স্মৃতিচারণায় কবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের প্রেক্ষাপট নিয়ে সফল মঞ্চনাটক বলতে একটিই—মুনীর চৌধুরীর কবর। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি জেলে বসেই নাটকটি লিখেছিলেন তিনি। বিভিন্ন সময়ে এই নাটক নিয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের অনেকেই আজ বেঁচে নেই। যাঁরা আছেন তাঁদের স্মৃতিচারণায় উঠে এসেছে অনেক নতুন তথ্য।‘১৯৫৩ সালের কথা। ওই সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দীদের রাখা হতো তিনটি জায়গায় ভাগ করে। জেলখানায় ঢুকতেই ডান দিকে “এক-দুই খাতা” কক্ষে ৫০-৬০ জন রাজবন্দীর মধ্যে একজন আমিও ছিলাম।’ বলছিলেন অজয় রায়। পাকিস্তান গঠিত হওয়ার পর কমিউনিস্ট পার্টির সদস্য হওয়ার কারণে ওই সময় গ্রেপ্তার হওয়া ছাত্রদের মধ্যে তিনিও একজন (বর্তমানে সম্মিলিত সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত)।কীভাবে জেলখানায় কবর নাটকটি রচিত ও অভিনীত হয়েছিল, সেই নাটকের অভিনেতা এবং ওই ঘটনার জীবিত একমাত্র প্রত্যক্ষদর্শী অজয় রায়।‘জেলখানায় অন্য একটি ওয়ার্ডে থাকতেন রণেশ দাশগুপ্ত। একদিন তাঁর কাছে আমরা খবর পাঠালাম, জেলখানাতেই যেন মঞ্চস্থ করা যায়—একুশে ফেব্রুয়ারির উপযোগী এমন একটি নাটক লিখে দিতে। তখন বাঁ দিকে পুরোনো হাজতখানার দেওয়ানি নামের ঘরটিতে আরও কিছু হাজতির সঙ্গে রাজবন্দী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনীর চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন অজিত গুহ। যত দূর মনে পড়ে, কোরবান আলীও ছিলেন। রণেশদা মুনীর চৌধুরীর কাছে গোপনে একটি চিঠি লিখলেন—সামনে একুশে ফেব্রুয়ারি। একটা নাটক লিখে দিতে হবে, জেলখানাতেই অভিনীত হবে।রাতে জেলখানায় বিদ্যুত্ নেই। সমস্ত বন্দীকে হারিকেন দেওয়া হতো। ১৭ জানুয়ারি রাতেই হারিকেনের আলোয় কাগজ-কলম নিয়ে বসে গেলেন মুনীর চৌধুরী। খুব অল্প সময়েই তিনি লিখে ফেললেন কবর নাটকটি।’‘এরপর নাটকের পাণ্ডুলিপি আমাদের হাতে আসে। ছয়টি চরিত্র ছিল নাটকে। মনে পড়ে, নেতা চরিত্রে অভিনয় করেছিলেন বরিশালের নলিনী দাস। ওয়ার্কার্স পার্টির অমল সেন হয়েছিলেন মুর্দা ফকির, দুজন ছায়ামূর্তির একজন হয়েছিলাম আমি, অন্যজন কবি ধনঞ্জয় দাস। ইন্সপেক্টর হাফিজ এবং পাহারাদারের ভূমিকায় কে অভিনয় করেছিলেন, ঠিক এ মুহূর্তে মনে করতে পারছি না।’অজয় রায় স্মৃতি হাতড়ে বলতে থাকেন, ‘যেহেতু জেলের আইনে ভেতরে নাটক করা আইনসিদ্ধ নয়, তাই লকআপের পর অনেকটা গোপনে রাতে আমরা মহড়া করতাম। ২১ ফেব্রুয়ারি রাতে আমরা হারিকেনের হালকা আলোয় কবর নাটকটি মঞ্চস্থ করি। দর্শক ছিলেন রাজবন্দীসহ আরও কয়েকজন কয়েদি। মুনীর চৌধুরী অন্য ওয়ার্ডে থাকায় নাটকটি তিনি দেখতে পারেননি।’ভাষা আন্দোলনের ওপর একমাত্র সার্থক নাটক কবর প্রথম প্রকাশ্যে অভিনীত হয় ১৯৫৬ সালে। তবে কোথায় এবং কারা কবর মঞ্চস্থ করেছিলেন, সে সম্পর্কে সঠিক তথ্য না পাওয়া গেলেও নাট্যজন রামেন্দু মজুমদার জানান, ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) কার্জন হলে ‘কবর’ নাটকটি মঞ্চস্থ করে। আর দেশ স্বাধীন হওয়ার পর আরণ্যক প্রথম নাটকটি মঞ্চে আনে ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি। দলের প্রতিষ্ঠাতা, নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ ফিরে যান বাহাত্তরে।‘দেশ স্বাধীন হওয়ার পর কলকাতা থেকে ফিরে আসি। অল্পদিনের মধ্যেই আমরা আরণ্যক সংগঠিত করি। কিন্তু কোন নাটক দিয়ে মঞ্চে আরণ্যকের অভিষেক হবে, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। সৈয়দ ওয়ালীউল্লাহ, আসকার ইবনে শাইখের গল্প নিয়েও ভাবলাম। শেষ পর্যন্ত মুনীর চৌধুরীর কবর নাটকটিই উপযোগী মনে হলো। নাটকের ছয়টি চরিত্রের মধ্যে নেতা করেছিলেন আলী যাকের, ইন্সপেক্টর হাফিজ করেছিলেন সুভাষ দত্ত, গার্ড হয়েছিলেন নাজমুল হুসাইন, দুজন ছায়ামূর্তির চরিত্রে ছিলেন ইনামুল হক ও মুজিব দিন হক (বর্তমানে যুক্তরাষ্ট্র-প্রবাসী)। আর মুর্দা ফকিরের চরিত্রটি করেছিলাম আমি। নাটকটির নির্দেশনাও আমার দেওয়া।’প্রথম মঞ্চায়ন সম্পর্কে মামুনুর রশীদ বলতে থাকেন, ‘১ ফেব্রুয়ারি আরণ্যক প্রতিষ্ঠার পর থেকে আমরা দিন-রাত কবর নাটকের মহড়া করি। ২০ ফেব্রুয়ারি নাটকটি আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মঞ্চস্থ করি। বিশেষত্ব হলো, এই প্রথম কোনো রকম প্রম্পটার (স্মারক) ছাড়াই প্রত্যেকে মুখস্থ অভিনয় করেন। সেট তৈরি করা হয়েছিল, মুনীর চৌধুরী তাঁর লেখায় যেমন নির্দেশনা দিয়েছিলেন, ঠিক তেমন। কবরটা তৈরি করা হয়েছিল বাঁশের পাতা দিয়ে, একটা কাকতাড়ুয়া ছিল। মানে যতটা নিরাভরণ মঞ্চ করা যায়।’নেতা চরিত্রে অভিনয়কারী আলী যাকেরের সঙ্গে যোগাযোগ করলে স্মৃতি হাতড়ে ফেরেন তিনি। ‘এই নাটকের অভিজ্ঞতার কথা বলতে গেলে মুক্তিযুদ্ধের ইতিহাসে ফিরে যেতে হয়। মুক্তিযুদ্ধের সময় আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ইংরেজি বিভাগে অনুষ্ঠান প্রযোজক হিসেবে কাজ করতাম। ওই সময় যুদ্ধের ওপর প্রতিবেদন, রাজনৈতিক বিশ্লেষণ, অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো ইংরেজিতে অনুবাদ করে প্রচার করার দায়িত্ব ছিল আমার ওপর। বালীগঞ্জে একটা খাবারের হোটেল ছিল। সেখানে গিয়ে আমরা খেতাম। সেখানেই মামুনুর রশীদের সঙ্গে আমার দেখা হতো, কথা হতো। ’৭১-এর নভেম্বর মাস। মামুন একদিন বলল, দেশ তো স্বাধীন হয়ে যাচ্ছে বোধ হয়। দেশে ফিরে কী করবি? যেহেতু আমার নানাবাড়ি কলকাতায়, বেড়াতে গেলে কলকাতা গ্রুপ থিয়েটারের নাটক দেখা হতো। বহুরূপী, নান্দিকার দলের অনেক নাটক দেখেছি। উত্পল দত্তের পিএলটি দলের ফেরারী ফৌজ, অঙ্গার দেখে আন্দোলিত হয়েছি বারবার। আর ভেবেছি, এ রকম নাটক আমরা করতে পারি না? মামুনকে বললাম।’স্বাধীন হওয়ার পর দেশে ফিরে আসেন আলী যাকের। ‘১৯৭২ সালের জানুয়ারিতে মামুন আমার সঙ্গে যোগাযোগ করে। ও একটি নাটকের দল সংগঠিত করার কথা জানায়। আমরা আরণ্যক সংগঠিত করি। প্রথম মঞ্চায়নের জন্য কবর নাটকটি নির্বাচন করি।’কবর নির্বাচন করার কারণ?‘প্রথমত, এটি মুনীর চৌধুরীর লেখা ভালো একটি নাটক। তিনি শহীদ হয়েছেন। দ্বিতীয়ত, ভাষা আন্দোলনের ওপর এবং জেলখানায় বসে লেখা। তৃতীয়ত, নারী চরিত্রবিবর্জিত নাটক। (তখন রক্ষণশীল পরিবারের কোনো মেয়ে অভিনয় করতে আগ্রহ দেখাতেন না)।’স্মৃতিকাতর আলী যাকের। ‘আমি থাকতাম রাজারবাগ “ছায়ানীড়ে”। প্রতিদিন ওখানেই এ নাটকের মহড়া হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দর্শকের জন্য নাটকটির দুবার মঞ্চায়ন হয়—২০ ও ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায়।‘২১ ফেব্রুয়ারি সকালে বিটিভির ক্যামেরায় নাটকটি ধারণ করা হয়। ওই দিন রাতেই ধারণকৃত নাটকটি বিটিভি সম্প্রচার করে।’ কথা প্রসঙ্গে আলী যাকের বলেন, ‘“আরণ্যক” নামটি আবদুল্লাহ আল-মামুনের দেওয়া। ’৭২ সালে তিনি বিটিভিতে চাকরি করেন। ডিআইটিতে তখন বিটিভির স্টেশন। একদিন আমি আর মামুনুর রশীদ মামুন ভাইয়ের কাছে যাই। তাঁর কাছে দলের জন্য একটি নাম দিতে বলি। তিনি এক মিনিট ভেবেই বলেন, একটি দলের নাম আছে নাগরিক, তোমরা নাম দাও আরণ্যক। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি উপন্যাসের নামও আরণ্যক।’কবর নাটকে আপনি ইন্সপেক্টর হাফিজের চরিত্রে অভিনয় করেছিলেন—চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্তকে মনে করিয়ে দিতেই তিনি কয়েক সেকেন্ড নীরব থাকেন। তারপর বলেন, ‘হ্যাঁ। আমি অভিনয় করেছিলাম। কিন্তু সে তো অনেক আগের কথা। এ মুহূর্তে আর কিছুই মনে করতে পারছি না। এখন আমার বয়স হয়েছে ৮০ বছর। বুঝতেই পারছ, সবকিছু মনে করাটা আমার জন্য কষ্টকর।’এরপর টেলিফোনে কথা হয় অভিনেতা ইনামুল হকের সঙ্গে। কবর-এ তিনি হয়েছিলেন ছায়ামূর্তি। ‘আমি তখন নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য। ওই সময় পর্যন্ত গ্রুপ থিয়েটার ধারণাটি দানা বাঁধেনি। মামুন আমার পুরোনো বন্ধু। ও যখন বলল, আরণ্যকের ব্যানারে কবর নাটকটি হবে; সেখানে কাজ করতে হবে। আমি অতিথিশিল্পী হিসেবে তখন এই নাটকে ছায়ামূর্তির ভূমিকায় অভিনয় করি। আসলে মুক্তিযুদ্ধের পর আমাদের সবার মধ্যে আলাদা একটা উত্তেজনা, চেতনা কাজ করেছে।’‘মুক্তিযুদ্ধ থেকে ফিরে আসার পর আমি আরণ্যকে ঢুকে পড়ি। তখন আমি ছিলাম মামুনুর রশীদের ভাইয়ের শিষ্য।’—বলছিলেন নাজমুল হুসাইন। ‘কবর নাটকে আমি পাহারাদারের ভূমিকায় অভিনয় করি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, নাটকটি আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঞ্চস্থ করি দর্শনীর বিনিময়ে। পাশেই সোহরাওয়ার্দী উদ্যান। তার ওই পারে বাংলা একাডেমী। মনে পড়ে, একই দিনে বাংলা একাডেমীতেও ড. নীলিমা ইব্রাহিমের তত্ত্বাবধানে কবর নাটকের একটি প্রদর্শনী হয়, যেটি ছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। খবরটি জানার পর আমরা সবাই বেশ চিন্তিত হয়ে পড়ি। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে দেখি, দলে দলে লোক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের দিকে আসছে। কীভাবে যেন খবর হয়ে গেছে যে আমাদের নাটকটি বেশি ভালো হবে। কিছুক্ষণের মধ্যেই টিকিট শেষ। দর্শকের ভিড় সামলাতে না পেরে আমাদের প্রডাকশন ম্যানেজার রুস্তম পালিয়ে গেল। শেষ পর্যন্ত সব প্রবেশপথের দরজা আটকে আমরা নাটকটি মঞ্চস্থ করি।’১৯৭৪ সালের ২১ ফেব্রুয়ারিকবর নাটকটি দিয়ে মঞ্চে অভিষেক হয় থিয়েটারের (বেইলি রোড)। স্মৃতি হাতড়ে রামেন্দু মজুমদার বলেন, ‘থিয়েটার (বেইলি রোড) গঠন করি ১৯৭২ সালের ১৫ ফেব্রুয়ারি। যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন মুনীর চৌধুরী ছিলেন আমাদের নাট্যগুরু। তাই দল গঠন করার পর সিদ্ধান্ত নিই, আমরা তাঁর নাটক দিয়েই যাত্রা শুরু করব। তখন আমরা তাঁর “দণ্ডকারণ্য” নাটকটির মহড়া শুরু করি। কিন্তু সাংগঠনিক দুর্বলতার কারণে মহড়া বন্ধ হয়ে যায়। প্রায় দুই বছর বন্ধ থাকার পর ১৯৭৪ সালে আবার আমরা সংগঠিত হই। এবার কবর নাটকটি করার সিদ্ধান্ত নিই। কারণ, কবর হচ্ছে ভাষা আন্দোলনকে নিয়ে আদর্শ মঞ্চনাটক। থিয়েটারের এই প্রযোজনাটি নির্দেশনা দিই আমি।’কে কে অভিনয় করেছিলেন নাটকে?‘নেতা চরিত্রটি করেছিলেন আবদুল্লাহ আল-মামুন। ইন্সপেক্টর হাফিজ করেছিলেন মোহাম্মদ জাকারিয়া। মুর্দা ফকির করেছিলেন কেরামতমাওলা। অন্যান্য চরিত্র কে কে করেছেন ঠিক মনে নেই। কবর নাটকটি আমরা প্রথম মঞ্চস্থ করি ১৯৭৪ সালের ২১ ফেব্রুয়ারি রাতে বাংলা একাডেমীতে। এটি যেহেতু একটি নির্দিষ্ট সময়ের নাটক, তাই সাকল্যে পাঁচটি প্রদর্শনী করেছিলাম আমরা।’রামেন্দু মজুমদার একটি প্রশ্ন রাখেন, কবর ছাড়া ভাষা আন্দোলনকে নিয়ে আর সার্থক মঞ্চনাটক রচিত হলো না কেন?