স্মৃতিচারণায় মেহদি হাসান
উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহদি হাসান আর নেই। পাকিস্তানের করাচিতে গতকাল বুধবার দুপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশের সঙ্গে ছিল তাঁর গভীর সম্পর্ক। এ দেশে আছেন তাঁর খুব কাছের স্বজন, বন্ধু। তেমনই কয়েকজন স্মৃতিচারণা করলেন এই শিল্পীকে নিয়ে। রবিন ঘোষ, সুরকার ও সংগীত পরিচালকখবরটা শুনেই মন খুব খারাপ হয়ে গেল। আমরা ছিলাম খুব ভালো বন্ধু। গত শতকের ষাটের দশকের মাঝামাঝি আমি পাকিস্তানের লাহোরে যাই। তখন মেহদি হাসানের সঙ্গে প্রথমে ভালো সম্পর্ক, এরপর বন্ধুত্ব তৈরি হয়। বিভিন্ন চলচ্চিত্রে তিনি আমার সুর করা অসংখ্য গান গেয়েছেন। প্রায়ই সন্ধ্যার দিকে তিনি আমার বাসায় আসতেন। এরপর রাত ১২টা পর্যন্ত চলত আড্ডা, গান নিয়ে মহড়া আর খাওয়া-দাওয়া। ১৪-১৫ বছর আগে বাংলাদেশে চলে আসি। এরপর আর দেখা হয়নি। কিছুদিন আগে পাকিস্তানের করাচি গিয়েছিলাম। মেহদি হাসানের বাসায় যাই। অবাক হয়ে তাকিয়ে ছিলেন, চিনতে পারেননি। মনে হচ্ছিল, এই বুঝি একটা গান গেয়ে উঠবেন। আজ সবই স্মৃতি হয়ে গেছে।আলী হোসেন, সুরকার ও সংগীত পরিচালকআমি তো চলচ্চিত্রের মানুষ। তবে বেতারেও কাজ করতাম। মেহদি হাসান আমার সুরে গান চলচ্চিত্রে এবং পাকিস্তান বেতারে গেয়েছেন। চলচ্চিত্রের মধ্যে খুব উল্লেখযোগ্য ছিল দাগ, চৌধুরী বাড়ি, রাজা সাহেব। বেতারের গানের সংখ্যা ছিল অনেক। গান করতে গিয়েই গত শতকের ষাটের দশকে আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়। ঢাকায় যখন শেষ এসেছিলেন, তখন দেখা হয়েছিল। এরপর শুনেছি তিনি অসুস্থ। কিন্তু দেখা হলো না। চলে গেলেন। শবনম, অভিনেত্রী মেহদি হাসানের মতো আরেকজন শিল্পী আর পাওয়া যাবে না। ওনার গান মানে অন্য কিছু। গজল গানকে তিনি অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। লাহোরে আমার বাসায় ছিল তাঁর নিয়মিত যাতায়াত। আমার স্বামীর (রবিন ঘোষ) সঙ্গে বসতেন, দীর্ঘ সময় গান করতেন। আড্ডা হতো, মাঝে মাঝে আমিও সেই আড্ডায় অংশ নিয়েছি। একদিন ঢাকায় আমাদের এক পরিচিতজনের বাসায় তিনি গান করছিলেন। আমি ঢুকে দেখি তিনি গান করছেন। আমাকে দেখেই তিনি গান ছেড়ে দাঁড়িয়ে যান। সবাইকে বললেন, ‘আমার ভাবি এসেছেন।’ আমি না বসা পর্যন্ত তিনি দাঁড়িয়ে থাকলেন। এরপর আমার অনুমতি নিয়ে আবার গান শুরু করলেন। কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে তাঁর কোনো জুড়ি ছিল না। তাঁকে কোনো দিন ভুলতে পারব না। শাহনাজ রহমতউল্লাহ, শিল্পীসময়টা গত শতকের ষাটের দশকের মাঝামাঝি। আমি তখন সংগীত মহাবিদ্যালয়ের ছাত্রী। আমাদের অধ্যক্ষ বারীণ মজুমদার এক সংগীত সম্মেলনের আয়োজন করেন। উপমহাদেশের অনেক বড় মাপের শিল্পী এবং শিক্ষাগুরু এসেছিলেন এই সম্মেলনে। মেহদি হাসান সাহেবও ছিলেন তাঁদের মধ্যে। আমি ওনাকে একটা গান শুনিয়েছিলাম। কোনো একটা ছবিতে গানটি মেহদি হাসান আর নূরজাহান গেয়েছিলেন। আমার কণ্ঠে গানটি শুনে তিনি খুব খুশি হয়েছিলেন। আমাকে কাছে ডেকে নিয়ে গজল গান গাওয়ার কণ্ঠের কিছু কারুকাজ দেখিয়ে দিলেন। আমাকে দোয়া করলেন। সেই থেকে আমি তাঁর ছাত্রী হয়ে গেলাম। নিজেকে সব সময় ওনার শিষ্য মনে করেছি।