গ্রীষ্মে শুধুই ঘোরাঘুরি। এরপর ফল সেমিস্টারে আবার পড়াশোনা। এরপর শুধু পড়া পড়া পড়া। এর পরেরটা আরও গুরুত্বপূর্ণ—এমন সব গ্রেট পরিচালকের সঙ্গে কাজ করা, যাঁদের কাছে আমি শিখতে পারব।‘হ্যারি পটার’ সিরিজ শেষ হয়ে গেল—এই অনুভূতিটা কেমন?এমা: অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। সত্যি বলছি, অনুভূতিটা ভাষায় প্রকাশ করতে পারছি না। সব মিলে, বলা যায়, খুবই আবেগময় একটা অনুভূতি হচ্ছে। তবে জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি বলে আমি রোমাঞ্চিতও। আবার একই সঙ্গে খারাপ লাগছে, স্মৃতিকাতর হয়ে পড়ছি সিরিজটা শেষ হয়ে যাচ্ছে বলে। এটা আমার জীবনের এত বড় একটা অংশ জুড়ে আছে! আসলে মিশ্র অনুভূতিই হচ্ছে। রাজীব হাসানওয়েবসাইট থেকে ভাষান্তরিত